‘বক্তব্য’ অস্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্তব্য প্রকাশের দুই দিন পর ব্যাখ্যা পাঠিয়ে তা অস্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং পরে একজন ছাত্রের মৃত্যুর ঘটনাটি ‘বিচ্ছিন্ন ঘটনা’—এ ধরনের কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।এতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিকভাবে গণমাধ্যমে প্রকাশিত হয়নি। প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে যে প্রতিবেদন করা হয়েছে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিকভাবে প্রকাশিত হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ব্যাখ্যায় আরও বলা হয়, এই ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।আইন মন্ত্রণালয়ের একটি সভা শেষে ৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু ও ছাত্রলীগের ভর্তি বাণিজ্য নিয়ে সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি বিচ্ছিন্ন ঘটনা। এমনটি ঘটতেই পারে।’ ৪ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন টেলিভিশিন চ্যানেলে বক্তব্যটি প্রচারিত হয়। এরপর ৫ ফেব্রুয়ারি তাঁর এই বক্তব্য বিভিন্ন দৈনিকে ছাপা হয়। তবে সেদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রতিবাদ করেনি বা ব্যাখ্যা দেয়নি।