‘ফাঁসির মঞ্চ প্রস্তুত দেখেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর পাঁচ খুনির সঙ্গে তাঁদের স্বজনেরা শেষ দেখা করেছেন। আবেদন খারিজ হওয়ার পর পরই কারা কর্তৃপক্ষ খুনিদের স্বজনদের ফোন করে দেখা করতে আসতে বলেন। এ সময় তাঁরা ১০-১৫ জন মিলে দল বেঁধে দেখা করেন। এর আগে কখনো একসঙ্গে এতজনকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।খুনিদের সঙ্গে দেখা করার পর কারা ফটকে স্বজনেরা সাংবাদিকদের বলেন, তাঁরা ধারণা করছেন, যেকোনো মুহূর্তে ফাঁসি কার্যকর হতে পারে। এ কারণে কারা প্রশাসন থেকে জরুরি ভিত্তিতে দেখা করার জন্য বলা হয়েছে। কতজন দেখা করবেন তারও কোনো সীমাবদ্ধতা ছিল না।সূত্র জানায়, বেলা সাড়ে তিনটার দিকে বজলুল হুদার ১০ জন স্বজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। এই দলে বজলুল হুদার বোন মাহফুজা পাশাও ছিলেন। দেখা করার পর তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন। কারা ফটকে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, কারা প্রশাসন থেকে তাঁদের ফোন করে বজলুল হুদার সঙ্গে দ্রুত দেখা করতে বলা হয়। কয়জন দেখা করা যাবে জানতে চাইলে কারা কর্তৃপক্ষ বলে, ‘সবাইকে নিয়ে তাড়াতাড়ি আসেন।’ তিনি বলেন, ‘ধারণা করছি, দ্রুত ফাঁসি কার্যকর করা হবে। আমার ভাই ক্ষমার আবেদন করেনি কিন্তু আমার ভাইকে বিভ্রান্ত করে সই নেওয়া হয়েছে।’ আরেক বোন মাহমুদা ফেরদৌসী বলেন, ‘আমার ভাইকে স্বাভাবিক দেখেছি, তিনি সুস্থ আছেন। তিনি পরিবারের সদস্যদের বলেন, আমি অন্যায় করিনি, এ রায় আমি মেনে নিতে পারছি না।’বজলুল হুদার স্বজনদের পর কারাগারে ঢোকেন এ কে এম মহিউদ্দিনের (ল্যান্সার) স্বজনেরা। মহিউদ্দিনের মা নূরজাহান বেগম হুইল চেয়ারে করে কারাগারে আসেন। হোসনে আরা মহিউদ্দিনও স্বামীর সঙ্গে দেখা করতে কারাগারে যান। তাঁদের সঙ্গে আরও অনেকে ছিলেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাঁরা বেরিয়ে আসেন। নূরজাহান বেগম বলেন, ‘ছেলে বলেছে, তুমি চিন্তা কোরো না, আমি কোনো অন্যায় করিনি।’ সৈয়দ ফারুক রহমানের মা মাহমুদা রহমানসহ তাঁর চার আত্মীয় কারাগারে যান। মুহিউদ্দিন আহমেদের (আর্টিলারি) সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী শাহিদা আহমেদ, পুত্রবধূ ফাতেমাসহ পরিবারের সদস্যরা। রাত আটটা ৫৫ মিনিটে তাঁরা কারাগার থেকে বেরিয়ে আসেন। এ সময় মুহিউদ্দিনের স্ত্রী সাংবাদিকদের জানান, মুহিউদ্দিন অসুস্থ, তিনি প্যারালাইসিসে আক্রান্ত। তিনি ফাঁসির সেলের কাছে যাওয়ার সময় ফাঁসির মঞ্চ তৈরি আছে দেখতে পান। কারা কর্তৃপক্ষের কাছে তিনি জানতে চান, স্বামীর মৃতদেহ কীভাবে হস্তান্তর করা হবে। তাঁকে বলা হয়, সকালে তাঁদের ফোন করা হবে।সুলতান শাহারিয়ার রশিদ খানের স্বজনেরা রাত পৌনে নয়টায় কারাগারে প্রবেশ করেন। তাঁরা ফাঁসির সেলে গিয়ে দেখা করেন। তাঁর মেয়ে শেহনাজ রশিদ সাংবাদিকদের বলেন, ‘ফাঁসির মঞ্চ প্রস্তুত অবস্থায় আমরা দেখেছি। লাশ কীভাবে আমাদের কাছে হস্তান্তর করা হবে তা নিয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ জানুয়ারি মৃত্যু পরোয়ানা পাওয়ার দিন থেকে তারা দিন গণনা করছে। উল্লেখ্য, মৃত্যু পরোয়ানা জারির ২১ দিন পর থেকে ২৮ দিনের মধ্যে ফাঁসি কার্যকর করার নিয়ম রয়েছে। সে হিসাবে গতকাল ২৪তম দিন ছিল।রাত ১০টায় এ প্রতিবেদন লেখার সময় ঢাকার সিভিল সার্জন মুশফিকুর রহমানকে কারাগারের ভেতরে ঢুকতে দেখা যায়। এর কিছুক্ষণ আগে ভেতরে নেওয়া হয় দুই জল্লাদকে। তাঁদের কাশিমপুর কারাগার থেকে আনা হয়।