‘ফার্স্ট লেডি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের প্রথম ম্যাচের পর কী গঞ্জনাই না সইতে হয়েছিল অধিনায়ক ইকার ক্যাসিয়াসের প্রেমিকা সারা কারবোনেরোকে! স্পেন সমর্থকেরা তো তাঁকে অলক্ষ্মী বলেই গালাগাল দিয়ে বসল। লাস্যময়ী এই তরুণী সাংবাদিকের কারণেই নাকি মনঃসংযোগ নড়ে গিয়েছিল ক্যাসিয়াসের। ফলাফল, সুইজারল্যান্ডের বিপক্ষে বাজে একটি গোল খেয়ে পরাজয়। স্পেনের টেলিসিনকো টিভি চ্যানেলের সাংবাদিক সারা নাকি একটু বাড়াবাড়িই করেছিলেন বিশ্বকাপ কাভার করতে এসে। ম্যাচ চলাকালে গোলপোস্টের পেছনেই যদি প্রণয়িনীকে দেখা যায়, গোলরক্ষক ম্যাচে পুরো মনোযোগ দেবেন কী করে! তাই স্পেন থেকে এমন দাবিও উঠেছিল, টেলিসিনকো যেন সারাকে বিশ্বকাপ থেকে দেশে ফিরিয়ে আনে। কিন্তু সারা শেষতক বহাল তবিয়তেই সেখানে ছিলেন। উল্টো হয়ে গেলেন বড় তারকা। ফাইনালের পরও বিশ্বজুড়ে খবর। লাইভ সাক্ষাৎকার নিচ্ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়কের, যেখানে ক্যাসিয়াস সারার পেশাদারির আবরণ ছিঁড়ে ফেললেন তাঁর মুখে ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে।