‘ফুটবল এখন আমার কাছে অতীত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লম্বা থ্রো করার জন্য বিখ্যাত ছিলেন। খেলতেন মোহামেডানে। খেলা ছেড়ে কোচও হয়েছিলেন মোহামেডানের। জাতীয় দলের সাবেক সেই ডিফেন্ডার আবুল হোসেনের কাছে ফুটবল এখন স্মৃতি। যুক্তরাষ্ট্রে গেড়েছেন স্থায়ী নিবাস। আট বছর পর কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই মোহামেডানেরই ম্যাচ দেখার পর ফিরে গেলেন অতীতে কবে দেশে এলেন? বঙ্গবন্ধু স্টেডিয়ামে কত দিন পর আসা হলো?আবুল হোসেন: কদিন আগে দেশে এলাম। ২০০৪ সালে আমেরিকায় যাওয়ার পর মাঝে বার দুয়েক দেশে এসেছি। তবে আট বছর পর আজই প্রথম এলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে। অনেক দিন পর আসায় ভালো লাগছে। আমার পুরোনো দলের খেলা দেখছি। কোনো পার্থক্য কি চোখে পড়ছে?আবুল: অনেক পার্থক্য। এখন আগের মতো ভালো খেলোয়াড়ের সংখ্যা কম। মোহামেডানের এই দলের রজনী, মতিউর মুন্না, আলফাজরা আমার কোচিংয়ে খেলেছে। মোহামেডানকে নিটল টাটা দ্বিতীয় জাতীয় লিগটা জেতাই ওদের নিয়েই। এটা সেই ২০০১ সালের কথা। বিদেশে বসে দেশের ফুটবলের খোঁজখবর পান?আবুল: হ্যাঁ, পাই। টিভি খুললেই সব খবর হাতের নাগালে। বাংলাদেশি চ্যানেলগুলো দেখা যায়। ঢাকার ফুটবল ম্যাচ টিভিতে দেখানো হলে দেখি। দেশের বাইরে আছি, তখন বোঝাই যায় না। তবে খারাপ লাগে ফাঁকা গ্যালারি দেখলে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের আরও কয়েকজন সাবেক ফুটবলার স্থায়ীভাবে থাকেন। তাঁদের সঙ্গে যোগাযোগ হয়?আবুল: গাফফার, কোহিনুর, সান্টু ভাই, মুকুল, সিজার থাকে ওখানে। আমি, গাফফার, সিজার থাকি ফ্লোরিডায়। গাফফার আর আমার বাসা কয়েক গজ দূরে। কোহিনুর থাকে লস অ্যাঞ্জেলেসে। সবার সঙ্গেই যোগাযোগ হয়।  জানেন নিশ্চয়ই সিজারের ছেলে জিমন্যাস্ট সাইক সিজার এবার অলিম্পিকে খেলবেন বাংলাদেশের পতাকা নিয়ে? আবুল: হ্যাঁ, জানি। ও তো ওখানে অনুশীলন করে। আমি দেখেছিও। ওর বাবা সিজার একসময় ব্রাদার্সে খেলত। আপনি লম্বা থ্রোয়ার ছিলেন। উইংব্যাক হিসেবে সুনাম ছিল। সেসব মনে পড়ে?আবুল: সব সময় মনে পড়ে। লম্বা থ্রোয়ার হিসেবে আমার পরে এসেছিল আলমগীর। আগাখান গোল্ডকাপে ইরাকের এক খেলোয়াড় লম্বা থ্রো করত। তাকে দেখেই আমার ইচ্ছাটা জাগে। এটা আশির দশকের শুরুর দিকে। এর আগে আবাহনীর রাইটব্যাক বাদশা ভাইও লম্বা থ্রো করতেন।  আপনি যুক্তরাষ্ট্রে চলে গেলেন কেন?আবুল: আমার শ্বশুরের দিকে সবাই আমেরিকায় থাকে। স্ত্রীর যাওয়ার সুবাদেই আমার আমেরিকায় যাওয়া। আট বছর ধরে দুই মেয়ে, এক ছেলে নিয়ে সেখানে থাকি। কোচিং কতটা মিস করেন?আবুল: অনেক মিস করছি। ঢাকার ম্যাচও দেখতে পারছি না। কিন্তু কিছু করার নেই। চলে যখন গিয়েছি, পেছনে ফেরা যাবে না। ফুটবল এখন আমার কাছে অতীত। আপনার ছেলে ফুটবল খেলে?আবুল: ছেলে স্কুল টিমে বাস্কেটবল খেলে। বেশ লম্বা তো তাই সুবিধা হয়েছে (ছেলে তখন পাশেই দাঁড়িয়ে)। আমেরিকায় বাস্কেটবল খুব জনপ্রিয়। ছোট মেয়ে স্কুল টিমে ফুটবল খেলে।  ফুটবল নিয়ে কিছু করার ইচ্ছাও বোধ হয় আপনার আর নেই?আবুল: না, আর কোনো ইচ্ছা নেই। ১৯৭৫ সালে ঢাকার ফুটবলে শুরু। ’৯৩ সালে অবসর নিই। ’৯৫ সালে মোহামেডানে সহকারী কোচ হিসেবে শুরু। ২০০০-০৪ পর্যন্ত ছিলাম মূল কোচ। সেই অধ্যায় শেষ। ফুটবল মাঠে আর ফেরার কোনো সুযোগ নেই। সবই এখন অতীত।