‘ফুটবলের স্বার্থেই ঐক্য চেয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী হতে চলেছে বাফুফের আগামী ২৮ এপ্রিলের নির্বাচনে? পরশু বাফুফের সভায় বর্তমান কমিটিকে আরও এক মেয়াদে রাখার প্রস্তাব তুলে ঐক্যের আভাস দিয়ে রাখলেন হারুনুর রশিদ। কারণটা ব্যাখ্যা করেছেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য  পরশু ফেডারেশনের সভায় নির্বাচন নিয়ে ঐক্যের আওয়াজ তুললেন কী চিন্তা থেকে? হারুনুর রশিদ: চিন্তা একটাই। যেসব পরিকল্পনা নিয়ে চার বছর আগে এই কমিটির দায়িত্বে এসেছিলাম, তার পূর্ণাঙ্গ রূপ দিতে আরও এক মেয়াদে থাকা প্রয়োজন।  এই মেয়াদে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা গেল না কেন? হারুনুর রশিদ: বর্তমান মেয়াদে এই কমিটি অনেক কিছুই করেছে। তবে এখন ধরুন, আমরা একটা একাডেমি করার দ্বারপ্রান্তে পৌঁছেছি। স্কুল ফুটবল চালু করেছি, নিচের দিকের ফুটবলও শুরু হয়েছে, এসবের ধারাবাহিকতা থাকা দরকার। এ কারণেই ঐক্যের প্রস্তাব দিয়েছি আমি। সবাই তা গ্রহণ করেছে। কিন্তু এই চার বছরে আমরা বাফুফের কর্মকর্তাদের মধ্যে অনেক অনৈক্য আর দ্বন্দ্বের কথা শুনেছি...হারুন: কোনো দ্বন্দ্ব ছিল না। তবে হাতের পাঁচ আঙুল সমান নয়। কোনো কোনো পদক্ষেপে সবাই হয়তো একমত হয়নি। অনেকের কাজের অভিজ্ঞতা সেভাবে ছিল না। এখন আমরা দেখছি, আরেকটা মেয়াদ না থাকলে কাজের গতিটা হারিয়ে যাবে। ফুটবলের স্বার্থেই ঐক্য চেয়েছি।  নতুন লোক এসে ভালোও তো করতে পারেন?হারুন: নতুন লোক এসে বুঝতে বুঝতেই অর্ধেক সময় চলে যাবে। যেমনটা এই কমিটির সময় হয়েছে। এ জন্যই আমি বলছি, ঐক্য দরকার।  আপনার এই মতৈক্যের ধরনটা কী হবে? হারুন: হিসাব সহজ, এই কমিটির অনেকে নিয়মিত আসে না ফেডারেশনে অথবা খোঁজও রাখে না। তাদের বাদ দিয়ে উৎসাহী নতুন কয়েকজনকে নিয়ে ২১ জনের একটা কমিটি আমরা দাঁড় করিয়ে ফেলতে পারি। নির্বাচনের মাঠে আপনারা যা চাইছেন সেটাই হবে, এমন নিশ্চয়তা কি আছে?হারুন: আমরা ঐক্যবদ্ধ থাকলে বাইরে থেকে কেউ নির্বাচন করলে সুবিধা করতে পারবে না। আমাদের ঐক্যই নির্বাচনে নির্ধারক হবে। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে আপনাদের এই কমিটির চার বছরে এটিকে কতটা সফল বা ব্যর্থ বলবেন?হারুন: সফল বা ব্যর্থ কোনোটাই বলব না। আমরা বলেছিলাম, দশ মাস মাঠে খেলা রাখব। মূলত মাঠ সমস্যায় সেটা সম্ভব হয়নি। আর্থিক সংকটও ছিল। আগামী মেয়াদে এই সংকটগুলো দূর হবে আশা করি। আপনি অনেক পুরোনো সংগঠক। আপনাদের মধ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপলব্ধিটা আগে এল না কেন?হারুন: আমরা কিন্তু সবাই মিলেই কাজ করেছি। আমি নিজে ১৯৭২ সাল থেকে ফুটবলে যুক্ত। একসময় বাফুফের সাধারণ সম্পাদক ছিলাম। এখন সদস্য। আমার ওপরে এই কমিটিতে যারা আছে, তাদের চিন্তাভাবনাই এবার বেশি প্রাধান্য পেয়েছে। তবে তাদের অনেক পরিকল্পনা হয়তো বাস্তবায়ন হয়নি।  এত দিন শোনা গিয়েছে, কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে সভাপতি পদে প্রার্থী দাঁড় করানোর চেষ্টা চলছে। অনেকে উপদলে ভাগ হয়ে সভাও করেছেন নিয়মিত। এখন শোনা যাচ্ছে, সভাপতি পদে আর নাকি প্রার্থীই নেই!হারুন: সভাপতি পদে আগ্রহী প্রার্থী নেই, তা নয়। কিন্তু বিকল্প খোঁজার কারণ দেখছি না। আমাদের ভুল থাকতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। দিনশেষে ফুটবলের স্বার্থেই আমাদের মিলেমিশে থাকা দরকার।  তার মানে এবার সভাপতি পদে কাজী সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই আরেক মেয়াদ থেকে যাচ্ছেন?হারুন: সে রকম ধরে নিতে পারেন। সালাউদ্দিনকে বলেছি, আমরা সবাই একসঙ্গে থাকব। এটা তো ঠিক, সালাউদ্দিনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই।