‘বন্দুকযুদ্ধে’ স্কুলছাত্র নিহতের ঘটনায় সংসদীয় কমিটির উদ্বেগ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকদ্রব্যের বিক্রেতা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ‘বন্দুকযুদ্ধে’ স্কুলছাত্র নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি আবাসিক এলাকায় আগ্নেয়াস্ত্রের ব্যবহারে র্যাবকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।আজ বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু, মুজিবুল হক, হাবিবর রহমান ও সানজিদা খানম অংশ নেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুস সালাম সাংবাদিকদের বলেন, গতকাল মঙ্গলবার রাতে ফতুল্লায় যে ঘটনা ঘটেছে, সে ব্যাপারে সংসদীয় কমিটি আলোচনা করেছে। তিনি বলেন, এটা তো আর যুদ্ধক্ষেত্র বা সীমান্ত না। এটা একটা আবাসিক এলাকা। তাই গোলাগুলি করার সময় আরও সতর্ক থাকতে হবে। তাতে যদি একজন অপরাধী পালিয়েও যায়, তবু সাধারণ মানুষের জীবন রক্ষাই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কমিটি একই সঙ্গে এ ধরনের ঘটনায় র্যাবকে আরও সতর্ক হতে বলেছে।প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাতে ফতুল্লায় মাদকদ্রব্যের বিক্রেতা ও র্যাবের গোলাগুলিতে পাগলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র স্কুলছাত্র শুভ নিহত হয়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে র্যাব।এ ব্যাপারে আলাপকালে কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে যে ধরনের কার্যকলাপ বা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তাতে র্যাবের মান ক্ষুণ্ন হচ্ছে। সরকারও প্রশ্নবিদ্ধ হচ্ছে।’ তবে র্যাবের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশের কথা জানিয়ে তিনি বলেন, ‘অনেক সময় এই যে ছোট ছোট ঘটনা ঘটে যায়, তার অনেক ঘটনাই ইচ্ছাকৃত থাকে না। এর মধ্যে ভুল বোঝাবুঝি আছে, অতিরঞ্জনও আছে।’সভায় র্যাবের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। র্যাবের কার্যক্রম নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এ সময় উপস্থাপন করা হয়। এতে র্যাবের সাফল্য, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা হয়। সভায় কমিটির সদস্যরা র্যাবকে আরও সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন।সভায় ২১ আগস্ট বোমা হামলা, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা, দ্বিতল বাসে আগুন লাগানো মামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সভায় সিআইডির পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, দ্বিতল বাসে আগুন লাগানো মামলায় কিছুটা বিলম্ব হলেও বাকিগুলোর তদন্তকাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে।