‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গতকাল সোমবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল জলিল (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, জলিল চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা ছিলেন।মিরপুর থানার পুলিশের ভাষ্যমতে, কুর্শা পুলপাড়ার একটি ইটভাটার কাছে অস্ত্র নিয়ে ১০-১২ জন চরমপন্থী গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত দুইটার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধের পর চরমপন্থীরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটি আবদুল জলিলের বলে স্থানীয় লোকজন শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, চরমপন্থী নেতা আবদুল জলিলের বিরুদ্ধে মিরপুর থানায় চারটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দেশে তৈরি দুটি এলজি, দুটি বোমা ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।