খেলাটা তাদের কাছে একেবারেই নতুন। দ্বিতীয় স্কুল রাগবি টুর্নামেন্টের সেরা মাদারটেক আবদুল আজিজ স্কুলের দশম শ্রেণীর ছাত্র রাকিব হাসান (রুবেল) প্রথমে এসেই মজে গেছে এই খেলায়। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল ফাইনাল শেষে নিজের অভিজ্ঞতার কথাই জানাল সে সেরা খেলোয়াড় হয়েও মন খারাপ কেন?রাকিব হাসান রুবেল: সেরা খেলোয়াড় হলেও ফাইনালে আমার দল তো হেরে গেছে। আনন্দটা উপভোগ করতে পারছি না। এর আগে কখনো রাগবি খেলেছ?রুবেল: না। এবারই প্রথম খেলতে এসেছি। আমাদের গেম টিচার প্রথম যখন এই টুর্নামেন্টের কথা জানালেন, একটু ভয় পেয়েছিলাম। ভয় পেয়েছিলে কেন?রুবেল: টেলিভিশনে তো এই খেলা আমি দেখেছি। কী বিশাল বিশাল শরীরের খেলোয়াড়েরা খেলে! আমাদের শরীর-স্বাস্থ্য তো অত ভালো না। ওভাবে খেলতে পারব কি না, সংশয় ছিল। এখানে খেলতে আসার পর কী মনে হলো?রুবেল: মনে হলো, খেলাটা খুবই মজার। বুঝতে পারলে দারুণ উপভোগ করা যায়। শুধু নিয়ম-কানুন একটু ভালো করে বুঝতে হবে। তবে একটা ব্যাপার, শরীর-স্বাস্থ্য যে সবার ভালো হতেই হবে তা না। কমপক্ষে চার-পাঁচজন একটু মোটাসোটা হলে ভালো হয়। ওরা বল নিয়ে যেকোনো দিক মুভ করতে পারে। বাকিদের টেকনিক দিয়ে খেললেই চলে। খেলার নিয়ম-কানুন একটু বলবে?রুবেল: একেকটা দলে ১০ জন, ১২ জন বা ১৫ জনও খেলতে পারে। গোললাইনের ১০ থেকে ২২ মিটার অঞ্চলের মধ্যে আক্রমণকারী দল বলটা নিয়ে যদি লাইন স্পর্শ করাতে পারে তাহলে ৫ পয়েন্ট। এটাকে টাই বলে। আর যখন ৫ পয়েন্ট পায় তখন তারা একটা বোনাস কিকও পায়। এই বোনাস কিকটা যদি গোলবারের ওপর দিয়ে নিতে পারে তাহলে ওরা আরও ২ পয়েন্ট পাবে। এ ছাড়া পেনাল্টির সময় গোলবারের ওপর দিয়ে বলটা নিতে পারলে আরও ৩টি বোনাস পয়েন্ট পাওয়া যায়। এভাবেই পয়েন্ট হয়। আর সামনে পাস দিতে পারবে না, পেছনে পাস দিতে হবে। এভাবেই বল এগিয়ে নিতে হবে। প্রতিপক্ষ কোনো খেলোয়াড়কে কোমরের ওপরে কঠিন চার্জে আঘাত করলে ওই খেলোয়াড়কে দেখতে হবে লাল কার্ড। গলা বা হাত ধরে টান দিলে অপরাধের গুরুত্ব অনুযায়ী হলুদ কার্ড দেখে ৩-৫ মিনিট মাঠের বাইরে বসে থাকতে হয়। তুমি কি শুধুই রাগবি খেলো?রুবেল: না। আমি মূলত ফুটবল খেলি। তবে এখন রাগবি খেলার পর মনে হচ্ছে, ফুটবলের চেয়েও এটা বেশি মজার খেলা। খুবই উপভোগ করছি। আরও আগে যে খেলাটা কেন শিখিনি! মাঠটা তো ভালো ছিল না। এই মাঠে খেলতে সমস্যা হয়নি?রুবেল: মাঠে আরও বেশি ঘাস থাকলে ভালো হতো। বৃষ্টি-কাদায় মাঠের মাঝখানের মাটি উঠে গেছে। আমাদের অনেকেই ইনজুরিতে পড়েছে। বিদেশি কোনো রাগবি খেলোয়াড়ের খেলা ভালো লাগে?রুবেল: আমি সেভাবে কোনো খেলোয়াড়কে চিনি না। তবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের খেলা হলে টিভিতে দেখি।