এমন অদ্ভুত আমন্ত্রণপত্র কেউ কখনো পেয়েছে কিনা সন্দেহ। আমন্ত্রণপত্র মানে ই-আমন্ত্রণপত্র। শ্রীলঙ্কা ট্যুরিজম বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, শ্রীলঙ্কায় বিশ্বকাপ কাভার করতে আসা সাংবাদিকদের জন্য একটা পার্টি দেবে। অতিথি সমাদরও হলো, সঙ্গে বিশ্ব মিডিয়ায় শ্রীলঙ্কার পর্যটনের একটা প্রচার। এই পার্টিতে আমন্ত্রণ জানিয়ে ব্রায়ান মারগাট্রয়েড সাংবাদিকদের কাছে যে মেইলটি পাঠালেন, তাঁর শেষ লাইন, ‘পার্টিতে কিন্তু আমিও থাকব, এ জন্য আবার আসা বাদ দিয়ো না!’কে এই ব্রায়ান? ভদ্রলোক ইংলিশ, এখন শ্রীলঙ্কায় আইসিসির মিডিয়া ম্যানেজার। আইসিসির মিডিয়া ম্যানেজার মানে গম্ভীর এক মানুষ, যিনি সব সময় হন্তদন্ত হয়ে ছোটাছুটি করেন। ব্রায়ান ঠিক উল্টো। মজা করেন, ভীষণ আন্তরিক। মুখে হাসি লেগেই আছে, সিরিয়াস কোনো কথা বলার সময়ও হাসিঠাট্টা চলেই। নানা দেশের নানা মন-মানসিকতার সাংবাদিক এখানে, সবার কাছেই ব্রায়ান যতটা না মিডিয়া ম্যানেজার, তার চেয়ে বেশি ‘মিডিয়া ফ্রেন্ড!’পার্টিতে গিয়েই দেখা গেল পেয়ারার জুসের গ্লাস হাতে ঘুরঘুর করছেন ব্রায়ান। ‘ঝুঁকিটা নিয়েই ফেললাম।’ কাছে গিয়ে বলতেই অবাক ব্রায়ান, মানে? ‘এই যে তুমি থাকা সত্ত্বেও পার্টিতে এলাম!’ মজাটা ধরতে পেরে নিজের প্রতিভা দেখাতে শুরু করলেন ব্রায়ান। ততক্ষণে ধারাভাষ্য দিতে শ্রীলঙ্কায় আসা টনি গ্রেগ, রাসেল আরনল্ড, অ্যালান উইলকিন্সরাও চলে এসেছেন। পেয়ারার জুসটা দারুণ, কয়েকজন চার-পাঁচ গ্লাস খেয়ে ফেললেন নিমেষেই। প্রজেক্টরে দেখানো হচ্ছিল শ্রীলঙ্কার পর্যটন নিয়ে দারুণ এক ভিডিওচিত্র। হঠাৎ ভেসে এল ঘোষণা, ‘ড্রাম বাহিনী প্রস্তুত। আপনারা শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী মিছিল (এই মিছিলের নামটা খটমট, এই মুহূর্তে মনে নেই) করতে করতে তাদের অনুসরণ করুন, চলে আসবেন পার্টির মূল ভেন্যুতে।’মূল ভেন্যু তাহলে এটা নয়! মিছিলের সামনের দিকে দেখা গেল, শুধু ড্রাম বাহিনী নয়, আছে ‘আগুন বাহিনীও’। ড্রাম বাজাচ্ছেন কজন, পাশে কজন দেখাচ্ছেন আগুনের খেলা। মূল ভেন্যুতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড়, বিশাল দুটো বটগাছ, অনেক গাছপালা, শণের ঘরবাড়ি। পাঁচ তারকা হোটেলের ভেতরে এ তো গ্রাম! ট্যুরিজম বোর্ডের ঘোষক জানালেন, আদতেই এটা একটা গ্রাম। নাম ‘লুগা গামা’। সিংহলিজ ভাষায় ‘লুগা’ মানে বটগাছ, ‘গামা’ মানে গ্রাম। বটগাছ-রহস্য এবার পরিষ্কার। বোঝা গেল, পরিকল্পনা করেই এসব বানানো হয়েছে!বটগাছের গ্রামে আলো-আঁধারির মায়াময় পরিবেশ। গোলমতোন একটু জায়গা পাকা করে মঞ্চের মতো করা হয়েছে। সেখানে ছোট্ট এক বক্তৃতা পর্ব। ট্যুরিজম বোর্ডের প্রধান জানালেন শ্রীলঙ্কার পর্যটন সম্ভাবনা, সুযোগ-সুবিধার কথা, আহ্বান জানালেন শ্রীলঙ্কার অপরূপ সৌন্দর্য দেখতে। এর পরই মূল পর্ব। একপাশের কুঁড়েঘরে গানের আসর। কিছুই বোঝা যায় না। সবই যে সিংহলিজ ভাষার। কিন্তু বাঁশির মোহনীয় সুরের তো অন্য ভাষা নেই! মন কাড়ল জাদুকরি কণ্ঠও। ঐতিহ্যবাহী সিংহলিজ গানের মাঝে হঠাৎ চমক। শিল্পীর কণ্ঠে, ‘সুহানি রাত ঢাল চুকি’, মোহাম্মদ রফির কালজয়ী গান। গেয়েছিলেন ১৯৪৯ সালে, আজও আবেদন কমেনি এতটুকু। গান শেষ হতেই শিল্পীর দিকে ছুটে যাওয়া, ‘আপনি হিন্দি ভাষা পারেন?’ লাজুক হেসে মধ্যবয়সী শিল্পী এগিয়ে দিলেন একটি খাতা, যেখানে হিন্দি গান লেখা সিংহলিজ ভাষায়!অনুষ্ঠানের সেরা আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী শ্রীলঙ্কান নৃত্য। ছিল নৃত্যনাট্যও, যাতে ফুটে উঠেছে শ্রীলঙ্কার সংস্কৃতি আর ঐতিহ্য। সব মিলিয়ে পরশু রাতের ‘বটগাছের গ্রাম’ যেন ছিল এক টুকরো শ্রীলঙ্কা। জানানো হলো, বিশ্বের কাছে তুলে ধরার জন্য কলম্বোর পর্যটন স্পটগুলোতে নিয়ে যাওয়া হবে বিদেশি সাংবাদিকদের।বিশ্বকাপ উপলক্ষে দেশের পর্যটনের স্বর্গ দুই শহরে নতুন দুটি চোখ-ধাঁধানো স্টেডিয়াম বানিয়েছে শ্রীলঙ্কা, বিশ্বের সামনে তুলে ধরছে শ্রীলঙ্কার অপরূপ সৌন্দর্য। আর বাংলাদেশ? পুরোনো স্টেডিয়ামগুলোর সংস্কার আর অস্থায়ী কিছু লাল-নীল বাতি লাগানো ছাড়া আর কী হলো? বিশ্বকাপকে কতটা কাজে লাগাতে পারল বাংলাদেশ?