‘ফিল্ডিং দিয়েও ম্যাচ জিততে পারি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রত্যাশিত সিরিজ হারের স্বাদ তিনি ভালোই জানেন। ২০১০ সালে বাংলাদেশে ধবলধোলাই হওয়া নিউজিল্যান্ড দলের বোলিং কোচ ছিলেন। এবার তিনি অন্য প্রান্তে, হাতছানি অভাবনীয়ভাবে সিরিজ জয়ের। গত ম্যাচে সুযোগটা হাতছাড়া হয়েছে। তবে বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ শেন জার্গেনসেন আত্মবিশ্বাসী, সিরিজটা বাংলাদেশই জিতবে তৃতীয় ম্যাচে হেরে যাওয়ার পর দলের আবহ এখন কেমন?শেন জার্গেনসেন: খুবই ইতিবাচক। দুটি ম্যাচ এখনো বাকি আছে, সবকিছু স্রেফ ঠিকভাবে করতে হবে। কাল (পরশু) হারলেও দলের লড়াকু মনোভাব আমার দারুণ ভালো লেগেছে। যা হয়েছে, এর চেয়েও খারাপ কিছু হতে পারত। ছোট ছোট কয়েকটি জুটি আমাদের ২২৭ পর্যন্ত নিয়ে গেছে। আরও কিছু রান করতে পারলে ভালো হতো। আর আরেকটু ভালো বোলিং। আমাদের পরিকল্পনার বাস্তবায়ন আরেকটু ভালো হতে হবে, খুলনায় যেমন হয়েছে। দুশ্চিন্তার জায়গাগুলো কী কী?জার্গেনসেন: শট নির্বাচন আরেকটু ভালো হওয়া প্রয়োজন, যেভাবে আমরা খেলেছি, তার চেয়ে ভিন্নভাবে ভাবতে ও খেলতে হবে। আমার ধারণা, ছেলেরা এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে কাল (আজ) ভালো করবে। আর আগে ব্যাটিং করি আর বোলিং, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। অবশ্যই ইতিবাচক থাকতে হবে। হারার আগে না হারার যে মনোভাব গত ম্যাচে দেখিয়েছি, সেটাকে পরের ম্যাচেও বয়ে নিতে হবে। লড়াইটা এখন শুধু ব্যাট-বলের নয়, মানসিকতারও। এই চাপকে জয় করার মতো মানসিক শক্তি কি বাংলাদেশ দলের আছে?জার্গেনসেন: আমার তো মনে হয়, প্রথম দুই ম্যাচেই বরং মানসিক লড়াইটা বেশি ছিল। কারণ, টেস্ট সিরিজটা আমাদের খুব একটা ভালো যায়নি। প্রথম দুই ম্যাচে ছেলেদের ওভাবে ঘুরে দাঁড়াতে দেখাটা ছিল দারুণ। ওই ইতিবাচক দিকগুলোকেই আমাদের কাজে লাগাতে হবে। গত রাতেও (পরশু) আমরা খুব কাছে চলে গিয়েছিলাম। কিন্তু আগের দুই ম্যাচের মতো ম্যাচের গুরুত্বপূর্ণ সময়টাকে আমাদের পক্ষে নিতে পারিনি। পার্থক্য গড়ে দেওয়া ওই মুহূর্তগুলো আমাদের পক্ষে আনতে হবে, ব্যাপারটাকে আমি স্রেফ এভাবেই দেখছি। রাতে যেভাবে শিশির পড়ে, টস জয় কতটা গুরুত্বপূর্ণ?জার্গেনসেন: সবাই এটা নিয়ে কথা বলছে। কিন্তু আমার মনে হয় না, গত রাতে (পরশু) টস খুব বেশি পার্থক্য গড়ে দিয়েছে। আমাদের স্পিনারদের খুব বেশি সমস্যা হয়নি। টস নিয়ে ভাবলে চলবে না, ব্যাটিং-বোলিং ভালো করতে হবে। কাল (পরশু) ম্যাচ জয় থেকে খুব বেশি দূরে ছিলাম না আমরা। যদি আর ২০-২৫ রান বেশি করতে পারতাম কিংবা ওদের কিছু ক্যাচ যদি আমাদের নাগালে থাকত বা আমাদের হাতে জমত, তাহলে কী হতো কে জানে!  এই সমস্যাটা তো বাংলাদেশের পুরোনো, বিশেষ করে স্লিপ ক্যাচিং। এর সমাধান কী?জার্গেনসেন: কাল (পরশু) যে দুটি ক্যাচ পড়েছে, দুটিই খুব কঠিন ক্যাচ। গত রাতে কয়েকটি সুযোগ হাতছাড়া হয়েছে, কিন্তু আমরা কাজ করছি। ফিল্ডিংটাকে আমরা যেভাবে দেখি, তা হলো ফিল্ডিং দিয়েও আমরা ম্যাচ জিততে পারি।  নতুন ছেলেদের কেমন দেখলেন?জার্গেনসেন: আমি দারুণ মুগ্ধ। বিজয় (এনামুল হক) দারুণ খেলছে। আশা করি এভাবেই চালিয়ে যাবে। ও খুব ভালো ফিল্ডার, ড্রেসিংরুমও বেশ মাতিয়ে রাখে। নতুনেরা সবাই আসলে ভালো করছে। রাজু (আবুল হাসান) কী করেছে, সবাই দেখেছে। গাজী (সোহাগ) তো অসাধারণ। ওরা দলে এসেছেই অনেক আত্মবিশ্বাস নিয়ে এবং সেটার প্রতিফলন পড়েছে পারফরম্যান্সে। গাজী জাতীয় লিগে দারুণ করছিল। বিজয় অনূর্ধ্ব-১৯, জাতীয় লিগে রান করেছে। ওই আত্মবিশ্বাসটাকেই ওরা জাতীয় দলে কাজে লাগিয়েছে। জয়ের পর এবং হারের পর, বাংলাদেশের ড্রেসিংরুমের দুই চেহারাই আপনি দেখেছেন। পার্থক্যটা কেমন?জার্গেনসেন: এই দলে পরিবর্তন যা হয়েছে, সেটা হলো ‘বিশ্বাস’। এশিয়া কাপে আমরা ভালো করেছি, আয়ারল্যান্ডে টি-টোয়েন্টিতে ওদের ধবলধোলাই করেছি। জয় একটা অভ্যাসের মতো। এই দলের সেই অভ্যাস গড়ে উঠছে। এই দলটা জানে যখন দল জেতে, তখন কোন ব্যাপারগুলো আমরা ভালো করি আর যখন হারে, তখন কোন কোন জিনিস ঠিকভাবে হয়নি। এই ছেলেরা বিশ্বাস করে এবং আমিও বিশ্বাস করি, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ওরা প্রতিবারই জিতবে।