‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের দুর্গম চর বালুয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছে।এতে নেতৃত্ব দেওয়া র্যাব-১১-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আবু হেনা মোস্তফা কামালের ভাষ্যমতে, নিহত ব্যক্তিরা নোয়াখালীর উপকূলীয় এলাকার জলদস্যু সর্দার নিজাম বাহিনীর সদস্য। তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে র্যাবের তিন সদস্যও সামান্য আহত হয়েছেন।বন্দুকযুদ্ধের পর জলদস্যুদের আস্তানা ও আশপাশের এলাকা থেকে দুটি এলজি, একটি করে কাটা রাইফেল, দেশীয় পিস্তল ও বিদেশি পিস্তল, বিভিন্ন অস্ত্রের ২২টি গুলি, চারটি প্যারাস্যুট সিগন্যাল রকেট ও দুটি রামদা উদ্ধার করেন র্যাবের সদস্যরা। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম মো. জয়নাল (৩৭)। অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি।র্যাব ও পুলিশের ভাষ্যমতে, নিজাম বাহিনীর সদস্যদের ধরতে গতকাল সকাল সাড়ে আটটার দিকে চর বালুয়ায় অভিযান চালায় র্যাব। টের পেয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে জলদস্যুরা। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে তিন দস্যু মারা যায় এবং বাকিরা পালিয়ে যায়।’ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আলী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য কাল (আজ শুক্রবার) সকালে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।