‘ফুলের মতো পবিত্র’ ৫৬ কাউন্সিলর প্রার্থী!
‘...ভাই চমর্যাকার, অন্য প্রার্থীর কী দরকার/...ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র’—কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের এ রকম নানা চটকদার স্লোগানে মুখরিত এখন চট্টগ্রাম মহানগরের অলিগলি।‘ফুলের মতো পবিত্র’ এসব প্রার্থীর মধ্যে ৫৬ জনই বিভিন্ন ফৌজদারি মামলার আসামি, যা তাঁরা নিজেরাই নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় উল্লেখ করেছেন। এর মধ্যে খুনের মামলাসহ পুলিশের খাতায় দাগি আসামিও আছেন। এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিতি আছে, এমন প্রার্থীও আছেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রগুলো থেকে জানা গেছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, চট্টগ্রাম সিটি নির্বাচনে ৪১টি ওয়ার্ডে (সংরক্ষিত ছাড়া) এবার কাউন্সিলর প্রার্থী মোট ২৫৩ জন। তাঁদের হলফনামা পর্যালোচনা করে ৫৬ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলার হিসাব পাওয়া গেছে। তবে হলফনামায় কোনো কোনো প্রার্থী তাঁদের বিরুদ্ধে থাকা মামলার সঠিক হিসাব দেননি বা তথ্য গোপন করেছেন বলে অভিযোগ রয়েছে। ১৪ নম্বর (লালখান বাজার) ওয়ার্ডের বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল হালিম ওরফে শাহ আলম হলফনামায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে লিখেছেন। কিন্তু খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, শাহ আলমের বিরুদ্ধে তিনটি খুনের মামলাসহ ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি চট্টগ্রামে বহুল আলোচিত জাহাজ ব্যবসায়ী জাকির হত্যা মামলারও অভিযোগপত্রভুক্ত আসামি।জানতে চাইলে শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমি আসামি হয়েছি। মামলার আসামি বলে জনগণ আমার ব্যাপারে সহানুভূতিশীল। তাই এলাকায় আমার সমর্থন অনেক ভালো।’ তাঁর দাবি, তিনি হলফনামায় সঠিক তথ্যই দিয়েছেন।দলীয় সূত্র জানায়, শাহ আলম খুলশি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। চারদলীয় জোট সরকারের আমলে ব্যবসায়ী জাকির খুন হন এবং ওই সময় সিআইডি মামলার অভিযোগপত্র দিয়েছে। ৩৯ নম্বর (দক্ষিণ হালিশহর) ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আসলাম আওয়ামী লীগের সমর্থিত বলে জানা গেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে বলে হলফনামায় লিখেছেন। জানতে চাইলে মোহাম্মদ আসলাম প্রথম আলোকে বলেন, ‘আশি ও নব্বইয়ের দশকে আমার বিরুদ্ধে মামলাগুলো হয়েছে। আদালত থেকে সব কয়টি মামলায় আমি খালাস পেয়েছি।’ হলফনামা অনুযায়ী, ৯ নম্বর ওয়ার্ডের (উত্তর পাহাড়তলী) আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জহিরুল আলম সাত মামলার আসামি। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আবদুস সাত্তার এক মামলার আসামি। একই ওয়ার্ডে কাউন্সিলর পদে আরেক প্রার্থী নিয়াজ আহমেদ দুই মামলার আসামি। তবে খুলশি থানার ওসি ইফতেখার হাসান জানান, হলফনামায় সাতটি উল্লেখ করলেও জহিরুল আলমের বিরুদ্ধে মামলা রয়েছে ১৪টি। কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও জহিরুল আলমের বক্তব্য পাওয়া যায়নি। আবদুস সাত্তারের দাবি, ‘আমি একটি চাঁদাবাজি মামলার শিকার হই। আদালত আমাকে খালাস দিয়েছেন।’ ১৩ নম্বর ওয়ার্ডের (পাহাড়তলী) তিন প্রার্থীই বিভিন্ন মামলার আসামি। তাঁরা হলেন আওয়ামী লীগ সমর্থিত (বর্তমান কাউন্সিলর) মোহাম্মদ হোসেন হিরণ, বিএনপি সমর্থিত মনিরুল ইসলাম ও জামায়াত সমর্থিত মাহফুজুল আলম। তাঁরা যথাক্রমে চারটি, তিনটি ও দুটি করে মামলার আসামি। ১৯ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ বাকলিয়া) বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইয়াসিন চৌধুরী তিনটি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহীদুল্লাহ চারটি মামলার আসামি। শহীদুল্লাহর দাবি, তিনটি মামলা থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন।চার নম্বর ওয়ার্ডে (চান্দগাঁও) কাউন্সিলর প্রার্থীর সংখ্যা চারজন। তাঁদের মধ্যে গোলাম মোস্তফা ও মাহবুবুল আলম একটি করে মামলার আসামি বলে হলফনামায় উল্লেখ করেছেন। তাঁরা উভয়েই বিএনপি সমর্থিত প্রার্থী বলে জানা গেছে।তবে পুলিশ সূত্র জানায়, মাহবুবুল আলম বিচারাধীন একটি মামলার আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে থানায় আরও সাতটি সাধারণ ডায়েরি (জিডি) আছে।৮ নম্বর (শুলকবহর) ওয়ার্ডের নয় প্রার্থীর মধ্যে আবুল হাসান তিনটি ও মোরশেদ আলম একটি মামলার আসামি। তাঁরা উভয়েই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বলে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, বায়েজিদ থানাধীন দুই নম্বর ওয়ার্ডের (জালালাবাদ) কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন তিনটি ও মোহাম্মদ আলী একটি মামলার আসামি। তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. শফিকুলের বিরুদ্ধে একটি মামলা আছে। ২৬ নম্বর (উত্তর হালিশহর) ওয়ার্ডের নাজিমুল ইসলাম মজুমদার ও কামাল হোসেন দুটি করে মামলার আসামি। ২৭ নম্বর (দক্ষিণ আগ্রাবাদ) ওয়ার্ডের এইচ এম সোহেল দুটি ও আবদুর রহিম চৌধুরী একটি মামলার আসামি। ২৮ নম্বর ওয়ার্ডের (পাঠানতুলী) আবদুর রহমান পাঁচটি, জেবল হক দোভাষ ও নজরুল ইসলাম বাহাদুর একটি করে মামলার আসামি। ৩৪ নম্বর (পাথরঘাটা) ওয়ার্ডের মো. ইসমাইল তিনটি মামলার আসামি বলে জানা গেছে।