‘ফাইনাল খেলা’ হলো নির্বাচনের মাধ্যমে সরকারকে হটানো: ফখরুল
‘খালেদা জিয়ার ঘোষিত “ফাইনাল খেলা” হবে নির্বাচনের মাধ্যমে এই সরকারকে হটানোর খেলা। তবে সেই খেলার জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার। রেফারি, লাইনসম্যান সব আপনাদের (সরকার দলীয়) হলে আমরা সে খেলা খেলব না।’ আজ শুক্রবার বিকেলে বিএনপির মহানগর কার্যালয়ে ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া মহাসমাবেশে বলেছেন, এই সরকারকে আর সময় দেওয়া যাবে না। গতকালও তিনি বলেছেন, ‘আমরা ফাইনাল খেলা খেলতে চাই। সেই ফাইনাল খেলা হলো নির্বাচনের মাধ্যমে সরকারকে হটানো।’ তিনি বলেন, নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, বর্তমান সরকারের ওপর গণতন্ত্রের লেবাস থাকলেও ভেতরে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই দেশ রক্ষার জন্য এই ছদ্মবেশী বাকশালী সরকারকে হটাতে হবে। সরকার মানুষের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে মোনাফেকি করছে। একদিকে ইসলামকে রাষ্ট্রধর্ম রাখতে চায়। অন্যদিকে ধর্মনিরপেক্ষতাও রাখতে চায়। দাড়ি-টুপিওয়ালা অনেক অসহায় মানুষকে গ্রেপ্তার করে জঙ্গি বলে প্রচার চালানো হচ্ছে।জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, ওলামা দলের সাধারণ সম্পাদক নেসারুল হক প্রমুখ।