ম্যাচ পাতানোর বিষবাষ্পে ক্রিকেট আবারও কলঙ্কিত। লর্ডসে পাকিস্তান ক্রিকেটারদের স্পট ফিক্সিংয়ে টালমাটাল আন্তর্জাতিক ক্রিকেটই। এর আগে সাকিব আল হাসান, তামিম ইকবালের কথা জানা গেলেও এবার জানা গেল অধিনায়ক হওয়ার পর বুকিরা ফাঁদ পেতেছিল বাংলাদেশ দলের ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলের জন্যও পাকিস্তানের ক্রিকেটারদের স্পট ফিক্সিংয়ের ঘটনায় আপনার প্রতিক্রিয়া কী?মোহাম্মদ আশরাফুল: ক্রিকেট-নেশন হিসেবে পাকিস্তানের জন্য এটা খুবই দুঃখজনক। পাকিস্তানে অনেক দিন ধরেই এ ধরনের ঘটনা ঘটছে। কখনো ড্রাগ, কখনো ম্যাচ ফিক্সিং...। সমস্যা হলো তাদের ক্রিকেট বোর্ড অভিযুক্তদের একবার বহিষ্কার করে, আবার বহিষ্কারাদেশ উঠিয়ে নেয়। খেলোয়াড়দের দোষ তো অবশ্যই আছে, তবে আমি মনে করি এর সঙ্গে ক্রিকেট বোর্ডেরও দায় আছে। কারণ অতীতে দোষী ক্রিকেটারদের কখনোই দৃষ্টান্তমূলক শাস্তি দেয়নি তারা। দিলে ক্রিকেটাররা ভয় পেত। সালমান বাটকে এমন অপরাধের সঙ্গে জড়িত হতে দেখে কি একটু বিস্মিত আপনি? সেই অনূর্ধ্ব-১৭ ক্রিকেট থেকেই তো আপনার সঙ্গে তাঁর পরিচয়...আশরাফুল: ওর জন্য একটু খারাপই লাগছে...ওর সঙ্গে একরকম বন্ধুত্বই আছে আমার। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯-এ আমরা একসঙ্গে খেলেছি। আসলে সবই সম্ভব ক্রিকেটে। খুব লোভনীয় কোনো প্রস্তাব পেয়েছে হয়তো বা। আপনার নিজের অভিজ্ঞতা বলুন। বাংলাদেশ দলে নয় বছর ধরে খেলছেন। ম্যাচ পাতানোর প্রস্তাব পাননি কখনো?আশরাফুল: ২০০৭ সালে আমি যখন অধিনায়ক হলাম, তখনই ফোনে একটা প্রস্তাব এসেছিল। আমি কাউকে সেটা বলিনি, তবে প্রস্তাবটা গ্রহণও করিনি। আমার স্পনসর হওয়ার জন্য কথা বলতে চেয়েছিল একটা লোক। আরেকটু বিস্তারিত কি বলবেন ঘটনাটি?আশরাফুল: আমি ঠিক চিনি না। তবে ভারতীয়...এই ছেলেটা তামিম-সাকিবের সঙ্গেও যোগাযোগ করেছিল। তাদের রুমে যেন কী কী পাঠিয়েছিল। পরে ওরা সেসব বোর্ডে জমা দিয়েছে। প্রিন্স হোটেলে উঠেছিল সে। আমি তাকে বলে দিই, রিবকের সঙ্গে আমার তিন বছরের স্পনসরশিপ চুক্তি আছে, আপাতত আর স্পনসরের দরকার নেই। তার পরও সে অনেক পীড়াপীড়ি করছিল। তখন আমি তাকে সরাসরি জিজ্ঞেস করি, ‘আপনি কি বুকি? আমি মাত্রই অধিনায়ক হলাম। আমাকে এসব বলে লাভ নেই।’ তারপরই শুনি যে, ওই লোকটাই নাকি সাকিব-তামিমদের রুমে কী কী পাঠিয়েছিল। ওরাও তখন প্রিন্স হোটেলে ছিল। জাতীয় দলের ক্যাম্প চলছিল তখন। কী পাঠিয়েছিল তামিম-সাকিবের রুমে?আশরাফুল: ঘড়ি না কী যেন, আমি ঠিক জানি না। ওরা সেসব বোর্ডে জমা দিয়েছে। যেভাবে ম্যাচ পাতানোর ঘটনা বাড়ছে, বাইরের মানুষের সঙ্গে মেলামেশায় খেলোয়াড়দেরও কি উচিত না আরেকটু সতর্ক হওয়া?আশরাফুল: কার সঙ্গে মিশছি, কোথায় যাচ্ছি, এসব নিয়ে সতর্কতা আমাদের মধ্যে আছে। আর পাঁচ তারকা হোটেলে তো ক্যামেরাই থাকে। বাইরেও আমাদের সাধারণ মানুষ চেনে। আমাদের মধ্যে মনে হয় না কারও এ রকম কিছু করার সম্ভাবনা আছে। আমাদের সব খেলোয়াড়ই এ ব্যাপারে সাবধান। আর আমাদের ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের মতো না। আইসিএলের সময়ও পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের আগে ক্ষমা করে দিয়েছে। আর আমাদের বোর্ড যে সময়ের কথা বলেছে, তার আগে কাউকে ছাড়েনি। কাজেই ভয়টা আমাদের সবার মধ্যেই আছে। লর্ডস টেস্টের স্পট ফিক্সিংয়ের বাজিকর মাজহার মাজিদ কি কখনো যোগাযোগ করেছেন আপনাদের কারও সঙ্গে? তিনিও তো খেলোয়াড়দের স্পনসর এজেন্ট হিসেবে কাজ করেন...আশরাফুল: অন্যদের কথা জানি না। তবে আমার সঙ্গে কখনো যোগাযোগ করেনি বা কথা হয়নি। কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে আইসিসির দুর্নীতি দমন বিভাগ ক্রিকেটারদের ব্রিফ করেন। এসব ব্যাপারে সচেতন করে তুলতে এটাই কি যথেষ্ট?আশরাফুল: আমি মনে করি যথেষ্ট। কারণ এই জিনিসটা জুনিয়র পর্যায় থেকে হয়ে আসছে। অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই এটা করা হয়। কাজেই এগুলো জানাই আছে সবার। কোন অপরাধে কী ধরনের শাস্তি হতে পারে, এসব ব্যাপারে সতর্ক সবাই।