‘ফেস টু ফেস’ এখন ‘ধ্রুবতারা’
এস আই টুটুল তাঁর ফেস টু ফেস ব্যান্ডের নাম পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই ব্যান্ডের নতুন নাম ‘ধ্রুবতারা’। এস আই টুটুল বলেন, ‘ফেস টু ফেস নামে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে একাধিক ব্যান্ড রয়েছে। তারা বিভিন্ন দেশে নিয়মিত গান করে। সেদিক থেকে দেশের বাইরে গান করতে গেলে আমাদের কিছুটা সমস্যার মুখোমুখি হতে হয়। আর নামটার মধ্যে পাশ্চাত্যের একটা ছোঁয়া রয়েছে। কিন্তু আমরা তো বাংলাদেশের ব্যান্ড। আমাদের ব্যান্ডের নাম বাংলায় হলে আরও ভালো হয়। এই ভাবনা থেকে ফেস টু ফেস পাল্টে আমাদের ব্যান্ডের নতুন নাম করেছি ‘ধ্রুবতারা’। আমাদের প্রথম অ্যালবামের নাম ছিল ধ্রুবতারা। ওই অ্যালবামে “ধ্রুবতারা” শিরোনামে একটি গানও আছে।’ফেস টু ফেস ব্যান্ডের যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে। এ পর্যন্ত তাদের দুটি অ্যালবাম বাজারে এসেছে—ধ্রুবতারা (২০০৬) ও দুঃখ পোকা (২০০৮)। এস আই টুটুল জানান, ধ্রুবতারা ব্যান্ডের নামে প্রথম অ্যালবামটি আসবে আগামী বছর। এরই মধ্যে অ্যালবামের কাজ শুরু হয়েছে। ধ্রুবতারা ব্যান্ডের সদস্যরা হলেন: এস আই টুটুল (কণ্ঠ ও গিটার), পার্থ মজুমদার (গিটার), মুজু (ড্রামস), সেইলী (লিড গিটার), ব্রুসলি (বেস গিটার), রাসেল (কিবোর্ড), আজম বাবু (শব্দ প্রকৌশলী)।টুটুল জানান, এখন থেকে তাঁরা ধ্রুবতারা নামেই টিভি, বেতার, মঞ্চ ও অ্যালবামে গান করবেন।