ফেডারেশন কাপের গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে মোহামেডান। পরশু কোয়ার্টার ফাইনালে দৌড় শেষ আবাহনীর। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর একচ্ছত্র আধিপত্য খর্ব, এটা ঘরোয়া ফুটবলের জন্য কতটা ক্ষতিকর বা লাভজনক? এসব নিয়েই বললেন আবাহনী-মোহামেডানের সোনালি সময়ের অন্যতম তারকা শেখ মোহাম্মদ আসলাম ফেডারেশন কাপের সেমিতে এই প্রথম আবাহনী-মোহামেডান নেই। এটাকে কীভাবে দেখছেন?শেখ মোহাম্মদ আসলাম: এটা ইতিবাচক। ফুটবলে নতুন ধারা আসা উচিত। এতে ফুটবল উন্নয়নে গতি বাড়বে। ভালো প্রতিদ্বন্দ্বিতার জন্য একই মানের অন্তত ৪-৫টা দল থাকা জরুরি। খেলার মান ও কোয়ালিটি খেলোয়াড় গড়ে তুলতেও এটি দরকার। কিন্তু অন্য দলগুলো তো সমর্থক তৈরি করতে পারছে না। জনপ্রিয়তায় এখনো সেই আবাহনী-মোহামেডান!আসলাম: এটা ঠিক, আবাহনী-মোহামেডানের আবেদন আজও অটুট। অন্যরা পারছে না ওই জায়গায় যেতে। আমি চাই সব দলেরই নিজম্ব একটা সমর্থক গোষ্ঠী তৈরি হয়ে উঠুক। মাঠের দর্শক মূলত আবাহনী-মোহামেডানেরই। অনেকেই বলছেন, আবাহনীর বিদায়ে ফেডারেশন কাপটা আকর্ষণ হারাল ।আসলাম: আমি একমত। তবে মনে রাখা দরকার, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বিশ্ব ফুটবল বলতে একসময় ছিল ব্রাজিল। এখন আর সেটা নেই। আমাদের ঘরোয়া ফুটবলেও পালাবদল ঘটেছে। এটাকে আমি স্বাগত জানাই। আবাহনী-মোহামেডান তাদের প্রাধান্যটা ধরে রাখতে পারল না, এর কারণ কী?আসলাম: ক্লাব পরিচালনার ব্যর্থতা। দু দলের প্রশাসনে মেধাসম্পন্ন লোক বসাতে হবে। দরকার সুদূরপ্রসারী পরিকল্পনা। এটি এখন হারিয়ে গেছে। এখন দুই প্রধান হারলে আগের মতো সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়াও হয় না। আপনার নিজের কেমন লাগে?আসলাম: খুবই খারাপ লাগে। সারা দেশে আবাহনী-মোহামেডানের ইমেজের জন্য এটা ক্ষতিকর। একই সঙ্গে দেশের জন্যও। একসময় দুই প্রধানের অনুশীলন দেখতেই কয়েক হাজার লোক থাকত। এখন সেটা নেই। আগের উন্মাদনা ফিরিয়ে আনতে কী করা উচিত?আসলাম: আমরা এখন আবাহনী-মোহামেডানের জার্সি যে কাউকেই পরিয়ে দিই, এটা ঠিক হচ্ছে না। ওই জার্সির ভার নেওয়ার মতো খেলোয়াড় এখন অনেক কম। এটা বাড়াতে হবে। আজকের তরুণ প্রজন্ম টিভিতে ইউরোপের খেলা দেখে। এদের মনে দুই প্রধানের বীজটা কীভাবে বোনা যায়?আসলাম: সালাউদ্দিন ভাই, এনায়েত ভাইদের মতো খেলোয়াড় চাই। যাঁরা তরুণদের মাঠে আনবেন। দুর্ভাগ্য আমাদের, এখন স্থানীয় খেলোয়াড়েরা দর্শকদের মন কাড়তে পারছে না। তবে স্কুল ফুটবলের মাধ্যমে আমরা পাইপলাইন তৈরি করছি, আশা করি ভালো খেলোয়াড় আসবে আগামীতে। আপনি ফেডারেশনে আছেন। ফুটবলের জনপ্রিয়তার এই ভাটার দিনে ফেডারেশনই বা কী করছে?আসলাম: ওই যে বললাম, স্কুল ফুটবল থেকে খেলোয়াড় বের করছি। যদিও অনেক দেরি হয়ে গেছে। এই সংকটের সময় বেশি করে আবাহনী-মোহামেডান ফাইনাল হওয়া উচিত। দুই প্রধানের কোনো জুনিয়র দল নেই। সমর্থক তৈরি করার কোনো আগ্রহও দেখা যায় না। এভাবে চলতে পারে?আসলাম: অবশ্যই না। দুই দলের বোধোদয় হওয়া উচিত। ট্যালেন্ট হান্টের পাশাপাশি বছরে অন্তত ৬-৭ মাসের একটা কর্মসূচি থাকা দরকার। তারা ডোনার পায়। সব সুবিধাই আছে। প্রয়োজন শুধু উদ্যোগ। আপনাদের মতো সাবেকদেরও সেভাবে আর দেখা যায় না দুই প্রধানের সঙ্গে।আসলাম: দুই ক্লাবেরই উচিত সাবেকদের নিয়ে বসা। মতবিনিময় করলে অনেক পরামর্শ পাওয়া যাবে। অন্তত এক দিন চায়ের দাওয়াত দিক না! দুই ক্লাবই জনপ্রিয়তা কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারে। যেমন ফুটবল বিপণন। অথচ এ নিয়ে তাদের কোনো চিন্তাই নেই! আসলাম: আমরা নামে পেশাদার, আসলে পুরোটাই অপেশাদারি। গ্রামে এখনো আবাহনী-মোহামেডানের হাজার হাজার সমর্থক আছে। গ্রামে গেলে টের পাই। আবাহনী-মোহামেডানের আবেদন এখনো মরে নাই। ফুটবলকে বাঁচিয়ে রাখতে এই দুই দলের দাপট থাকা খুবই দরকার।