‘বন্ধু আমি বাঁচব তো! আমাকে বাঁচাতে পারবি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থরথর করে কাঁপছে শরীর। দুই চোখ বন্ধ। বাম চোখের কোনায় এক ফোঁটা পানি গড়িয়ে পড়ার অপেক্ষায়। পরিচিত কণ্ঠস্বর শুনে আস্তে আস্তে চোখ খুললেন। ‘বন্ধু আমি বাঁচব তো! সবার মতো তোরাও হয়তো সান্ত্বনা দিবি, কিন্তু আমাকে বাঁচাতে পারবি না।’ বন্ধুদের পেয়ে আবেগতাড়িত হয়ে এসব কথা বলেন হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এনায়েত কবির। গত ৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের আলবেরুনী আবাসিক হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের সংঘর্ষের সময় এনায়েতকে পেটানোর পর চারতলা থেকে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত ছাত্রলীগের এই কর্মী এখন ঢাকা জেনারেল অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন। এনায়েতের সঙ্গে কথা বলতে গতকাল সোমবার সকালে তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে এই প্রতিবেদকও হাসপাতালে যান। এনায়েতের বন্ধুদের দেখে তাঁর মা রোকেয়া বেগম ও বড় বোন তানিয়া সুলতানা কান্নায় ভেঙে পড়েন। এনায়েতকে বাঁচানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান তাঁরা। এনায়েত অভিযোগ করেন, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন তাঁর কর্মী হাসান, শিহাব, অর্ক, জয়ন্ত, কামরান, আমিনুলসহ ১০-১২ জন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে আকস্মিক তাঁর কক্ষে ঢোকেন। তাঁদের একজন তাঁর দুই পায়ে তিনটি গুলি করেন। এরপর ব্যাপক মারধর করে চারতলার জানালা দিয়ে তাঁকে নিচে ফেলে দেন। এনায়েত আক্ষেপ করে বলেন, যে সংগঠনের রাজনীতি করেছি, সেই সংগঠনের নেতা-কর্মীরা সান্ত্বনার বাণী শুনিয়েছেন অনেকবার। কিন্তু পাশে এসে দাঁড়াননি।এনায়েতের মা ও বোনের প্রশ্ন, ছাত্রলীগ করাই কি তাঁর অপরাধ ছিল? এখন তাঁর জীবন হুমকির মুখে। চিকিৎসায় এ পর্যন্ত ছয় লাখ টাকা খরচ হয়েছে। বিভিন্নজনের কাছ থেকে ঋণ করে চিকিৎসা চলছে। অনেকেই উন্নত চিকিৎসার আশ্বাস দিলেও কেউ কিছুই করেননি। তবে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এনায়েতের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা দিয়েছে বলে তাঁরা জানান। কান্নাজড়িত কণ্ঠে তাঁরা বলেন, সংগঠন বা সরকারের সহযোগিতা ছাড়া তাঁরা আর হয়তো চিকিৎসার খরচ চালিয়ে যেতে পারবেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ৫ জুলাই সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দিন সন্ধ্যায় ১৭ জন ছাত্রকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। একই ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ১৩ কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করে। পুলিশ আসামিদের গ্রেপ্তার করার পর অনেকেই জামিনে মুক্তি পান।হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক শামীম আদম জানান, এনায়েতের দুই পায়ের হাড় ভাঙা। দুই পায়েই প্লাস্টার করা হয়েছে। এ ছাড়া তাঁর স্পাইনাল কর্ডেও আঘাত লেগেছে। এ কারণে তাঁর পেটের নিচের অংশ অবশ হয়ে আছে। তাঁর দীর্ঘমেয়াদি ও উন্নত চিকিৎসা প্রয়োজন।