দুই ম্যাচে ৭ গোল। প্রতিপক্ষ দুর্বল হলেও এটা যেকোনো ফুটবলারের জন্যই বিরাট অর্জন। নৌবাহিনীর বিপক্ষে কাল ৪ গোল করে কমলাপুর স্টেডিয়ামে উচ্ছ্বসিত ছিলেন আলফ্রেড ইমোফে। শেখ জামালের নাইজেরিয়ান স্ট্রাইকার হঠাৎই আলো কাড়লেন ঢাকার ফুটবলে হঠাৎই আপনি আলোচনায় চলে এলেন। তা এত দিন পড়ে থাকার কারণ কী?আলফ্রেড ইমোফে: আমি বেশ কিছুদিন আগে ঢাকায় এসেছি। লিগে বিজেএমসি ও মুক্তিযোদ্ধার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছি। কিন্তু নিজেকে তেমন চেনাতে পারিনি। এখন এই স্বাধীনতা কাপে দুটি ম্যাচে ৭ গোল করলাম। সত্যি কথা বলতে, আমি আগে সেভাবে ফিট ছিলাম না। এখন ফিটনেস অনেকটাই ফিরে পেয়েছি। ফেনী সকারের বিপক্ষে আগের ম্যাচে ৩ গোল, আজ ৪ গোল। এ রকম সময় আপনার ক্যারিয়ারে আগে এসেছে?আলফ্রেড: মাঝেমধ্যে এসেছে। আমি ১০ বছর ধরে বিদেশে খেলছি। সুইজারল্যান্ডে ২০০৩ সালে সুইজারল্যান্ডের শীর্ষ ঘরোয়া ফুটবলে খেলা শুরু করি। ২০০৬ সালে সিঙ্গাপুরের এস লিগে, ২০১০ সালে চীনের সুপার কাপে শেনজিং দলের সদস্য ছিলাম। এসব দলের হয়ে আমি অনেক শিখেছি এবং ক্যারিয়ারটা উপভোগ করেছি। ২০০৫ সালে খেলেছি নাইজেরিয়া অনূর্ধ্ব-২৩ দলেও। বাংলাদেশে এলেন কীভাবে?আলফ্রেড: শেখ জামালের কোচ যোসেফ আপুসি আমার বন্ধু। অনেক দিন ধরেই চিনি যোসেফকে। সে জিজ্ঞেস করল, বাংলাদেশে আসব কিনা। যেহেতু কোনো দলের সঙ্গে ছিলাম না, তাই বন্ধুর ডাকে শেখ জামালে খেলতে চলে এলাম। এখানে লম্বা সময়ের জন্য খেলার ইচ্ছে আছে?আলফ্রেড: এটা নির্ভর করবে ক্লাবের সঙ্গে আমার চুক্তির ধরনটা নিয়ে। এই কদিনে যেটা বুঝেছি, এখানকার ফুটবলের মান খারাপ নয়। তবে ফুটবলারদের পারিশ্রমিক এবং অন্য সুযোগ-সুবিধা কম। যেমন ধরুন, আমি এখানে আহত হলাম। চিকিৎসা আমাকেই করাতে হবে। খেলোয়াড়েরা কোনো প্যাকেজ পায় না ক্লাবের কাছ থেকে। এটা তো পূর্ণাঙ্গ পেশাদারি নয়। এ ঘাটতিটা চোখে লাগছে বেশি। তবে হ্যাঁ, ভালো প্রস্তাব পেলে খেলা চালিয়ে যেতে পারি এখানে। ছোট দলের বিপক্ষে দুই ম্যাচে ৭ গোল করেছেন। শক্তিশালী দলের বিপক্ষেই মনে হচ্ছে আপনার বড় পরীক্ষা...আলফ্রেড: তা বলতে পারেন। তবে আমি বলব, গোল গোলই। কার বিপক্ষে করলাম সেটা বড় নয়। বড় দলের বিপক্ষেও আমি গোল করতে চাই। সামনে মোহামেডানের বিপক্ষে ম্যাচ আছে। আশা করি, সে ম্যাচেও গোল পাব। এমনিতে ঢাকায় আপনার লক্ষ্য কী?আলফ্রেড: এখানে বিশাল কিছু কবে ফেলব, এমন কোনো লক্ষ্য নিয়ে আসিনি। ফিটনেসটা একটু ভালো করাই আমার প্রথম লক্ষ্য ছিল। আমার বয়স এখন ৩০। ওল্ডম্যান হয়ে গেছি (হাসি)। থাকি নাইজেরিয়া এবং সুইজারল্যান্ডে। দুই দেশেই আমার বাড়ি আছে। স্ত্রী দক্ষিণ আফ্রিকান এবং আমার তিনটি সন্তান আছে। তো এখন আর আমার তারুণ্যের গতিটা আর নেই। তবে মাঠে নেমে অবশ্যই ভালো খেলতে চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি নাকি ভালো পারিশ্রমিকই পান। প্রথম দুই ম্যাচ ভালো না খেলায় চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিলেন। এখন কি একটু ভারমুক্ত লাগছে?আলফ্রেড: হ্যাঁ, ভারমুক্ত লাগছে। একটা ব্যাপার বলি, আমি কিন্তু মূল স্ট্রাইকার নই। খেলি স্ট্রাইকারের পেছনে। আর আমি শুধু টাকার জন্যই বাংলাদেশে আসিনি। টাকা চাইলে অন্য বড় লিগে যেতে পারতাম। সে যা-ই হোক, এসেই যখন পড়েছি, শেখ জামালকে সাফল্য এনে দিয়েই ফিরতে চাই।