‘ফোন করেছিলাম, কেউ আসেননি’
বিয়ের পর বছরও পার হয়নি। চোখের সামনে স্বামীকে নিষ্ঠুরভাবে হত্যার দৃশ্য দেখতে হলো জান্নাতুল ফেরদৌসকে। কেবল তা-ই নয়, রাতভর অসহায়ভাবে ঘরে বসে থাকতে হয়েছে পাশে স্বামীর লাশ আর অচেতন বাবা ও বোনকে নিয়ে। সে কারণে হামলাকারীদের পাশাপাশি সরকারি দলের স্থানীয় নেতা ও পুলিশের ওপরও ক্ষুব্ধ তিনি। জান্নাতুল ফেরদৌসের স্বামী মামুন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর ফাঁসির রায় দেওয়ার পর তাঁর ক্ষুব্ধ সমর্থকদের মিছিল থেকে মামুনের শহরসংলগ্ন বাড়িতে হামলা করা হয়। পুলিশ বলছে, হামলাকারীরা জামায়াত-শিবিরের নেতা-কর্মী।জান্নাতুল ফেরদৌস ক্ষোভের সঙ্গে প্রথম আলোকে বললেন, ‘সেদিন আমার সামনে মামুনের লাশ আর অজ্ঞান হয়ে পড়ে থাকা বাবা ও বোন। রাতভর ওঁদের পাহারা দিলাম। আওয়ামী লীগ নেতাদের ফোন করেছিলাম, কেউ আসেননি। থানায় যোগাযোগ করেছিলাম। পুলিশের সহায়তা পাইনি।’ জান্নাতুল ফেরদৌস জানান, ঘটনার পরদিন বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা আওয়ামী লীগের কয়েকজন বড় নেতা তাঁদের বাড়িতে আসেন। কিছুক্ষণ থেকে তাঁরা চলে যান। এর পর থেকে আর কেউ পাশে এসে দাঁড়াননি। তবে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতা বলেছেন, ২৮ ফেব্রুয়ারি পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে ইচ্ছা থাকলেও কারও জন্য কিছু করার উপায় ছিল না। পুলিশের দাবিও একই। গত বৃহস্পতিবার সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, মামুনের স্ত্রী অসুস্থ বাবা শহিদুল ইসলামকে সান্ত্বনা দিচ্ছেন। ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে তিনি বললেন, ‘আমার হাত থেকে ওরা মামুনকে ছিনিয়ে নেয়। বাড়ির দেয়াল ভেঙে ইট বের করে তা দিয়ে মাথায় আঘাত করে। পাশের পুকুরে গিয়ে ঝাঁপ দেয় মামুন। আমার ছয় বছরের বোন নাইমা জান্নাতও আর্তচিৎকার করে দুলাভাইকে এভাবে না মারতে বলল। কিন্তু খুনিরা পুকুরে নেমে ইট দিয়ে মামুনের গলা থেকে মুখ পর্যন্ত থেঁতলে দিল।’সেই বীভৎস দৃশ্য বর্ণনা করতে গিয়ে জান্নাতুল ফেরদৌস কিছুক্ষণ থামলেন। এ সময় কাছে থাকা হাসপাতালের অন্য রোগী এবং তাঁদের স্বজনদের চোখেও পানি দেখা গেল। জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ঘটনার সময় আমার হাতে-কানে ও নাকে সাড়ে তিন ভরি সোনার গয়না ছিল। হামলাকারীরা সব ছিনিয়ে নিয়েছে। নাকের ফুলটা না নিতে অনুরোধ করেছিলাম। ওরা আজেবাজে গালি দিল। বলেছিলাম, তোমাদের আরও গয়না দেব, মামুনকে জানে মের না। ওরা শুনলই না,’ কান্না চেপে রেখে বললেন সদ্য স্বামীহারা এ তরুণী।জান্নাতুলের বাবা শহিদুল হক বললেন, সাঈদীর ফাঁসির আদেশ হওয়ার পর এলাকায় মিছিল হচ্ছিল। এতে তিনি সেদিন তাড়াতাড়ি বাড়ি ফেরেন। বিকেল পাঁচটায় মেয়ের বাড়ির কাছে গিয়ে দেখেন কয়েক হাজার লোক বাড়িটি ঘিরে ফেলেছে। নিচতলায় আগুন জ্বলছে। শহিদুল হক বললেন, কেউ একজন কেরোসিন বা পেট্রলভর্তি একটি কৌটা দোতলায় মামুনের ঘরে ছুড়ে মারে। তখন মামুন ও জান্নাতুল নিচে নেমে আসেন। সিঁড়ির গোড়ায় হামলাকারীদের একজন মামুনের কলার চেপে ধরে। আরেকজন তাঁকে ইট দিয়ে আঘাত করতে থাকে। জামাইকে রক্ষা করতে গেলে শহিদুলের মাথায়ও ইট দিয়ে আঘাত করা হয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান।জান্নাতুল বললেন, সাহসী ও আত্মবিশ্বাসী মামুন ধারণাই করতে পারেননি তাঁর ওপরে এমন হামলা হবে। এমনকি শুরুতে মিছিলের কয়েকজন তাঁর কাছে খাওয়ার পানি চেয়েছিল। তিনি দোতলা থেকে জগভর্তি পানি এনে তাদের খাওয়ান। পরিবারের সদস্যরা বললেন, মামুন নিয়মিত নামাজ পড়তেন। প্রায় একযুগ ধরে ছাত্ররাজনীতি করতেন। রাজনীতির খরচ জোগাতে গ্রামের জমি বিক্রি করেছেন। ব্যাংকে তাঁর কোনো সঞ্চয় নেই। তাঁর বাবা মাওলানা আকরাম হোসেন ভবানীপুর এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই শোকের মধ্যেই পাশে থাকা বাবাকে জান্নাতুল বললেন, তাঁদের গলগ্রহ হয়ে থাকবেন না তিনি। কী করবেন এখন?—এ প্রতিবেদকের প্রশ্নে জান্নাতুলের জবাব, ‘মামুনের আদর্শের পতাকা ওড়াব আমি। এই দল, এই সরকারকেই নিতে হবে আমার দায়িত্ব।’আক্ষেপ করে জান্নাতুল বললেন, মামুন পায়ে হেঁটে দলের জন্য কাজ করেছেন। জামায়াত-শিবিরের দুর্গ বলে পরিচিত এলাকায় বাড়ি করে সেখানে আওয়ামী লীগ-ছাত্রলীগকে মজবুত করার কাজ করেছে। তাঁর মতো নেতাদের যদি এই পরিণতি হয়, তাহলে দেশে আদর্শবান নেতা-কর্মী তৈরি হবে না।