‘বন্দুকযুদ্ধে’ গণমুক্তিফৌজ নেতা বিধান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানের সময় গুলিতে বিধান চন্দ্র বিশ্বাস নামে একজন নিহত হয়েছেন। তিনি চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের কেন্দ্রীয় নেতা ছিলেন।আজ শনিবার ভোররাতে জেলার সদর উপজেলার সমসপুর গ্রামের একটি মাঠে মেহগনি বাগানে র‌্যাব-পুলিশের সঙ্গে চরমপন্থীদের বন্দুকযুদ্ধের সময় এ ঘটনা ঘটে।ঘটনা সম্পর্কে র‌্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফ বলেন, চরমপন্থীদের একটি দল সমসপুর গ্রামের একটি মাঠে মেহগনি বাগানে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাত সাড়ে তিনটার দিকে র‌্যাব-পুলিশের যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় চরমপন্থীরা র‌্যাব ও পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে প্রায় ২০-২৫ মিনিট গুলিবিনিময় চলে। একপর্যায়ে চরমপন্থীরা পিছু হটে।ক্যাপ্টেন আশরাফ আরও বলেন, পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ওয়ান সুটারগান, একটি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি তাজা গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত এক চরমপন্থীকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের কেন্দ্রীয় নেতা বিধান চন্দ্র বিশ্বাস বলে স্থানীয় লোকজন শনাক্ত করেন। র‌্যাব-পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত বিধান চন্দ্র সদর উপজেলার মুনুড়িয়া গ্রামের নিরঞ্জন চন্দ্র বিশ্বাস ওরফে বাটুল বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন আত্মগোপন থেকে চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে ১২টি হত্যা মামলাসহ সন্ত্রাস, চাঁদাবাজ ও বোমাবাজির অসংখ্য মামলা রয়েছে বলে র‌্যাব দাবি করেছে।