বাংলাদেশের প্রথম টেস্ট দলের কোচ ছিলেন তিনি। তারপর বিভিন্ন ভূমিকায় বিভিন্ন জাতীয় দলের সঙ্গে জড়িয়ে ছিলেন এবং আছেন। এবার এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে যাচ্ছেন সেই সারওয়ার ইমরান। গতকাল মিরপুর স্টেডিয়ামে বসে এশিয়ান গেমস ও নিজের অতীত-বর্তমান নিয়ে কথা বললেন এর আগেও তো গেমসে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে আপনার?সারওয়ার ইমরান: আছে। এবং মজার ব্যাপার হলো, দুবারই সোনা জিতেছে আমার দল। একবার ইন্দো-বাংলা গেমসে, আরেকবার এসএ গেমসে। গেমসে খেলা আর সাধারণ ক্রিকেট টুর্নামেন্টে খেলার মধ্যে পার্থক্যটা কী?ইমরান: গেমসে ফোকাসটা তো ক্রিকেটে তেমন থাকে না। অ্যাথলেটিকস বা অন্যান্য ইভেন্টে ফোকাস থাকে। আর নানা কারণে নিজেদেরও দলীয় সমন্বয়টা করা একটু কঠিন হয়ে ওঠে। এশিয়ান গেমসে তো কোনো রকম প্রস্তুতি ম্যাচ না খেলেই যাচ্ছেন...ইমরান: হ্যাঁ, তাই যেতে হচ্ছে। যদিও বিসিবি চেষ্টা করেছিল, আমরাও চেষ্টা করেছিলাম। কিন্তু জাতীয় দলের টানা অনুশীলন ও জাতীয় লিগের কারণে শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি। একসঙ্গে মাঝেমধ্যে একটু অনুশীলন করার সুযোগ পেয়েছি। এই প্রস্তুতির অভাব, অচেনা কন্ডিশন, অচেনা প্রতিপক্ষ; এর মধ্যে কী আশা নিয়ে যাচ্ছেন?ইমরান: দেখুন, সর্বোচ্চ আশা অবশ্যই সোনা জিতে আসা। তবে আমরা আপাতত ফাইনালের লক্ষ্য নিয়েই যাচ্ছি। সেটাও সহজ হবে না। সেমিফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে খেলা হতে পারে। আপনার নিজের প্রসঙ্গে একটু বলুন। প্রথম টেস্টের কথা নিশ্চয়ই খুব মনে পড়ে?ইমরান: সব সময় মনে পড়ে। এই যে ১০ বছর হয়ে গেল, উদ্যাপন হচ্ছে, দেখে মনটা ভরে যায়। এখনো ভাবলে অবাক লাগে, আমি বাংলাদেশের প্রথম টেস্টের কোচ ছিলাম। খবরটা পেয়ে কেমন লেগেছিল?ইমরান: আমি এর আগে এশিয়া কাপে ও কেনিয়ায় আইসিসি নকআউট চ্যাম্পিয়নশিপে দায়িত্বে ছিলাম। এরপর দক্ষিণ আফ্রিকা সফরেও কোচ ছিলাম। নভেম্বরের শুরু পর্যন্ত জানতাম না যে টেস্টে দায়িত্বে থাকব কিনা। হঠাৎ জানতে পারলাম। বলে বোঝাতে পারব না, সেই অনুভূতি। ম্যাচটার কথা বলুন।ইমরান: ছেলেরা প্রথম দুই-আড়াই দিন অসাধারণ খেলেছিল। আমার কল্পনার চেয়েও ভালো খেলেছিল। পরে আসলে ওদের অবচেতন মন থেকে দ্বিতীয় ইনিংসের কথাটা হারিয়ে গিয়েছিল। অভ্যাস ছিল না তো। এই ১০ বছরে বাংলাদেশের ক্রিকেট কত দূর এগিয়েছে?ইমরান: ওয়ানডেতে দারুণ উন্নতি হয়েছে। টেস্টে হয়তো আশানুরূপ হয়নি। দেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামো ভালো হলে আরও উন্নতি হবে। তাহলে আপনি মানছেন, ঘরোয়া ক্রিকেটের কাঠামো ভালো না?ইমরান: অন্যান্য টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে তুলনা করলে তো এটা মানতেই হবে। তবে আমাদের উন্নতি হচ্ছে। ১০ বছরে ক্রিকেটে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আপনি কি নিজের ব্যাপারে যা কল্পনা করেছিলেন, তা হয়েছে?ইমরান: না। একজন কোচেরও তো অবস্থানের উন্নতি হওয়ার কথা। নানা কারণে তা হয়নি। এ নিয়ে অবশ্য আমার আফসোস নেই। আপনাদের রেখে জাতীয় দলের জন্য বিদেশি কোচ আনায় কষ্ট লাগে না?ইমরান: না। যদিও ওনারা আর আমরা একই ধরনের কোর্স করেছি, কিন্তু ওনাদের নিয়োগের ক্ষেত্রে পুরোনো রেকর্ড, খেলোয়াড় হিসেবে দক্ষতা এগুলোও বিবেচনা করা হয়েছে। আমি ভালো কোচ নিয়োগের পক্ষে। বিদেশি হলে সমস্যা কী? নিজে তাহলে জাতীয় দলের স্বপ্ন দেখেন না আর?ইমরান: অবশ্যই দেখি। আমি নিজের যোগ্যতা দিয়ে ওখানে পৌঁছাতে চাই।