‘বন্ড’ ছবিতে বলিউডের নাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচ-গানের দৃশ্য ছাড়া বলিউডের ছবি কল্পনাই করা যায় না। অন্যদিকে, হলিউডের ছবিতে এ ধরনের দৃশ্য খুব একটা দেখা যায় না। মজার ব্যাপার হলো বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’-এ এমন একটি ‘বলিউডি’ নাচ-গানের দৃশ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে।অবশ্য ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ড চরিত্রের অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ কিংবা বন্ড গার্ল বেরেনিস মারলো ও নাওমি হ্যারিস ‘স্কাইফল’-এর এই নাচ-গানের দৃশ্যে অভিনয় করবেন না। বন্ড সিরিজের এবারের ছবিতে ভারতীয় একটি চরিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। আর সেই চরিত্রের রেশ ধরেই নাচ-গানের দৃশ্য সংযোজিত হতে যাচ্ছে ছবিটিতে। তবে এখন পর্যন্ত দৃশ্যটির ধারণকাজ সম্পন্ন হয়নি এবং চূড়ান্ত সম্পাদনার সময় সেটি বাদ পড়বে কি না, তা-ও নিশ্চিত নয়।‘স্কাইফল’ ছবির কিছু অংশের শুটিং হওয়ার কথা ছিল নয়াদিল্লির সরোজিনী নগর এবং গোয়া ও আহমেদাবাদের মধ্যবর্তী কংকান রেললাইনে। কিন্তু শুটিংয়ের অনুমতি পাওয়া নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত ভারতে আর ছবিটির শুটিং করা হয়নি। ‘স্কাইফল’ পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘আমেরিকান বিউটি’খ্যাত অস্কারজয়ী চিত্রনির্মাতা স্যাম মেন্ডেস। এর বিভিন্ন চরিত্র অভিনয় করছেন ডেনিয়েল ক্রেইগ, বেরেনিস মারলো, নাওমি হ্যারিস, জেভিয়ার বারডেম, ডেম জুডি ডেঞ্চ প্রমুখ। ছবিটির লন্ডন প্রিমিয়ার হবে চলতি বছরের ২৬ অক্টোবর। আর ভারতে মুক্তি পাবে ২ নভেম্বর।