‘বন্দুকযুদ্ধে’ এক ঘণ্টায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ঘণ্টায় তিনটি ‘বন্দুকযুদ্ধ’! এবং তিনজন নিহত। ঘটনাস্থল ঢাকা, বরিশাল ও মেহেরপুর। সময়—গতকাল শুক্রবার ভোররাত চারটা থেকে পাঁচটা। সব কটি বন্দুকযুদ্ধ হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে।র‌্যাবের ভাষ্যমতে, নিহত ব্যক্তিরা হলেন ঢাকার মালিবাগের চৌধুরীপাড়া এলাকার আবদুল্লাহ মো. নাজিমুদ্দিন ওরফে হোন্ডা বাবু ওরফে টিঅ্যান্ডটি বাবু (৩০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আল আমিন সন্যামত (৩০) ও মেহেরপুরের গাংনী উপজেলার দুর্জয় বাবু ওরফে বাচ্চু (৩৫)।র‌্যাব দাবি করেছে, নাজিমুদ্দিন সন্ত্রাসী জিসান বাহিনীর সদস্য। তাঁর নামে রাজধানীর মতিঝিল থানায় হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। আল আমিন বাকেরগঞ্জের শীর্ষস্থানীয় সন্ত্রাসী ও ডাকাত সর্দার। আর দুর্জয় বাবু চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার।নাজিমুদ্দিন ওরফে হোন্ডা বাবুর মৃত্যু এবং র‌্যাবের বক্তব্য: ঢাকায় র‌্যাব-৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৩-এর একটি দল গতকাল ভোররাতে মতিঝিল থানাধীন মালিবাগের ১/৬ আউটার সার্কুলার রোডে একটি তল্লাশি চৌকিতে দায়িত্ব পালন করছিল। ভোররাত চারটার দিকে ‘অন টেস্ট’ লেখা একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে দুই যুবক ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন। র‌্যাব সদস্যরা থামার সংকেত দিলে তাঁরা দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা এক যুবক র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। র‌্যাবও পাল্টা গুলি চালালে পেছনের আরোহী গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। আর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান চালক। সন্ত্রাসীর গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার ওপরে থাকা তল্লাশি চৌকিতে র‌্যাবের ‘থামুন’ লেখা বোর্ড ক্ষতিগ্রস্ত হয়। পরে গুলিবিদ্ধ ব্যক্তির কাছে গিয়ে তাঁকে মৃত এবং তাঁর ডান হাতে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল দেখতে পাওয়া যায়। র‌্যাব পরে নিহত ব্যক্তির পরিচয় জানতে পারে। খবর পেয়ে মতিঝিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজিমুদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। র‌্যাবের ভাষ্যমতে, নাজিমুদ্দিনের বিরুদ্ধে মতিঝিল থানায় হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা ও জিডি রয়েছে। এলাকায় হত্যা, মারামারি, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ নানা ধরনের অপকর্মের সঙ্গে তিনি জড়িত ছিলেন।যোগাযোগ করা হলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন গতকাল রাত সাতটার দিকে প্রথম আলোকে বলেন, ‘নাজিমুদ্দিনের বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, ‘বন্দুকযুদ্ধ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় র‌্যাব নিহত ব্যক্তিকে অজ্ঞাত উল্লেখ করে থানায় একটি মামলা করেছে। আমরা এর বেশি কিছু জানি না।’নাজিমুদ্দিনের পরিবারের দাবি: নাজিমুদ্দিনের ভাই নয়ন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ‘আইনের’ লোক পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি নাজিমুদ্দিনকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরং গ্রামের বাড়ি থেকে ধরে নিয়ে যান। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল ঢাকা মেডিকেল কলেজের মর্গে নয়ন সাংবাদিকদের জানান, মতিঝিল থানার একটি মামলায় সাড়ে তিন বছর কারাগারে ছিলেন নাজিমুদ্দিন। গত ১৩ নভেম্বর তিনি জামিনে মুক্তি পান। এরপর ঢাকায় ঈদ করে ফটিকছড়িতে গ্রামের বাড়িতে যান। সেখানে তাঁদের পারিবারিক ব্যবসা রয়েছে। সেখানেই সময় দিচ্ছিলেন নাজিমুদ্দিন। গতকাল ভোরে মতিঝিল থানার পুলিশ তাঁকে ফোন করে জানায়, তাঁর ভাই র‌্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন। দুই ভাই ও এক বোনের মধ্যে নাজিমুদ্দিন দ্বিতীয়।বরিশালে আল আমিন: বরিশাল র‌্যাব-৮-এর বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বৃহস্পতিবার রাত নয়টার পর জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে বিশেষ টহলে যান র‌্যাব-৮ বরিশাল ক্যাম্পের সদস্যরা। রাত চারটা ৪০ মিনিটের দিকে ইউনিয়নের রবিপুর গ্রামের পিয়ারপুর ব্রিজের পশ্চিম ঢালে রাস্তার পাশে পাঁচ থেকে সাতজন লোককে কথা বলতে বলতে হাঁটতে দেখা যায়। টহল দলটি তাদের অতিক্রম করে আনুমানিক ৪০ গজ দূরে গাড়ি থামায়। টহল অধিনায়ক পোশাকধারী র‌্যাব সদস্যদের নিয়ে তাদের দিকে এগিয়ে যান। সদস্যরা নিজেদের পোশাকের ওপর টর্চের আলো ফেলে পরিচয় প্রকাশ করে এত রাতে ঘোরাফেরার কারণ জানার জন্য এগোতে থাকেন। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তারা দৌড়ে পালাতে থাকে। সুবিধাজনক স্থানের দিকে যেতে যেতে তাদের কেউ কেউ র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র‌্যাব জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে প্রায় দুই-তিন মিনিট গুলিবিনিময় চলে। ইতিমধ্যে স্থানীয় জনগণও ঘটনাস্থলে সমবেত হতে থাকে। পরে পুলিশ এবং স্থানীয় জনগণ তল্লাশি চালিয়ে একটি গুলিবিদ্ধ দেহ এবং দুটি গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি ৯ এমএম বিদেশি পিস্তল পায়। কিছু দূরে দুটি তাজা কার্তুজসহ একটি শাটারগান ও একটি কিরিচও পাওয়া যায়। এলাকাবাসী মৃত দেহটিকে বাকেরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত আল আমিন সন্যামত বলে শনাক্ত করে। স্থানীয় থানার পুলিশ মৃতের সুরতহাল করে। বাকেরগঞ্জ থানার ওসি সৈয়দ রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, আল আমিনের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে।মেহেরপুরে দুর্জয় বাবু: র‌্যাব-৬ মেহেরপুরের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, গতকাল ভোর রাত চারটার দিকে র‌্যাবের একটি টহল দল জেলার গাংনী উপজেলার পূর্ব মালসাদহ গ্রামে গুলিবিনিময়ের শব্দ শুনতে পায়। র‌্যাব গ্রামের একটি আমবাগানের কাছে গিয়ে দেখতে পায় চরমপন্থীদের দুটি দল গুলিবিনিময় করছে। চারটা ২০ মিনিটের দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে আট থেকে ১০টি গুলি ছোড়ে। র‌্যাবও ২৫-৩০টি গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। গুলিবিনিময় থামলে র‌্যাব ঘটনাস্থল থেকে এক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরে স্থানীয় গ্রামবাসী জানায়, নিহত ব্যক্তির নাম দুর্জয় বাবু ওরফে বাচ্চু। তিনি বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার। এ সময় লাশের পাশ থেকে একটি রিভলভার, একটি এলজি শাটারগান, চারটি গুলি, ২০ পুরিয়া গাঁজা ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, নিহত দুর্জয় বাবুর নামে গাংনী ও পাশের চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় ছয়টি হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির ১১টি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ চরমপন্থী নেতা ও সন্ত্রাসী ছিলেন।বরিশাল ও মেহেরপুরে নিহতের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।