লিগজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করা বরিশাল কাল ঢাকার বিপক্ষে হেরে ছিটকে পড়তে বসেছিল ফাইনালের আগেই। কিন্তু মুখোমুখি লড়াইয়ের ফলে তারাই উঠল ফাইনালে। সেই অনুভূতি ও বরিশালের ক্রিকেট নিয়ে কথা বলেছেন শাহরিয়ার নাফীস হেরেও ফাইনালে উঠে চমকে গেছেন?শাহরিয়ার নাফীস: নাহ্, চমকাব কেন? আমরা তো জানতাম, হেড-টু-হেড ফলাফলে আমরা একটু সুবিধাজনক অবস্থায় আছি। হারের পরই তাহলে হিসাবটা জেনে গিয়েছিলেন?শাহরিয়ার: না। পুরো পরিষ্কার ছিলাম না। ফলে ম্যাচ হেরে গিয়ে সবাই খুব ভেঙে পড়েছিল। নিশ্চিত হতে পারছিলাম না, ফাইনালে উঠেছি কিনা। কখন নিশ্চিত হলেন?শাহরিয়ার: টুর্নামেন্ট কমিটির কাছ থেকে জেনে আমাদের ম্যানেজার সবাইকে জানিয়েছেন। এটা জানার পর দলের প্রতিক্রিয়া কী?শাহরিয়ার: দলের বেশির ভাগ তো খুব তরুণ। খুব আনন্দ পেয়েছে সবাই। আসলে আমরা ফাইনালে না উঠতে পারলে সেটা ক্রিকেটীয় দিক থেকেই এই দলটার প্রতি অবিচার হতো। কীভাবে?শাহরিয়ার: দেখুন, এই টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রহকারী বরিশালের ফজলে রাব্বি, সর্বোচ্চ উইকেটশিকারি বরিশালের কামরুল ইসলাম। টুর্নামেন্টের ব্যক্তিগত সেরা ইনিংস, সেরা বোলিং পারফরম্যান্সও আমাদের দুজন খেলোয়াড়ের। আমরা এই শেষ ম্যাচটা আগ পর্যন্ত দারুণ ক্রিকেট খেলেছি। তাই আমাদের ফাইনালে ওঠাটা ক্রিকেটের সঠিক বিচার। আপনি যাঁদের কথা বলছেন, সেই রাব্বি-কামরুলরা তো সত্যিকার অর্থে বরিশালের প্রথম প্রজন্মের ক্রিকেটার...নাফীস: ঠিক এভাবে বলা যাবে না। একসময় টোটাম ভাই, ফারুক কামালরা শীর্ষ পর্যায়ে খেলেছেন। পরে দীর্ঘদিন শাহীন ভাই ছাড়া বরিশালের স্থানীয় ক্রিকেটার কেউ ছিলেন না। আর এখন আমি আর আবিদ (ইফতেখার নাঈম) ছাড়া ওই অর্থে ঢাকাভিত্তিক কোনো ক্রিকেটারই বরিশাল দলে নেই। সবাই বরিশালের ক্রিকেটার। সে অর্থে প্রথম প্রজন্ম বলা যায়। এই প্রজন্মটা কীভাবে উঠে এল?নাফীস: যদিও রাব্বির অভিষেক হয়েছিল ২০০৩ সালে, কিন্তু সত্যিকার অর্থে এই প্রজন্মটা উঠে এসেছে সর্বশেষ জাতীয় লিগের চার দিনের ম্যাচ থেকে। সেবার বিসিবি আইন করে দিয়েছিল, কোনো বিভাগীয় দলে ৫ জনের বেশি অন্য বিভাগের খেলোয়াড় খেলতে পারবে না। আমরা বাধ্য হয়ে স্থানীয় যারা ভালো করছে, এই রাব্বি-সোহাগ-কামরুল-আসিফদের দলে নিয়ে এলাম। ওরা একটু আলোয় এসেই দুর্দান্ত পারফর্ম করছে। রাব্বিকে কেমন দেখছেন?নাফীস: দুর্দান্ত। একেবারে ন্যাচারাল ট্যালেন্ট। এখনো পর্যন্ত সেই মানের কোচিং-টোচিং পায়নি। তার পরও শীর্ষ পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে। একটু পরিচর্যা পেলে অনেক দূর যাবে। বরিশালের ক্রিকেট-কাঠামো কেমন? কী দেখে এদের দলে নেওয়া হচ্ছে?নাফীস: সেই অর্থে বরিশালে ক্রিকেট-কাঠামোই নেই। লিগ হয়, সেখাকার পারফরম্যান্স দেখা হয়। রাব্বি ঢাকা প্রিমিয়ারে খেলছিল, কামরুল অনূর্ধ্ব-১৯ দলে খেলেছে। এভাবে বাছাই করা হয়েছে। বরিশালে ক্রিকেট-কাঠামো নেই বলছেন?নাফীস: কিচ্ছু নেই। ক্রিকেট খেলার মতো একটা ভালো মাঠ এখনো নেই। সেটা দূরে থাক, ছেলেগুলো যে সারা বছর অনুশীলন করবে, সে সুবিধাও নেই। একটা ভাঙা জিমনেসিয়াম আছে। ক্রিকেটাররাই পয়সা খরচ করে সেটা সারিয়ে নিয়েছে। বৃষ্টি হলে পানি পড়ে। এই অবস্থার মধ্যেও যে ছেলেরা ক্রিকেট খেলছে, এই পর্যায়ে উঠে আসছে, এই তো কত! উন্নয়নকল্পে আর কোনো উদ্যোগ নেই?নাফীস: জাতীয় লিগ থেকে আমরা কিছু টাকা বাঁচিয়েছি। এটা দিয়ে অন্তত অনুশীলনের জন্য কিছু ব্যবস্থা করব। বরিশালের মেয়র সাহেবসহ কয়েকজন স্থানীয় মানুষ এগিয়ে আসার কথা দিয়েছেন।