নতুন মৌসুম শুরু হলে অনেক বিদেশি ফুটবলার আসেন বাংলাদেশে খেলতে। বেশির ভাগই আফ্রিকান, লাতিন আমেরিকান দেশগুলোর খেলোয়াড় খুবই কম। এবার যেমন আর্জেন্টিনা থেকে এসেছেন মাত্র একজন—হুলিও জুনকো। ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার বলতে গেলে ইংরেজি জানেনই না। স্প্যানিশভাষী জুনকো কাল বুয়েট মাঠে শেখ রাসেলের অনুশীলন শেষে দোভাষীর সাহায্য নিয়ে জানালেন বাংলাদেশে খেলার আগ্রহের কথা আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে?হুলিও জুনকো: হ্যাঁ। আজ (কাল) একটু বেশি মাত্রায় অনুশীলন হয়েছে। তবে এমন অনুশীলনে আমার অভ্যাস আছে। প্রথমবারের মতো বাংলাদেশে এসে কেমন লাগছে?হুলিও: খুবই ভালো লাগছে। এখানকার আবহাওয়া চমৎকার। আমার ক্লাব-সতীর্থরা ও কর্মকর্তারা খুব ভালো। এরা বন্ধুবৎসল ও অতিথিপরায়ণ। ওদের সঙ্গে আমার বোঝাপড়া ভালো হচ্ছে। এই কদিনে বেশ কয়েকজন বন্ধুও পেয়ে গেছি। ভাষাগত সমস্যা হচ্ছে না?হুলিও: সমস্যা তো একটু হচ্ছেই। (পাশে দাঁড়ানো মরোক্কান ফুটবলার তারেককে দেখিয়ে) ও আমাকে অনেক সাহায্য করে। আমার কথাগুলো প্রথমে হাইতির খেলোয়াড় সনিকে বলি। ও স্প্যানিশ এবং ফ্রেঞ্চ—দুই ভাষায় কথা বলতে পারে। এরপর মরোক্কান তারেককে সেটা বুঝিয়ে দেয় সনি। তারেক আবার ইংরেজি ও স্প্যানিশ—দুটিই জানে। সে কোচকে (মারুফুল হক) বলে। কোচের সঙ্গে সব কথা এভাবেই হচ্ছে। শেখ রাসেল ক্লাবের সঙ্গে যোগাযোগটা কীভাবে হলো?হুলিও: আমার এক বন্ধু ফুটবলের এজেন্ট। সে-ই আমাকে প্রথম বাংলাদেশে খেলার ব্যাপারে প্রস্তাব দেয়। এরপর আমি সম্মতি জানাতেই শেখ রাসেল ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ওই বন্ধু। এরপরই আমার ঢাকায় আসা। বাংলাদেশে খেলার চ্যালেঞ্জটা কীভাবে নিচ্ছেন?হুলিও: আমি পেশাদার ফুটবলার। চ্যালেঞ্জটা তাই ভালোভাবেই নিচ্ছি। অনুশীলনে যথেষ্ট পরিশ্রম করছি। আমি আশাবাদী, এই ক্লাবে খেলার সুযোগ পাব। বাংলাদেশের জাতীয় দলের একসময়ের কোচ ছিলেন আর্জেন্টিনার ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি। তাঁর ব্যাপারে কিছু জানেন?হুলিও: না। তাঁর সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এর আগে কোথায় ফুটবল খেলেছেন?হুলিও: আমি আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের দল আলমাগ্রোতে খেলেছি। এটি বুয়েনস এইরেসের একটি ক্লাব। অবশ্য ২০০০ ও ২০০৪ সালে প্রথম বিভাগে উঠেছিল দলটি। পরিবারের আর কেউ কি ফুটবলার ছিলেন?হুলিও: না। আমার পরিবারে শুধু আমিই ফুটবল খেলি। বাংলাদেশের ফুটবল সম্পর্কে কি আগে কোনো ধারণা ছিল আপনার?হুলিও: এখানে আসার আগে অল্পবিস্তর ধারণা নিয়ে এসেছি দেশটা সম্পর্কে। জেনেছি, এখানকার মানুষ ফুটবলপ্রিয়। তবে এখানে এসে শুনলাম ক্রিকেটই নাকি বেশি জনপ্রিয়। কিন্তু ফুটবল বিশ্বকাপের সময় সারা দেশ আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকায় ছেয়ে যায়। সেটা জানেন?হুলিও: (হাসি) তাই নাকি! দারুণ তো। আমার সেটা জানা ছিল না। এটা হলে তো খুবই ভালো। বাংলাদেশি খাবারদাবার কেমন লাগছে?হুলিও: একটু-আধটু চেষ্টা করেছি এই দেশীয় খাবার খেতে। কিন্তু বেশ ঝাল লাগে। তাই ফাস্ট ফুড দিয়েই চালিয়ে দিচ্ছি, সঙ্গে থাকছে ফল-ফলাদি।