‘ফিফা খুব খুশি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় কাল শেষ হয়েছে মহিলা এশিয়ান কাপ ফুটবলের ‘বি’ গ্রুপের বাছাইপর্বের খেলা। র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা বাংলাদেশ হেরেছে তিনটি ম্যাচেই। তার পরও এত বড় টুর্নামেন্ট থেকে অনেক প্রাপ্তি খুঁজলেন বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার (কিরণ) মহিলা এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের আয়োজনকে কীভাবে দেখছেন?মাহফুজা আক্তার (কিরণ): এটা অবশ্যই একটা সফল আয়োজন। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের জন্য এটা বিশাল মাইলফলক। প্রথমত, স্বাগতিক বাংলাদেশ এতে অংশ নিয়েছে। এশিয়ার বড় পর্যায়ের কোনো টুর্নামেন্টে আমাদের মেয়েরা খেলছে। এখানে খেলে মেয়েদের অভিজ্ঞতা ও সাহস বেড়েছে।  ফিফা থেকে মেয়েদের ফুটবলের জন্য কেমন অনুদান পাচ্ছেন?মাহফুজা: ফিফা বাংলাদেশের মেয়েদের উন্নয়নপ্রক্রিয়ায় খুব খুশি। কারণ, আমরা বয়সভিত্তিক খেলা থেকে শুরু করে প্রতি মৌসুমেই লিগ আয়োজন করছি। গত বছর এবং এই বছর বেশ কয়েকবার ফিফার প্রতিনিধিরা এখানে এসে দেখেছেন আমরা কী করছি। বাংলাদেশ প্রথম ফিফা টুর্নামেন্ট করার জন্য ৩৩ হাজার ডলার পেয়েছে এবং জাতীয় লিগের জন্য এ বছর ফিফা দেবে আরও ৩০ হাজার ডলার।  এশিয়ান কাপ ফুটবল থেকে বাংলাদেশের প্রাপ্তি কী?মাহফুজা: এই টুর্নামেন্টে আমাদের বড় প্রাপ্তি হলো অভিজ্ঞতা অর্জন। মেয়েরা এর আগে এত বড় টুর্নামেন্ট খেলেনি, যদিও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে খেলেছে। এখানে খেলছে থাইল্যান্ড। ওরা এশিয়া কাপের সাবেক চ্যাম্পিয়ন। গতিময় ফুটবল খেলে ওরা। আমাদের মেয়েরা বুঝতে পারছে, বাকিরা কোথায় আর আমরা কোথায়? ওদের টেকনিক, ট্যাকটিকস কী হবে, কীভাবে মুভ করবে, সেগুলো বুঝতে পেরেছে। এটাই আমাদের বিশাল পাওয়া। আমরা যদি দু-তিনটি করেও এ রকম টুর্নামেন্টে অংশ নিতে পারি তাহলে অনেক উন্নতি করব।  এখানে অন্য যে তিনটি দল এসেছে, তারা সারা বছর ট্রেনিংয়ে থাকে। কিন্তু বাংলাদেশ মাত্র এক-দেড় মাসের প্রস্তুতি নিয়ে এমন টুর্নামেন্টে খেলছে...মাহফুজা: আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, যে কারণে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও পারি না। আর্থিক সীমাবদ্ধতাই এর বড় কারণ। এই টুর্নামেন্টের পর আপনাদের পরিকল্পনা কী?মাহফুজা: আমাদের পরের টুর্নামেন্ট সাফ। এটা হতে পারে আগামী বছরের মাঝামাঝি সময়। সাফ গেমস সামনে রেখেই এগোব আমরা। সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন তোমাদের পুরো পরিকল্পনা দাও, আমি যেভাবেই হোক টাকা জোগাড় করে দেব। তোমরা সাফের জন্য অন্তত আট মাস আগে ট্রেনিং শুরু করবে। সাফে তোমাদের সেরা রেজাল্ট করতে হবে। সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোব। আমাদের পরিকল্পনা আগামী পাঁচ বছরের মধ্যে এশিয়ায় কোয়ালিফাই করা। বাংলাদেশে কোনো মহিলা কোচ নেই। এ ব্যাপারে কি কিছু ভেবেছেন? মাহফুজা: আমাদের দেশে মহিলা কোচ নেই। ফিফা-এফসি থেকে প্রচণ্ড চাপ আছে এ ব্যাপারে। আমরা জাপান ও জার্মানির কোচ খুঁজছি। তবে এ ক্ষেত্রে আমাদের প্রধান সমস্যা টাকা। একজন বিদেশি কোচের জন্য অনেক টাকা দরকার। এ জন্য স্পনসর জোগাড়েরও চেষ্টা করছি। বাংলাদেশে মেয়েদের ফুটবল কতটা এগিয়েছে?মাহফুজা: আমি বলব অনেক এগিয়েছে। ফিফাও এটা বলছে। এই যে লিগে মেয়েরা টাকাপয়সা পাচ্ছে। করপোরেট ও ক্লাব লিগ হচ্ছে। মেয়েরা চাকরি পাচ্ছে। আর্থিক নিরাপত্তা পাচ্ছে, এর মানেই তো মেয়েদের ফুটবল এগোচ্ছে।  ঢাকায় এমন টুর্নামেন্ট করার কি আরও ইচ্ছা আছে?মাহফুজা: আমার ইচ্ছা আছে। আজ যদি আমাদের দেশ কোয়ালিফাই করত, তাহলে আমরা চূড়ান্ত পর্বের আয়োজক হওয়ার চেষ্টা করতাম। কোয়ালিফাই না করলে ভেন্যু চাইতেই পারব না। তার পরও আমি এএফসিতে আছি, সর্বোচ্চ চেষ্টা করব অন্য কোনো টুর্নামেন্টের আয়োজক হতে।