‘বলটাও শ্রীলঙ্কায় এসে দেখেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে কখনো বিচ ফুটবল খেলেনি বাংলাদেশ। সে দিক থেকে প্রথম দক্ষিণ এশিয়ান বিচ গেমস ফুটবলে চ্যাম্পিয়ন হওয়াটা বেশ চমকপ্রদই। একই সঙ্গে এটি অন্য রকম এক অভিজ্ঞতাও বটে। কাল শ্রীলঙ্কার হাম্বানটোটা থেকে ফোনে সেসবই বললেন বাংলাদেশ দলের সর্বোচ্চ গোলদাতা আবদুল বাতেন (কমল) শ্রীলঙ্কাকে হারিয়ে বিচ ফুটবলে কাল ( পরশু) চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কেমন লাগছে?আবদুল বাতেন কমল: খুবই ভালো। খেলতে খেলতেই বিচ ফুটবলের নিয়মকানুন শিখেছি আমরা। ফাইনালে নামার আগেও আমরা বিচ ফুটবলের অনেক নিয়ম জানতাম না। শ্রীলঙ্কা তো বিচ ফুটবলে শক্তিশালী। তাদের কীভাবে হারালেন?বাতেন: আমরা অনেক পরিশ্রম করেছি। এটা ঠিক, শ্রীলঙ্কা দলটা ছয়টা মাস একসঙ্গে ছিল। বিচ ফুটবলে তারা আমাদের চেয়ে ভালো। আমাদের সম্বল ছিল নরমাল ফুটবলের মৌলিক বিষয়গুলো। স্ট্যামিনা, স্পিড বেশি কাজে লাগিয়েই ওদের আমরা হারিয়েছি। বাংলাদেশ দল ৪ ম্যাচে ২৬ গোল করেছে, যার ১০টিই আপনার। এতটা আশা করেছিলেন?বাতেন: মোটেও আশা করিনি। আমাদের দলে এনামুল ভাই ৮ গোল করেছে, আমি ১০টি। আসলে আমাদের সবাই জাতীয় দলের খেলোয়াড় হওয়ায় টিম কম্বিনেশনটা ভালো ছিল। বিচ ফুটবলে নিয়মকানুন শেখার অভিজ্ঞতাটা কেমন হলো?বাতেন: সে অন্য রকম অভিজ্ঞতা। সেন্টার কীভাবে করতে হয়, আমরা জানতাম না। তাই প্রথম দিন মাঠে নেমে ‘ফাউল’ করে ফেলেছিলাম আমরা। বিচ ফুটবলে বল বালু থেকে তুলে শট নিয়ে কিক করার নিয়ম। নরমাল ফুটবল থেকে এটা একদম ভিন্ন। বলটাও তো বোধ হয় প্রথম দেখেছেন শ্রীলঙ্কায় গিয়ে?বাতেন: হ্যাঁ, বিচ বলটাও শ্রীলঙ্কায় এসে আমরা প্রথম দেখেছি। যেহেতু বালুতে খেলা, বল আর পায়ে ব্যালেন্স ভালো হওয়া চাই। অনেক সময়ই পা পিছলে যায়। টেকনিক্যালি ভালো হতে হয় এই খেলায়। আর কোন কোন জায়গায় পার্থক্য?বাতেন: বিচ ফুটবল অনেক টাফ। ফাইভ এ সাইড এই খেলায় খেলোয়াড়েরা গায়ে গায়ে লাগলেই ফাউল এবং পেনাল্টি। নয় মিটারের ভেতরে ফাউল হলে সরাসরি পেনাল্টি। থ্রো তো হাত-পা দুটো দিয়ে করা যায়...বাতেন: হ্যাঁ, থ্রো-টা হাত অথবা পা দুটো দিয়েই নেওয়া যায়। ১২ মিনিট করে তিন ভাগে বিভক্ত ৩৬ মিনিটের ম্যাচ। ১০ জনের স্কোয়াড। এই খেলায় যেকোনো সময় খেলোয়াড় বদল করা যায়। ফাইনাল নাকি খুবই উত্তেজনাপূর্ণ হয়েছে?বাতেন: ভীষণ উত্তেজনাপূর্ণ। শ্রীলঙ্কার পক্ষে কাজ করেছেন রেফারি। মামুন মিয়াকে প্রথমে অহেতুক লাল কার্ড দিলেন, আমি রেফারিকে জিগ্যেস করেছি কেন এই লাল কার্ড? তিনি খেপে গিয়ে আমাকেও লাল কার্ড দিয়েছেন! লাল কার্ড হলে তো আর মাঠে নামা যায় না...বাতেন: না, আমরা দুজন আর নামতে পারিনি। দুই মিনিট পর অন্য খেলোয়াড় নামতে পেরেছে। তখন স্কোর আমাদের অনুকূলে ৬-২। তারপর ওরা ৭-৭ করল। পরে ৮-৮। ওরা ৮-৯ করার পর শেষ মুহূর্তে এনামুল ৯-৯ করে দিল। টাইব্রেকারে নাকি অনেক নাটকীয়তা ছিল?বাতেন: টাইব্রেকারে প্রতিটি শটই সাডেন ডেথ। বিপ্লব ভাই ওদের প্রথম চারটা শটই ঠেকিয়েছেন। আমাদের আরিফ, এনামুল, রেজাউল মিস করার পর তৌহিদ জয়সূচক গোল করেছে। শ্রীলঙ্কানরা নিশ্চয়ই খুব হতাশ ছিল?বাতেন: মালদ্বীপ-নেপালকে হারালেও আমরা শ্রীলঙ্কার কাছে হেরেছি ১২-৪ গোলে। ওদের হাবভাব অনেক বেড়ে গিয়েছিল। ফাইনাল দেখতে প্রচুর দর্শক এল। আমরা জেতায় ওরা মাঠেই কান্নাকাটি করেছে। আমরা ল্যাপ অব অনার-টনার দিয়ে মাঠেই হুলস্থুল অবস্থা করেছি। ভারত, পাকিস্তান ছিল না। তাতে কী, চ্যাম্পিয়ন হওয়ার আনন্দই আলাদা।