‘বন্ধুর সাইকেলে স্টেডিয়ামে যেতাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা অনূর্ধ্ব-১৩ ক্রিকেট দলের হয়ে খেলতেন। ঘটনাচক্রে একদিন অনুশীলনে দেরি করে যাওয়ায় বাদ পড়ে ফুটবলে নাম লেখানো, অনূর্ধ্ব-১৯ পেরিয়ে এখন সাফ দলের ক্যাম্পে আছেন। জাতীয় দলের ক্যাম্পে সিনিয়রদের সঙ্গে থাকার অভিজ্ঞতা জানাচ্ছেন তরুণ ডিফেন্ডার রায়হান হাসান সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে থাকার অভিজ্ঞতা কেমন...রায়হান হাসান: খুব ভালো। বড় ভাইদের কাছ থেকে অনেক কিছু শিখছি। তাঁরা সব সময় ভালো ভালো পরামর্শ দেন। সিরিয়াস থাকার জন্য বলেন। এগুলো আমার কাছে নতুন। কোচের কাছ থেকে নিশ্চয়ই অনেক কিছু শিখছেন? রায়হান: অনেক, অনেক...। তিনি খুব ফাস্ট অনুশীলন করান। রানিংয়ের ওপর মুভ করতে বলেন দ্রুত। সেজন্য আমরা যারা ডিফেন্ডার, আমাদেরও স্ট্রাইকার হওয়া লাগছে (হাসি)। এই যে বাফুফে ভবনে জাতীয় দলের ক্যাম্প, এখানে সবাই মিলে একসঙ্গে থাকতে কেমন লাগছে?রায়হান: এখানকার পরিবেশটা বিকেএসপির চেয়ে আলাদা। গাড়ি-ঘোড়ার শব্দ থাকে। মানে নিরিবিলি নয়। তার পরও আমরা মানিয়ে নিয়েছি। আপনি তো বয়সভিত্তিক দলের ক্যাম্পেও ছিলেন। জাতীয় দলের ক্যাম্পের সঙ্গে পার্থক্যটা কোথায় দেখেন?রায়হান: বয়সভিত্তিক দলের চেয়ে এটা পুরো আলাদা। বয়সভিত্তিক দলে দেখা যেত, আমরা চিল্লাচিল্লি করতাম। এখানে সেটা করা যায় না। বড় ভাইরা চুপচাপ সময় কাটান। তাদের সঙ্গে আমাদেরও তাল মিলিয়ে চলতে হয়। বড়রা পরামর্শ দেন?রায়হান: অনেক পরামর্শ দেন। এটা আমাদের মতো তরুণদের কাছে বড় শিক্ষা। যেমন মামুনুল ভাই বলছেন, ‘মন দিয়ে প্র্যাকটিস কর। মূল দলে জায়গা পেতে ফাইট কর।’ বিপ্লব ভাই বলেন, ‘ডিসিপ্লিন মেনে চলবা।’ আবার কেউ বলেন, ‘ঠিকমতো নামাজ পড়। প্রার্থনা কর। বাইরের খাবার দাবার খেয়ো না, ফেডারেশন ভালো খাবারদাবার দেয়।’ আপনার তো আজ এখানে থাকার কথা নয়। আপনি নাকি ক্রিকেট খেলতেন?রায়হান: হ্যাঁ, আমি টাঙ্গাইল অনূর্ধ্ব-১৩ জেলা দলের হয়ে ক্রিকেট খেলেছি। আমার এক বন্ধু আমাকে ক্রিকেটে নিয়ে যায়। একদিন অনুশীলনে দেরি করে যাই, তাই আমাকে বাদ দিয়ে দেয়। এরপর ক্রিকেটে আগ্রহটা হারিয়ে ফেলি। এক বন্ধু বলল, তুই ক্রিকেট না খেললে ফুটবল খেল। তারপর?রায়হান: ২০০৬ সালে বিকেএসপিতে ক্যাম্প করি ৭ দিনের। বিকেএসপির পরিবেশ দেখে ফুটবলের প্রতি আলাদা একটা টান অনুভব করি। এরপর অনূর্ধ্ব-১৩, ১৬, ১৯ দল হয়ে আজ এখানে। এত দূরে আসার পেছনে কষ্টটা কেমন গেছে?রায়হান: অনেক কষ্ট করেছি। ঢাকার ট্রায়ালে আসার সময় অনেক সময় টাকা থাকত না। বন্ধু বা চাচার কাছ থেকে ধার করে চুপিচুপি ঢাকা আসতাম ট্রায়ালে। বাবা হয়তো সব সময় টাকা দিতে পারতেন না। অনেক সময় বলতেন, আজ যাওয়ার দরকার নেই। তবু পালিয়ে টাঙ্গাইল স্টেডিয়ামে অনুশীলন করতাম। টাঙ্গাইলের কোথায় বাড়ি?রায়হান: পৌরসভার ভেতরে সন্তোষে। স্টেডিয়ামে আসতে রিকশায় ২০-২৫ মিনিট লাগে। অনেক সময় টাকা না থাকলে রিকশায় স্টেডিয়ামে আসতে পারতাম না। কোনো বন্ধুর একটা সাইকেল নিয়ে হয়তো স্টেডিয়ামে যেতাম। বাবা কী করেন?রায়হান: উনি গাছ কিনে বিক্রি করেন। আমরা দুই ভাই এক বোন। আমি সবার ছোট। সেই আমি এখন পরিবারকে টাকা দিই। যদিও আমার টাকার ওপর নির্ভর না। তবে আমার ইচ্ছা, সামনে পরিবার আমিই চালাব। এ বছর শেখ জামাল আমাকে নিয়েছে। ডিফেন্ডার হলেন কেন?রায়হান: সবাই তো গোল করতে চায়। আমি চাই, গোল ঠেকাতে। তাই আমি ডিফেন্ডার। আমি আশা করছি, মূল স্কোয়াডেও জায়গা পাব।