‘বন্ড’ ভক্তদের জন্য সুখবর!
জেমস বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’ মুক্তি পাচ্ছে চলতি বছরের অক্টোবর মাসে। মুক্তির আগেই ছবিটি নিয়ে সবার মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বন্ড সিরিজের ২৪তম ছবির ছক আঁকা শুরু করে দিয়েছেন ‘বন্ড’ ছবির কারিগরেরা। জেমস বন্ড সিরিজের ২৩তম ছবি স্কাইফল আদৌ তৈরি হবে কি না, তা নিয়ে শুরুর দিকে সংশয় থাকলেও, ২৪তম ছবিটি নিয়ে কোনো রকম সংশয়ের অবকাশ নেই বন্ড ভক্তদের। কারণ, স্কাইফল মুক্তির আগেই এর পরবর্তী ছবি তৈরির পরিকল্পনা শুরু হয়ে গেছে। ছবিটি ২০১৪ সালে মুক্তি দিতে চান নির্মাতারা। সাম্প্রতিক এক খবরে বন্ড ভক্তদের এমন সুসংবাদই দিয়েছে যুক্তরাজ্যের দ্য ডেইলি এক্সপ্রেস। উল্লেখ্য, ২০১০ সালে বন্ড ছবির পরিবেশক সংস্থা এমজিএম অর্থ সংকটে পড়লে স্কাইফল ছবির ভবিষ্যত্ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সে সময় এমন খবরও চাউর হয়েছিল, আর হয়তো কখনোই আলোর মুখ দেখবে না স্কাইফল। তবে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয় ছবির কাজ। এখন স্কাইফল ছবিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। যুক্তরাজ্যে বন্ড সিরিজের এ ছবিটি মুক্তি পাচ্ছে ২৬ অক্টোবর।