‘বন্ধুরাই আমাকে নিয়ে এল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৫ বছর ধরে বাংলাদেশে আছেন। ঢাকা বলতে গেলে দ্বিতীয় বাড়ি হয়ে গেছে শ্রীলঙ্কান জুলিয়ান রিচার্ডের। ফেডারেশন কাপ বাস্কেটবলে খেলছেন রেইথস ক্লাবের হয়ে। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই খেলোয়াড় কাল বলছিলেন নিজের ক্যারিয়ার ও বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশে খেলতে কেমন লাগছে?জুলিয়ান রিচার্ড: বাংলাদেশে খেলতে পেরে আমি খুব খুশি। এবারই কি প্রথম খেলছেন?জুলিয়ান: না। এই নিয়ে দ্বিতীয়বারের মতো খেলছি। গত বছরও আমি এই ক্লাবেই খেলেছি। ঢাকায় কি পড়াশোনা করছেন?জুলিয়ান: হ্যাঁ। আমি আমার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকি। পড়াশোনা করছি গ্রিন হেরাল্ড স্কুল অ্যান্ড কলেজে। মাত্রই ‘ও’ লেভেল শেষ করেছি। আমার বাবা একটি বায়িং হাউসে চাকরি করেন। মা হামিদ গ্রুপে রয়েছেন। এখানে খেলতে আসার ব্যাপারে যোগাযোগ কীভাবে হলো?জুলিয়ান: আমি প্রথমে বাস্কেটবল খেলতাম না। আমার প্রিয় খেলা ফুটবল। শ্রীলঙ্কায় আমি ফুটবলই খেলতাম। এখানে এসেও ফুটবল খেলার চেষ্টা করেছি কিছুদিন। কিন্তু ঢাকায় আমার যেসব বন্ধু রয়েছে, এরা সবাই বাস্কেটবল খেলে। স্কুলেও নিয়মিত খেলে, আবার ধানমন্ডি ইনডোরে এসেও অনুশীলন করে। একদিন ওই বন্ধুরাই আমাকে এখানে নিয়ে এল। আমরা বারিধারা ডিওএইচএসে থাকি, তাই ধানমন্ডিতে এসে অনুশীলন করতে একটু কষ্ট হয়। রাস্তায় প্রচণ্ড যানজট থাকে। এত দিন ধরে খেলছেন, বাংলাদেশের বাস্কেটবল খেলোয়াড়দের সম্পর্কে আপনার মূল্যায়ন কী?জুলিয়ান: বাংলাদেশে বেশ কয়েকজন ভালো মানের খেলোয়াড় আছে। এই ধরুন রাশেদ। ও আমার দেখা বাংলাদেশের সেরা খেলোয়াড়। আরও অনেকেই ভালো খেলে। এই মুহূর্তে সবার নাম মনে পড়ছে না। ওরা দিনকে দিন আরও উন্নতি করছে। কিছুদিন আগে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হলো (শেখ কামাল আন্তর্জাতিক বাস্কেটবল), সেখানেও বাংলাদেশ ভালো খেলেছে। আমি বন্ধুদের সঙ্গে এসে ওদের খেলা দেখতাম। এখন ফেডারেশন কাপে যেসব দল খেলছে, তাদের মধ্যে ধূমকেতু বেশ ভালো দল। আপনি কি লিগে খেলার সুযোগ পেয়েছেন? বাংলাদেশের ঘরোয়া বাস্কেট বলের শীর্ষপর্যায়ে খেলার যোগ্য মনে করেন নিজেকে?জুলিয়ান: লিগে কখনো খেলিনি। তবে এনজিও থেকে একটা টুর্নামেন্টে আমি খেলেছিলাম। আমি মনে করি, বাংলাদেশের শীর্ষপর্যায়ে খেলার যোগ্যতা আমার হয়েছে।  এখানকার লিগের মান কেমন মনে হয়?জুলিয়ান: ভালো। তবে আরও বেশি বেশি খেলা হওয়া উচিত। আপনার পরিবার থেকে কতটা সমর্থন পান?জুলিয়ান: আমার বাবা-মা দুজনই আমাকে খেলার ব্যাপারে দারুণ উৎসাহ দেন। বিশেষ করে বাবার কথা না বললেই নয়, তিনি আমাকে বড় বাস্কেটবল খেলোয়াড় হিসেবে দেখতে চান। আমি এখানে নিয়মিত খেলছি, কঠোর পরিশ্রম করছি। কিন্তু শ্রীলঙ্কা জাতীয় দলে খেলার খুব ইচ্ছা আমার। যদি কোনো দিন সেই সুযোগ পাই, সেটা হবে আমার সবচেয়ে আনন্দের দিন। অনেক দিন ধরেই বাংলাদেশে আছেন। বাংলাদেশের সংস্কৃতি, খাবারদাবার—এগুলো কেমন লাগে?জুলিয়ান: শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের অনেক কিছুতেই মিল রয়েছে। শুধু একটা জায়গায় একটু আলাদা, সেটা হলো এখানকার খাবারে একটু বেশি ঝাল দেওয়া হয়। তা ছাড়া আর সব ঠিক আছে।  ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল খেলতে এলে আপনি মাঠে যান?জুলিয়ান: না, কখনো মাঠে যাওয়ার সুযোগ হয়নি। তবে আমি টেলিভিশনে খেলা দেখি। একবার সনাৎ জয়াসুরিয়াকে দেখতে মাঠে যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। শ্রীলঙ্কা ক্রিকেট দলের এই একজনকেই আমার খুব ভালো লাগত।