৭৩ বছর বয়সেও মাঠে না এলে ভালো লাগে না ওয়াজেদ গাজীর। টানা ৩০ বছর বিভিন্ন দলের কোচিং করিয়ে এ মৌসুমে শেখ রাসেল ক্রীড়াচক্রের টেকনিক্যাল উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। কাল কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ লিগ ম্যাচ শেষে বললেন, জীবনের শেষ দিনটি পর্যন্ত ফুটবল মাঠেই থাকতে চান শেখ রাসেলের টেকনিক্যাল উপদেষ্টার দায়িত্ব কেমন লাগছে?ওয়াজেদ গাজী: খুবই ভালো। ফুটবলই তো আমার জীবন। কাজেই সবকিছুই আমি খুশিমনে করি। একটা বিল্ডিং ওঠার জন্য চারটা পিলারের যেমন দরকার, তেমনি একটা দলকে দাঁড় করাতে চারটা পিলার চাই। আমি নিজেকে একটা পিলার মনে করি। আপনার দায়িত্বটা কী?গাজী: কোচিংয়ে কোথায় আরও ভালো করার সুযোগ আছে, কোথায় ভুল হচ্ছে কোচের, দলকে সামনে এগিয়ে নিতে কী করা দরকার—এসব ব্যাপারে পরামর্শ দিই। কোচ তো শুধু কোচিংয়ের দিকটাই দেখেন, কিন্তু আমি কাজ করি টোটাল টিম নিয়ে। বাংলাদেশের ক্লাব ফুটবলেও তো টেকনিক্যাল উপদেষ্টা নিয়োগ দেওয়ার সংস্কৃতি তেমন নেই। এর প্রয়োজনীয়তা কতটুকু মনে করেন?গাজী: বিদেশে এই প্র্যাকটিসটা আছে। বাংলাদেশেও আস্তে আস্তে হবে বলে আমার বিশ্বাস। কোচের কাজ পর্যবেক্ষণ করার দায়িত্বটা বাইরে থেকে কারও ওপর থাকলে সেটা দলের জন্যই ভালো। আপনি যেসব পরামর্শ দেন, সেগুলো কি ক্লাব কর্তৃপক্ষ গ্রহণ করে?গাজী: অবশ্যই। এখন পর্যন্ত আমি যা পরামর্শ দিচ্ছি ক্লাব গ্রহণ করছে। এ জন্য কোচিং না করালেও, মনে করি, আমি কোচিংয়েই আছি। ভবিষ্যতে কি তাহলে উপদেষ্টা হিসেবেই কাজ করার ইচ্ছা রাখেন, নাকি কোচিংয়ে ফিরতে চান?গাজী: এখন পর্যন্ত তো মাঠে আছি, ছাড়িনি তো...। টিমের স্বার্থে কোচিং করাতে হলে অবশ্যই এগিয়ে আসব। ছয় মাস আগেও প্রথম বিভাগের একটা দলকে প্র্যাকটিস করিয়েছি। এখন বারিধারার সঙ্গে কথা হচ্ছে। ৭৩ বছর বছর বয়স আপনার। এই বয়সে এত শক্তি কোথায় পান? গাজী: আমার মনের জোরটাই সবচেয়ে বেশি। শরীর তো আল্লাহর রহমতে এখনো বেশ ভালো আছে। এখন আপনার দৈনন্দিন রুটিন কী?গাজী: প্রতিদিন ভোর সাড়ে ৫টায় ঘুম থেকে ওঠার অভ্যাস আমার। সবার আগে উঠে ড্রেস পরে বসে থাকি। সকালে টিম অনুশীলন করলে মাঠে যাই। অনুশীলন শেষে ফিরে আসি। সারা দিন দলের সঙ্গেই কাটাই। রাত ১০টায় ঘুমাতে যাই। ফুটবল ছাড়া আপনার জীবনে আর কিছুই কি নেই?গাজী: সত্যিকার অর্থেই আর কিছু নেই। আমার পারিবাবিক জীবন বলতেও ওই ফুটবল। খেলোয়াড় হিসেবে পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয়েছি, কোচ হিসেবে চারবার। জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছি। আপনার মতো নিবেদিতপ্রাণ কোচ বাংলাদেশে এখন খুব একটা নেই। কেন নেই?গাজী: প্রথম কথা হচ্ছে, ফুটবলের পেছনে শ্রম দিতে হয়। এই শ্রম দেওয়ার লোকের অভাব। সবাই যদি এগিয়ে আসে, তাহলে কোচের সমস্যাটা থাকবে না। আপনি যে এতটা পথ পেরিয়ে এসেছেন, রহস্যটা কী?গাজী: রহস্য কিছু নয়। ফুটবলের প্রতি আমার ভালোবাসাই আমাকে এত দূর এনেছে। এখনো কেউ বলতে পারবে না গাজী ভাই দশ মিনিট দেরি করে মাঠে এসেছে। বাকি জীবনে কোনো চাওয়া-পাওয়া?গাজী: (হাসি) যত দিন হাঁটতে পারব, মুভ করতে পারব, তত দিন মাঠে আসব। কোচিং করাব। শরীর যত দিন সায় দেবে, আমি ফুটবলেই আছি। ফুটবল মাঠেই মৃত্যু হোক আমার।