‘বকশিশ’ কমায় পণ্য খালাসে সময় বাড়ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুজাতিক জাহাজ কোম্পানি সি কনসোর্টিয়ামের জাহাজ এমভি এক্সপ্রেসের ধাউলাগিরি থেকে পণ্যভর্তি কনটেইনার খালাস ও বোঝাই করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করতে আট দিন সময় লেগেছে। গত বুধবার বেলা পৌনে ১২টায় জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। এর আগে গত ৬ জুন একই জাহাজ সমপরিমাণ কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে চার দিনের মধ্যেই ফিরে যায়। তারও আগে গত ৯ মে পণ্য খালাস শেষে এটি ১২ মে ফিরে যায়। বন্দর সূত্রে জানা যায়, পাঁচ-ছয় মাস আগে বন্দরে একটি জাহাজের পণ্য খালাস শেষে ফিরে যেতে সময় লাগত আড়াই দিন। এখন বেশির ভাগ জাহাজের সাত-আট দিন সময় লাগছে। বিশেষ করে গত ১০ মে থেকে সাধারণ পণ্যবাহী জেটির জাহাজে পণ্য ও কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় শুরুর পর থেকে জাহাজের গড় অবস্থান বাড়তে থাকে। বন্দর কর্তৃপক্ষের টার্মিনাল ব্যবস্থাপকের এক প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে। ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে পণ্যভর্তি কনটেইনার নিয়ে যেসব ফিডার জাহাজ চলাচল করে, সেগুলোর বড় আকারের জাহাজ (মাদার ভ্যাসেল) সিঙ্গাপুর, কলম্বো (শ্রীলঙ্কা) ও মালয়েশিয়ার বন্দরে থাকে। ইউরোপ-যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে সেসব জাহাজে তুলে নিতে হয়। বন্দরে ফিডার জাহাজের দেরি হলে এ জাহাজ সিঙ্গাপুর, কলম্বো বা মালয়েশিয়ায় গিয়ে মূল জাহাজের সংযোগ পায় না। ফলে রপ্তানিকারকদের আর্থিক ক্ষতি এবং ব্যবসায়িক সুনাম নষ্ট হয়।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ‘বন্দরে জাহাজের দেরির কারণে সিঙ্গাপুরে আমাদের অনেক সদস্য মাদার ভ্যাসেল পান না। তখন অনেকে সিঙ্গাপুর থেকে আকাশপথে ইউরোপ-যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক পাঠাতে বাধ্য হন।’ অনুসন্ধানে জানা যায়, আগে বন্দরের ঠিকাদার ছিল বার্থ অপারেটর এবং স্টিভিডোরস প্রতিষ্ঠানগুলো। তারা দ্রুত কাজ করিয়ে নিতে শ্রমিক-কর্মচারীদের জন্য ঘুষ, বকশিশ বা স্পিড মানি চালু করে। তখন এক থেকে দেড় হাজার কনটেইনারবাহী জাহাজে পণ্য খালাস এবং পণ্য বোঝাই করে যাত্রা পর্যন্ত বাড়তি খরচ হতো এক লাখ থেকে এক লাখ ২০ হাজার টাকা। অপারেটরদের প্রতি কনটেইনার ওঠানো-নামানোর জন্য স্পিড মানি দেওয়া হতো ৪০ টাকা। ট্রাক্টর ট্রেইলরের চালকদের প্রত্যেককে আট ঘণ্টা পালায় কাজ করার জন্য দিতে হতো ২০০ টাকা। কাজের ধরনের ওপর নির্ভর করে বন্দরের ট্রাফিক পরিদর্শক (টিআই), শেড ইনচার্জ, শেড ক্লার্ক, পোর্ট টালিক্লার্কের প্রত্যেককে ঘাটে ঘাটে দিতে হতো ২০০-৫০০ টাকা।বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য ও কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরুর পর বাড়তি অর্থ ব্যয়ের সুযোগ কমে যায়। ফলে এখন সময়মতো যন্ত্রপাতির জোগান পাওয়া যাচ্ছে না, একটি জাহাজ জেটিতে আসা-যাওয়ার সময় পর্যন্ত নানা ধাপের কাজে অহেতুক দেরি হচ্ছে। স্টিভিডোরস প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ মাস্টারস স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের (বিএমএসএ) সাবেক সহসভাপতি মো. ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘ওঠানো-নামানোর কাজের মধ্যে দুপুর হলে আমরা বন্দরের ভেলমেট অপারেটরকে (যন্ত্রচালক) খাবার দিতাম। এখন বন্দর কর্তৃপক্ষের সেই ধরনের কোনো ব্যবস্থা নেই বলে অপারেটররা বেশি সময় নষ্ট করছে।’বার্থ অপারেটর শাহাদাত হোসেন বলেন, ‘একটি ট্রেইলর সময়মতো জেটিতে না এলে কোন আইসিডিতে ট্রেইলর খালি আছে সেই খবর আনতে নগদ ২০০-৩০০ টাকা দিয়ে একজন লোককে দ্রুত ওই আইসিডিতে পাঠাতাম। এখন এটা হয়তো হচ্ছে না।’চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমদ বলেন, আগে এ ধরনের কিছু একটা হতো। বন্দরের পক্ষে এটা করা সম্ভব নয়। তিনি বলেন, ‘যে কাজ আমরা ১২৩ বছরের ইতিহাসে করিনি, সেটা করতে আমাদের কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে।’