‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত
ঢাকা ও কুষ্টিয়ায় গত মঙ্গলবার গভীর রাতে এবং গতকাল বুধবার ভোরে র্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন পুরান ঢাকার গেন্ডারিয়ার সুমন ওরফে ডাকাত সুমন (২৮), আলাউদ্দিন (২৭), পল্লবীতে রাহাত (৩২) এবং কুষ্টিয়ার মিলন ফকির ওরফে জীবন (২৪)।র্যাব জানায়, সুমন ও আলাউদ্দিন দুর্ধর্ষ সন্ত্রাসী। পুলিশ জানায়, নিহত রাহাত ছিনতাইকারী চক্রের নেতা। তিনি রমনা থানার নয়াটোলার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান এবং এটিএন বাংলার ক্যামেরাম্যান শফিকুল ইসলাম ওরফে মিঠু হত্যায় জড়িত। কুষ্টিয়ায় নিহত মিলন চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের সক্রিয় সদস্য।র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে র্যাব-১০-এর একটি টহল দল গেন্ডারিয়ার দীননাথ সেন রোডে সেন্ট অ্যালবার্ট ডিবেট মাঠে একটি গুলির শব্দ শুনে উৎস খুঁজতে থাকে। তাঁদের উপস্থিতি টের পেয়ে সাত-আটজন সন্ত্রাসী গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। ২০-২৫ মিনিট গুলিবিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় র্যাবের এএসআই প্রিয়তোষ আহত হন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় লোকজন ও পুলিশ পরে সেখানে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আহত র্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ও পুলিশ নিহত দুজনকে সুমন ওরফে ডাকাত সুমন ও আলাউদ্দিন বলে শনাক্ত করে। সুমন সূত্রাপুর থানার ঢালকানগর লেনে থাকতেন। তাঁর বাবার নাম ইসহাক। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালিগাঁওয়ের মাইজপাড়ায়। আলাউদ্দিনের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরার কুড়িবিচিরে। তাঁর বাবা মৃত আবদুর রশীদ।গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ডাকাত সুমন গেন্ডারিয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি পেশাদার খুনি। তাঁর বিরুদ্ধে থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে। আলাউদ্দিন সায়েদাবাদ বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। তাঁর বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির অভিযোগে ডেমরা থানায় ছয়টি মামলা আছে।নিহতদের স্বজনেরা গতকাল লাশ নিতে মিটফোর্ড হাসপাতাল মর্গে যান। সুমনের মা রোবেদা বেগম সাংবাদিকদের জানান, একটি সন্ত্রাসের মামলায় ১০ বছর জেল খেটে সুমন কয়েক মাস আগে বের হয়। আলাউদ্দিনের স্ত্রী ইয়াসমিন আক্তার জানান, তাঁর স্বামী নারায়ণগঞ্জ থেকে এসে সায়েদাবাদে একটি বাস কাউন্টারে চাকরি করতেন। শনিবার সুমন নামের এক ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক আগে আলাউদ্দিন জেল খেটেছেন। পুলিশ জানায়, নয়াটোলা ফাঁড়ির এএসআই মিজানুর হত্যায় জড়িত অভিযোগে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও টাঙ্গাইলের মির্জাপুর থানার একটি যৌথ দল মাদারীপুর সদর উপজেলা থেকে সুজনকে (২৩) গ্রেপ্তার করে। তিনি ওই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁর তথ্যের ভিত্তিতে ওই দিন সন্ধ্যায় ঢাকার মিরপুর থেকে রাজু ওরফে জামাই রাজুকে (২২) গ্রেপ্তার করা হয়। সুজন ও রাজু পুলিশকে জানান, তাঁদের দলনেতা রাহাত নিজের প্রাইভেট কার নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে পল্লবীতে গেছেন। পরে পুলিশ ওই গাড়ি দেখে ধাওয়া করলে সেটি পল্লবীর ইস্টার্ন হাউজিং দিয়ে মিরপুর বেড়িবাঁধের দিকে যেতে থাকে। গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে সন্ত্রাসীরা গাড়ি ফেলে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। গুলির শব্দে পল্লবী থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ এবং তার ব্যবহূত একটি পিস্তল উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা নিহত সন্ত্রাসীকে রাহাত বলে শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এএসআই মিজান ও মিঠু হত্যার ঘটনা নিয়ে গতকাল মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, গ্রেপ্তার রাজু ও সুজন জিজ্ঞাসাবাদে জানায়, তাদের দলনেতা রাহাতের প্রাইভেট কারে যাত্রী হিসেবে উঠিয়ে এএসআই মিজানকে গলায় গামছা পেঁচিয়ে দুই দিক দিয়ে টান মেরে শ্বাসরোধে হত্যা করা হয়। তারা মিজানের কাছ থেকে ১৬ হাজার টাকা, দুটি মুঠোফোন সেট ও মানিব্যাগ নেয়। পরে লাশ মির্জাপুরের চরপাড়া বাইপাসে ফেলা হয়। গ্রেপ্তারকৃতরা জানায়, তারা এটিএন বাংলার ক্যামেরাম্যান মিঠুকেও গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর টাকা ও মুঠোফোন সেট নিয়ে নেয়। পরে লাশ রোস্তমপুর বেড়িবাঁধের ঢালে ফেলে দেয়।সংবাদ ব্রিফিংয়ের পর রাজু ও সুজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তাঁরা ওই দুজনকে হত্যার কথা সবার সামনে স্বীকার করেন।গতকাল রাত পর্যন্ত রাহাতের লাশ নিতে কেউ ঢাকা মেডিকেল কলেজ মর্গে যায়নি। আমাদের কুষ্টিয়া অফিস জানায়, সদর উপজেলার স্বস্তিপুর গ্রামের আমানুল্লাহর বাঁশবাগানে মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিলন নিহত হন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ছয়টি গুলি, দুটি গুলির খোসা ও দুটি ককটেল উদ্ধার করে পুলিশ। মিলনের বাড়ি সদর উপজেলার শিমুলিয়া গ্রামে।সদর থানার পুলিশ জানায়, মিলন আট-দশজন সঙ্গী নিয়ে ওই বাঁশবাগানে সশস্ত্র অবস্থায় বৈঠক করছেন, এ খবর পেয়ে রাত পৌনে তিনটার দিকে পুলিশ সেখানে গেলে গুলি ছোড়ে চরমপন্থীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট বন্দুকযুদ্ধ শেষে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও পুলিশ বাঁশবাগানে মিলনের গুলিবিদ্ধ লাশ দেখে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম বলেন, মিলন গণমুক্তি ফৌজের সদস্য হয়ে মানুষ হত্যা করতেন। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় চারটি হত্যা, একটি চাঁদাবাজি, একটি বিস্ফোরক দ্রব্য আইনেসহ ছয়টি মামলা রয়েছে।পাবনায় চরমপন্থী গ্রেপ্তার: পাবনা অফিস জানায়, সদর উপজেলার মধুপুর গ্রামে মঙ্গলবার রাতে চরমপন্থীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শেষে হবিবর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হবিবর পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য ও চরমপন্থীদের আশ্রয়দাতা বলে পুলিশের দাবি। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।