‘বর্ষায় নাও হেমন্তে পাও’
বাংলাদেশের হাওরাঞ্চলের সাত জেলার মধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বাধিক সংখ্যক হাওর। জেলার ১০ উপজেলার মধ্যে মাত্র চারটি উপজেলায় সরাসরি সড়ক যোগাযোগব্যবস্থা রয়েছে। বাকি ছয় উপজেলার সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় স্থানীয় মানুষের মধ্যে ছান্দসিক প্রবাদ ‘বর্ষায় নাও, হেমন্তে পাও’ কথাটি প্রচলিত। বিড়ম্বিত যোগাযোগব্যবস্থার কারণে এ প্রবাদ হাওরের মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। ‘নাও’ (নৌকা) ছাড়া বর্ষায় ছয় মাস যোগাযোগ যেমন অসম্ভব, তেমনি ‘পাও’ ছাড়া হেমন্তের পুরো সময় দুর্ভোগের। নাও আর পাও—এ দুইয়ের বিকল্প ছাড়া যোগাযোগের অন্য কোনো মাধ্যম গড়ে ওঠেনি। শুষ্ককাল মানে হাওরের মানুষের হাঁটার কাল। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের সূতিকাগার এই তৃণমূল পর্যায়ের নির্বাচনকে সামনে রেখে হাঁটার বিড়ম্বিত যাতায়াত ব্যবস্থার তিক্ততা আবার প্রকাশ্য হয়ে উঠেছে। যোগাযোগব্যবস্থার দুর্ভোগ চিত্র নিয়ে এক পাতার এই প্রতিবেদন তৈরি করেছেন সিলেটের নিজস্ব প্রতিবেদক, সিলেট প্রতিনিধি ও সুনামগঞ্জের ধরমপাশা, তাহিরপুর, জগন্নাথপুর, দিরাই প্রতিনিধি।