‘বন্দুকযুদ্ধে’ নিহতরা ডাকাত নন, দাবি পরিবারের
রাজধানীর তুরাগের দিয়াবাড়ি এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই ভাই সেলিম মিয়া ও জাকির হোসেন সন্ত্রাসী নন বলে দাবি করেছে তাঁদের পরিবার।আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে বৃদ্ধা সাজেদা বেগম তাঁর দুই সন্তান সেলিম (৪২) ও জাকিরের (২৬) লাশ শনাক্ত করেন। এ সময় তিনি দুই সন্তানের জন্য হাউমাউ করে কাঁদতে থাকেন। সঙ্গে আসা তাঁর পুত্রবধূ কোহিনুর আফসার তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। পরে বিকেলে সেলিম ও জাকিরের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান তাঁরা।এর আগে মর্গে কোহিনুর আফসার প্রথম আলো ডটকমকে বলেন, ‘সেলিম ও জাকির বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বা ডাকাতির সঙ্গে জড়িত নন। তাঁরা সন্ত্রাসীও ছিলেন না। তাঁদের বিরুদ্ধে কোনো মামলাও নেই। কুমিল্লার হোমনা উপজেলার নিলকি গ্রামের বাড়িতে গিয়ে খোঁজ নিলে এই বক্তব্যের সত্যতা পাবেন।’ তিনি আরও বলেন, সেলিমের কয়েকটি টেম্পো ছিল। এগুলো ভাড়া দিয়ে চলতেন সেলিম। আর ছোট ভাই জাকির সেলিমের টেম্পো চালাতেন। সেলিম ঢাকার অদূরে টঙ্গীতে তার শ্বশুরবাড়িতে থাকতেন। জাকির অবিবাহিত। তিনি সেলিমের সঙ্গে থাকতেন।কোহিনুরের দাবি, জাকির মাঝেমধ্যে গ্রামের বাড়িতে আসা-যাওয়া করতেন। কিন্তু সেলিম অনেক বছর ধরে গ্রামে যাননি। গ্রামে তাঁদের সামান্য জমিজমা আছে। সড়ক দুর্ঘটনায় মারা গেছে এমন খবর পেয়ে তাঁরা লাশ নিতে এসেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের সঙ্গে মারামারি করতে যাইব ক্যান, হ্যাতারা।’ ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত অপর যুবক সাজিদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে আছে। আজ রাত পর্যন্ত সাজিদের লাশ শনাক্তে কেউ ঢাকা মেডিকেল কলেজ মর্গে যাননি।গতকাল বৃহস্পতিবার ভোরে ডিবি তুরাগ থানার দিয়াবাড়ি এলাকার চণ্ডালভোগ এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সেলিম মিয়া, জাকির হোসেন ও সাজিদ হোসেন নামের তিন যুবক নিহত হন। ডিবি পুলিশের দাবি, সেলিম বৈদ্যুতিক ট্রান্সফরমার ডাকাত দলের নেতা। সেলিমের ছোট ভাই জাকির ও সাজিদ তাঁর সহযোগী।গতকাল ভোরে ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমানের নেতৃত্বে ডিবির কয়েকটি দল চণ্ডালভোগে ট্রান্সফরমার ডাকাত ধরতে অভিযান চালাতে গেলে তাঁদের সঙ্গে ডিবি পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এ সময় ডিবির এডিসি মশিউরসহ তিন পুলিশ সদস্য আহত হন। হাসপাতালে চিকিত্সাধীন মশিউরের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে পুলিশ।