এক কোটি টাকা বরাদ্দ করে আবার প্রতিভা অন্বেষণ করতে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। অতীতে এমন কর্মসূচি সফল হয়নি। অপচয় আর দুর্নীতিই বেশি হয়েছে বলে অভিযোগ আছে। এই বিষয়গুলো কাছ থেকে দেখার অভিজ্ঞতা জানাচ্ছেন সাবেক সচিব ও ক্রীড়া সংগঠক সৈয়দ সুজাউদ্দিন আহমেদ পত্রিকায় দেখেছেন নিশ্চয়ই, এনএসসি আবার প্রতিভা খোঁজার কর্মসূচি নিয়েছে...সৈয়দ সুজাউদ্দিন আহমেদ: বিষয়টা আমি শুনেছি। কিন্তু এনএসসি প্রতিভা অন্বেষণ করে খুব একটা সফল হবে না। কেন সফল হবে না বলছেন?সুজাউদ্দিন: প্রতিভা অন্বেষণ ফেডারেশনেরই করা উচিত। এনএসসির ভূমিকা থাকবে শক্তিশালী পর্যবেক্ষকের। কিন্তু আগেরবার এই পর্যবেক্ষণটা ঠিকভাবে হয়নি। এটা না হলে নিজেদের মধ্যে টাকা ভাগবাটোয়ারার সুযোগ থেকেই যায়। ২০০৪ সালে আপনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ছিলেন। সে সময় এসব বিষয় নিয়ে আপনার নেতৃত্বে গঠিত কমিটি তাহলে কী করল?সুজাউদ্দিন: আমরা তখন মন্ত্রণালয় থেকে একটা সুপারিশ দিয়েছিলাম এনএসসিকে। কোন কোন খেলাকে আমরা প্রাধান্য দেব, সেটাই মূলত ঠিক করেছিল কমিটি। আমরা রিপোর্ট দিয়েছিলাম, কিন্তু বাস্তবায়িত হয়নি। তখন তো ছয়টি খেলাকে বিশেষ প্রাধান্য দিয়ে কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়। সেই টাকা অপচয় হয়েছে বলে শোনা যায় ক্রীড়াঙ্গনে...সুজাউদ্দিন: ঠিক মনে নেই, তবে সম্ভবত এ ক্যাটাগরিতে ৬টি খেলা রেখেছিলাম আমরা (ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকস, দাবা, সাঁতার, জিমন্যাস্টিকস)। কী হয়েছে, সেটা এনএসসিই ভালো বলতে পারবে। আপনি তো তখন দাবা ফেডারেশনে ছিলেন। দাবার প্রতিভা অন্বেষণ কেমন হয়েছিল?সুজাউদ্দিন: আমি একটা কথাই বলছি, এনএসসির পর্যবেক্ষণ নিবিড় ছিল না। সমস্যাটা কোথায় ছিল?সুজাউদ্দিন: টাকা বরাদ্দ থেকে শুরু করে সবকিছু নিয়ে আমরা একটা মানদণ্ড তৈরি করে দিই। কোচিং প্রোগ্রাম, প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে অনেকে টাকা পেয়েছে, যেটা কমিটির দৃষ্টিতে হয়তো ততটা গুরুত্বপূর্ণ ছিল না। প্রতিভা খোঁজার জন্য যে টাকা দেওয়া হয়েছিল, সেটা এনএসসির ইচ্ছামতো হয়েছে। আমাদের তৈরি করা মানদণ্ড অনুযায়ী হয়নি। মন্ত্রণালয় তখন ব্যবস্থা নেয়নি কেন? সুজাউদ্দিন: মন্ত্রণালয়ের সেই ক্ষমতা থাকলে তো! এনএসসি চলে তাদের গভর্নিং বডি দিয়ে। কাজেই তাদের ওপর খবরদারি করা সম্ভব নয় মন্ত্রণালয়ের পক্ষে। তাহলে এনএসসির জবাবদিহি কার কাছে?সুজাউদ্দিন: এনএসসির প্রধান ক্রীড়ামন্ত্রী। মন্ত্রীর এই পদে থাকা ঠিক নয়। তিনি থাকলে নিয়ন্ত্রণ করবে কে? ক্যাবিনেটে সিদ্ধান্ত আছে, এনএসসির প্রধান হবেন অন্য কেউ। এটা গত বিএনপি সরকারের আমলে করা হয়েছিল। কিন্তু কোনো মন্ত্রীই তা বাস্তবায়ন করেননি। এসএসসির প্রধান থাকলে অনেক ধরনের সুবিধা তাঁরা নিতে পারেন। তাই হয়তো...।