‘ফিট হলে চাপ নেওয়া যায়’
ট্রেনারের খাতায় সবচেয়ে ফিট খেলোয়াড় হলেও এই ফিটনেস দিয়ে যে সব দুর্বলতাই কাটিয়ে ওঠা যায় না, সেটা বুঝতে পারছেন জুনায়েদ সিদ্দিক। তবে এই ফিটনেস তাঁকে সাহায্যও করছে অনেকভাবে কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগে ট্রেনার গ্রান্ট লুডেন বলেছিলেন বাংলাদেশ দলে আপনিই সবচেয়ে ফিট খেলোয়াড়। স্বীকৃতিটাকে কীভাবে দেখেন?জুনায়েদ সিদ্দিক: ট্রেনার যা-ই করতে বলেন, আমি সেটাই শতভাগ করার চেষ্টা করি। কোনো ছাড় দিই না। জিম, রানিং যা-ই হোক না কেন, সেটা শতভাগ করি। আমি জানি না, ট্রেনার কেন আমাকে সবচেয়ে ফিট বলেছেন, হয়তো এই কাজগুলো সবচেয়ে ভালো আমিই করেছি। আপনার কী মনে হয়, কেন আপনি অন্যদের চেয়ে বেশি ফিট?জুনায়েদ: কষ্ট করার মানসিকতাটা আমার একটা বড় সুবিধা। সিলেট সেনানিবাসে কমান্ডো ট্রেনিং করার পর থেকে আমার কঠোর পরিশ্রম করার মানসিকতা তৈরি হয়েছে। ওখানে অনেক কষ্ট করেছি। এখন তাই মাঠে গেলে সবই সহজ মনে হয়। আসলে সবকিছুই মনের ব্যাপার। আমি যদি ঠিক করি যে, আজ জিম সেশনটা বা রানিং সেশনটা ভালোভাবে করব, সেটা সম্ভব। ফিল্ডিংয়ের সঙ্গে ফিটনেসের সম্পর্ক আছে। অথচ সবচেয়ে ফিট হলেও আপনার ফিল্ডিং-সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে। এ ব্যাপারে কী বলবেন?জুনায়েদ: আগের চেয়ে ফিল্ডিংয়েও অনেক উন্নতি করেছি। কিছু সমস্যা হয়তো ছিল, এখনো থাকতে পারে...হয়তো আমার পায়ের কো-অর্ডিনেশন ভালো না বা অন্য কিছু। ক্ষিপ্রতাটা প্রাকৃতিকভাবে আসে। কারও ফিটনেস লেভেল ভালো হলেও ক্ষিপ্রতা বা রিফ্লেক্স কম হতেই পারে। তবে আমি চেষ্টা করছি। বেশির ভাগ সময় আমি সার্কেলের ভেতরেই ফিল্ডিং করি এবং সামর্থ্যের মধ্যে যতটুকু করা যায়, তার সবই করি। সার্কেলের মধ্যেই থাকেন বললেন...দূরের পজিশনগুলোতে কেন ফিল্ডিং করেন না?জুনায়েদ: আমার কাঁধে বেশি জোর নেই। অন্যদের তুলনায় আমার থ্রো হয়তো অতটা ভালো নয়। এ রকম হতেই পারে। তবে সার্কেলের মধ্যে আমি ভালো ফিল্ডিং করি। আমার হাত থেকে বল কম ছোটে। সবচেয়ে ফিট খেলোয়াড় হিসেবে তাহলে অন্যদের তুলনায় কোন দিক দিয়ে এগিয়ে আপনি?জুনায়েদ: ফিটনেস ভালো হলে ধৈর্য বাড়ে, খেলায় মনোযোগ বাড়ে। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের সফরে ৩৫-৪০ করে আউট হয়ে যাওয়ার পর আমি অনুশীলনে অনেক বেশি পরিশ্রম করেছি। সেটার প্রতিদানও পেয়েছি। ফিট না হলে তো বাড়তি চাপটা নিতে পারতাম না। ভালো ফিটনেস বড় ইনিংস খেলার ক্ষেত্রেও অনেক সাহায্য করে। ইদানীং ক্রিকেটে ব্যাটিং-বোলিং প্র্যাকটিসের চেয়েও অনেক সময় ফিটনেস ট্রেনিং বেশি হয়। এটা কতটা জরুরি?জুনায়েদ: অবশ্যই জরুরি। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বেশি মানসিক চাপ নিতে হয় এবং সেটার প্রভাব শরীরের ওপরও পড়ে। শুরুর দিকে পুরো দিন স্লিপে দাঁড়াতে আমার সমস্যা হতো, জিম-টিম করার পর এখন আর সেটা হয় না। শারীরিকভাবে শক্ত থাকলে তা আপনাকে মানসিকভাবেও শক্ত রাখবে। লম্বা সময় ধরে যখন দলের বাইরে থাকেন, ফিটনেসের জন্য নিজ থেকে কিছু করেন?জুনায়েদ: রানিং করি, সুযোগ হলে জিম করি। তবে আবারও বলি, কমান্ডো ট্রেনিংয়ের পর আমার কাছে খাটুনিটাকে আর খাটুনি মনে হয় না। আবার যখন পাঁচ-ছয় দিন বসে থাকি, সেটাকেও সমস্যা মনে হয় না। আমি জানি, ট্রেনিংয়ে বাড়তি কষ্ট করে এই সময়ের জড়তা কাটিয়ে ফেলব। কী করলে ফিটনেস ফিরবে, সেটা এখন বুঝতে পারি।