‘বর্ষা এলেই স্কুলঘরে পানি ঢুকে পড়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্ষা এলেই স্কুলঘরে পানি ঢুকে পড়ে। আমরা ক্লাস করতে পারি না। তখন স্কুল বন্ধ করে দেওয়া হয়। স্কুল বন্ধ থাকায় আমাদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত হয়। বাড়ি থেকেও স্কুলে আসতে দিতে চায় না। সবার মধ্যে পানির আতঙ্ক থাকে, যদি কেউ পানির মধ্যে ডুবে যায়।’কথাগুলো বলে ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর ছাত্র আবদুল বাছিত ওরফে রাজেল। রাজেল জানায়, পানি সরে যাওয়ার পর বিদ্যালয় চালু হলে তখন তাদের ওপর পড়ালেখার চাপ পড়ে। বিদ্যালয় বন্ধ থাকার কারণে যেসব বিষয় পড়ানো হয় না, তখন অতিরিক্ত সময় পড়ালেখার মাধ্যমে সেই শূন্যতাটুকু পূরণ করতে হয়।বিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা জানান, বর্ষা এলে প্রায় দু-তিন মাস বিদ্যালয় বন্ধ রাখতে হয়। তখন প্রায় দু-তিন ফুট পানি থাকে শ্রেণীকক্ষে। হাকালুকি হাওরের আফাল (ঢেউ) সরাসরি বিদ্যালয়ের ভবনে আঘাত করে। হাকালুকি হাওরপাড়ের ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ক্ষেত্রে এটা প্রায় প্রতিবছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এতে বিদ্যালয়ের পাঠদানে প্রতিবছরই ব্যাঘাত ঘটছে।ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রুবেনা বেগম প্রথম আলোকে বলে, ‘হাকালুকিতে পানি বাড়লে মাঠে পানি উঠে আসে। শ্রেণীকক্ষে পানি ঢুকে পড়ে। ক্লাস বন্ধ হয়ে যায়। স্কুলের মধ্যে আসা যায় না। এতে আমাদের নিয়মিত ক্লাসের পাঠগ্রহণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’এলাকাবাসী ও অভিভাবক মুহিবুর রহমান জানান, বর্ষাকালে বিদ্যালয় এলাকাটি প্লাবিত থাকে। তখন বিদ্যালয়ের পড়ালেখা বন্ধ থাকে। বিদ্যালয়টির ভিটা উঁচু করা দরকার, তবে শুধুু ভিটা উঁচু করলেই হবে না। হাকালুকি হাওর খনন করা প্রয়োজন। হাকালুকির ধারণক্ষমতা কমে গেছে। বৃষ্টি হলেই হাওর ভরে গিয়ে এলাকা প্লাবিত হয়ে পড়ে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, এলাকায় শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯৭২ সালে স্থানীয় জনসাধারণের উদ্যোগে হাওরপাড়ের এ প্রত্যন্ত জনপদে ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ে ২২০ জন ছাত্র এবং ২৪১ জন ছাত্রী রয়েছে। আর কলেজ পর্যায়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৮৬।বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যালয়ে বর্তমানে ১২ জন শিক্ষক কর্মরত আছেন। কম্পিউটার ও শরীরচর্চা শিক্ষকের পদটি শূন্য আছে। অন্যদিকে কলেজ পর্যায়ে শিক্ষক আছেন সাতজন। আরও পাঁচজন শিক্ষক প্রয়োজন। কিন্তু কলেজটি এমপিওভুক্ত (মান্থলি পে অর্ডার) না থাকায় শূন্যপদ পূরণ তো দূরে থাক, কলেজের শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়া সম্ভব হচ্ছে না।অন্যদিকে বিদ্যালয়ে একটি একাডেমিক ভবন, একটি বিজ্ঞানভবন ও একটি টিনশেডের ভবন রয়েছে। স্বাভাবিক পাঠদানের জন্য এ ভবনগুলো পর্যাপ্ত নয়। এতে কোনো রকমে ক্লাস নেওয়া হচ্ছে। বিদ্যালয়ে কম্পিউটার আছে। কিন্তু আলাদা শ্রেণীকক্ষ না থাকায় কম্পিউটার ক্লাস বাধাগ্রস্ত হচ্ছে।ভুকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ প্রথম আলোকে জানান, বিদ্যালয়টি কুলাউড়া উপজেলার মধ্যে ভালো ফলাফল করছে। কিন্তু বেশি পানি হলেই স্কুল বন্ধ করে দিতে হচ্ছে। আগে রাস্তাঘাট ছিল না। বর্ষায় নৌকায় আসতে হতো। এখন রাস্তা হয়েছে। কিন্তু ভিটা উঁচু না থাকায় বিদ্যালয়ে পানি ঢুকে যায়। চেয়ারম্যান আরও জানান, তাঁর পরিষদে বিদ্যালয়ের উন্নয়ন করার মতো কোনো তহবিল নেই।ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল মনসুর প্রথম আলোকে জানান, বর্ষাকালে বিদ্যালয়টি বারবার বন্যায় আক্রান্ত হচ্ছে। সীমানাদেয়াল না থাকায় বিদ্যালয়ের ভবনগুলো অরক্ষিত। হাকালুকি হাওরের পানি সরাসরি বিদ্যালয়ে আঘাত করে। স্কুলে পানি ঢুকে পড়ে। তখন বিদ্যালয় বন্ধ করে দিতে হয়। এতে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটে। এটা প্রতিবছরের ঘটনা। বিদ্যালয়ে পানি ঢোকা রোধ করতে প্রতিরোধ দেয়াল নির্মাণ এবং স্কুলের সামনের ভিটা উঁচু করা দরকার। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সেটা সম্ভব হচ্ছে না।