‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-কিশোরদের কলহাস্যে মুখর ছিল গতকাল শনিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন। লাল, সবুজ, নীল, হলুদ বর্ণের উৎসবের লোগো-সদৃশ স্টিকার ছিল তাদের শরীরে। অনেকেই ব্যতিব্যস্ত অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে। উচ্ছ্বাস, উদ্দীপনায় এদিক-ওদিক প্রাণবন্ত ছোটাছুটি তাদের। বড়রাও ছিলেন। তবে তাঁদের ভূমিকা খানিকটা গৌণ। আয়োজনের নেতৃত্বে শিশু-কিশোরেরাই।শনিবার এমনই ছিল ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে ‘পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’-এর শুরুর পরিবেশ। এ পরিবেশ শুধু ঢাকাতেই নয়, ছিল প্রতিটি বিভাগীয় শহরেই। রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারে চিলড্রেনস ফিল্ম সোসাইটি অব বাংলাদেশ (সিএফএস) আয়োজিত সপ্তাহব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি প্যাসকেল ভিলেনিউভ ও সিএফএসের সভাপতি মুহম্মদ জাফর ইকবাল। উৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম ও সিএফএসের সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ। উদ্বোধনী দিন প্রদর্শিত হয় মোরশেদুল ইসলাম পরিচালিত আমার বন্ধু রাশেদ।প্রথমবারের মতো এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা দেশে। ঢাকায় নয়টি, চট্টগ্রামে ছয়টি এবং সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশালে একটি করে মোট ২০টি কেন্দ্রে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবে প্রদর্শিত হচ্ছে ৪০টি দেশের দুই শতাধিক শিশুতোষ কাহিনিচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, কার্টুনচিত্র ও প্রামাণ্যচিত্র।অন্যবারের মতো এবারও রয়েছে প্রতিযোগিতা বিভাগ। এতে প্রদর্শিত হবে শিশুনির্মাতাদের নির্মিত ৩২টি চলচ্চিত্র। এর মধ্যে পাঁচটি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের স্মরণে ‘ট্রিবিউট টু তারেক মাসুদ’ শীর্ষক বিভাগে প্রদর্শিত হবে তাঁর পরিচালিত চলচ্চিত্র মুক্তির গান।এবারের উৎসবে সারা দেশ থেকে ১২৫ জন শিশুকে আমন্ত্রণ জানানো হয়েছে শিশু প্রতিনিধি হিসেবে। এদের মধ্যে ১০ জন সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশু রয়েছে। এ ছাড়া রয়েছে চলচ্চিত্রবিষয়ক কর্মশালা, সেমিনার ও অন্তরঙ্গ আড্ডা।এবারের উৎসবে চিলড্রেনস ফিল্ম সোসাইটিকে মূল সহযোগিতা করছে ইউনিসেফ। এ ছাড়া আরও সহায়তা করছে প্রথম আলো, আইএফআইসি ব্যাংক, আলিয়ঁস ফ্রঁসেজ, ব্রিটিশ কাউন্সিল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, অ্যাকশনএইড, জনতা ব্যাংক, ড্যাফোডিল ইউনিভার্সিটি ও সময় টেলিভিশন।খুলনা অফিস জানায়, খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যায় ইউনিসেফের উদ্যোগে চার দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে ৪২টি শিশু চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।যৌথভাবে উৎসবের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক জমসের আহাম্মেদ খন্দকার, শিক্ষাবিদ অসিত বরণ ঘোষ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনার উপপরিচালক টি এম জাকির হোসেন।