‘বঙ্গবন্ধুর পর ইউনূস শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর পর এ দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার আসনে যাঁকে অধিষ্ঠিত করা যায়, তিনি হলেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গোটা পৃথিবীর কাছে, সভ্যতার কাছে গরিব মানুষের ভাগ্যোন্নয়নের রূপকার হিসেবে পরিচিত মানুষটির কোনো অপমান মেনে নেওয়া যায় না। কারণ, সারা বিশ্বে গ্রামীণ ব্যাংক কারও ক্ষতি করেছে এমন কোনো নজির জানা নেই।‘নোবেলজয়ী ড. ইউনূস সুহূদ, চট্টগ্রাম’ আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। আজ শনিবার বিকেলে নগরের শহীদ মিনারে গ্রামীণ ব্যাংক সরকারীকরণের প্রক্রিয়া বাতিলের দাবিতে এ প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, ড. ইউনূস এবং তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক সম্পর্কে প্রকৃত সত্য তুলে ধরাকে পবিত্র দায়িত্ব মনে করে এবং একে ধ্বংসের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁরা অবস্থান নিয়েছেন। তাঁরা বলেন, তাঁরা কেউ সরকারের বিপক্ষশক্তি নন, কিংবা আগামী দিনে ক্ষমতাপ্রত্যাশী কোনো গোষ্ঠীরও প্রতিনিধি নন। তাঁরা এ দেশের সাধারণ মানুষের প্রতিনিধি। সরকারের প্রতি গ্রামীণ ব্যাংক সরকারীকরণ অধ্যাদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংকের ৯৭ শতাংশ শেয়ার হচ্ছে গ্রামীণ নারীদের। বাকি তিন শতাংশ সরকারের। এ অবস্থায় সরকার কেন পুরো ব্যাংককে গ্রাস করার চিন্তা করছে, তা বোধগম্য নয়। আওয়ামী লীগের মতো একটি গণতান্ত্রিক সরকার এ ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে তাদের রাজনীতিকে কলঙ্কিত করবে না বলেই বক্তারা বিশ্বাস করেন। বক্তারা আরও বলেন, হলমার্কের মতো একটি প্রতিষ্ঠান ব্যাংকের চার হাজার কোটি টাকা লোপাটের পরও তাকে বড় করে দেখছেন না সরকারের অর্থমন্ত্রীসহ নীতিনির্ধারকেরা। অথচ গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে এ ধরনের কোনো দুর্নীতি না থাকার পরও তাকে কোণঠাসা করার অপচেষ্টা চালানো হচ্ছে। প্রতিবাদী অবস্থান কর্মসূচির শেষে কয়েকটি সুপারিশ তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ সিকান্দর খান। এতে গ্রামীণ ব্যাংক সরকারীকরণ অধ্যাদেশ বাতিলের পক্ষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো, সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের কথা বলা হয়। পাশাপাশি প্রতিটি ওয়ার্ড, পাড়ামহল্লা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নোবেলজয়ী ড. ইউনূস সুহূদের সংগঠন গড়ে তোলা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ব্যাপারে সবাইকে সোচ্চার থাকার অনুরোধ জানানো হয়।প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন নোবেলজয়ী ড. ইউনূস সুহূদের সদস্যসচিব ফারুক-ই আজম, মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ফজলুল করিম, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী, স্থপতি জেরিন হোসেন, এ কিউ এম অহিদুল আলম, ঢাকার গ্রামীণ ব্যাংক রক্ষা ও দুর্জন প্রতিরোধ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সদরুল হক, জাপানের অনারারি কনসাল মুহাম্মদ নুরুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন মুহাম্মদ সিকান্দর খান। সভা পরিচালনা করেন সৈয়দ আবুল বশর।