‘বশিরউদ্দিন বন্ধুর অধীন কাঁদিয়া বুক ভাসায়’
সিলেটের আঞ্চলিক ও মালজোড়া গানের পরিচিত মুখ বাউলশিল্পী বশিরউদ্দিন সরকারের নিজের লেখা জনপ্রিয় একটি গান হচ্ছে, ‘বশিরউদ্দিন বন্ধুর অধীন কাঁদিয়া বুক ভাসায়’। সিলেটের সংগীত শ্রোতাদের অনেকের মুখে মুখে এ বিচ্ছেদ গানটি বহুল প্রচলিত হলেও প্রচারবিমুখ গীতিকার নিজেকে সে পরিচয় দিতে একেবারেই নারাজ।বশির উদ্দিন সরকার নিজেকে একজন ‘বাউল সাধনার পথিক’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি বলেন, ‘আমি মূলত শিল্পী। গান গাইতে গাইতে কখন যে নিজের মনের ভেতরে সুর আর কথা এসে ভর করেছে তার জানা নেই। একদিন গুনগুন করতে করতেই তৈরি করলাম একটি গান। সেই শুরু। তারপর লিখে ফেলেছি প্রায় চার শতাধিক গান। ’ বশিরউদ্দিন সরকারের শুরুটা ছিল বিচ্ছেদ গান লিখে। এরপর সিলেটের আঞ্চলিক গান লিখে সবার প্রশংসা কুড়িয়েছেন। তিনি ‘দেওর হইয়া ঠেকছি ভাবি তোর কি মনে লজ্জা নাই’, ‘এত আদর করে আমি তোমারে আনছি ঘরে’, ‘ও পরাণের সমলা তুই খাওয়াইলে না সিলেটের কমলা’, ‘ভাবি গো বাবায় কইছন আমারে বিয়া দিলাইতা’, ‘বেজার হইয়া থাকছ কেনে মুখখান দেখি কালা’সহ সিলেটের আঞ্চলিক অনেকগুলো জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার। গানের সুর ও কণ্ঠে নতুনত্ব এনেছেন, দেখিয়েছেন মুন্সিয়ানার ছাপ। ফলে সিলেটের আঞ্চলিক গানের জগতে তাঁর আলাদা কদর। ১৯৬৪ সালে দিরাই উপজেলার সিকন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন বশিরউদ্দিন সরকার। তাঁর বাবা মো. ইসলাম উদ্দিন, মা জরিনা বিবি। মা ছিলেন সংগীতপ্রিয় মানুষ। তাই বাড়িতে সব সময় শিল্পীদের আনাগোনা থাকত। ফলে শিশুকাল থেকেই বশির উদ্দিন সরকারের সংগীতের প্রতি এক ধরনের দুর্বলতা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় ১৯৮০ সালে মরমি কবি দুর্বিন শাহের প্রধান শিষ্য বাউল কফিল উদ্দিনকে ওস্তাদ মেনে সংগীতের তামিল নেন। ১৯৮৫ সালে ভালোবেসে বিয়ে করেন একই উপজেলার গরমা গ্রামের রোকেয়া বেগমকে। একই বছর বাউলসম্রাট শাহ আবদুল করিমের সংস্পর্শে এসে তাঁকে পীর হিসেবে গ্রহণ করেন। সেই থেকে বাউলসম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুর আগ পর্যন্ত পীরের সান্নিধ্যে ছিলেন।বশির উদ্দিন সরকার বলেন, ‘বছর তিনেক আগে দিরাই বাজারে আমার ছোটখাটো একটা ব্যবসা ছিল। কিন্তু ব্যবসায় মন বসে না। সারাক্ষণ মন পড়ে থাকে দেশের বিভিন্ন এলাকার বাউলদের আখড়ায়। একতারা হাতে ছুটে চলি সেখানে। এসব জায়গায় গিয়ে যেন প্রাণ ফিরে পাই। এ আত্মা গান ছাড়া আর কিছুই বুঝে না। গানের সুর আর একতারা মধুর ধ্বনি শুনলে রক্ত টগবগ করে। ঠোঁটে আপনা-আপনি সুরের ঢেউ খেলে। আমি পাগল হয়ে পড়ি।’বশির উদ্দিন জানান, বিয়ের পর কোনো সন্তানাদি জন্ম না হওয়ায় প্রত্যেকটি গানই তাঁর সন্তানতুল্য। প্রিয়তমা স্ত্রী গান ভালবেসে তাঁকে বিয়ে করেছেন। গান আর স্ত্রী নিয়েই দিন কাটে তাঁর। আর গান গেয়ে মাসে দুই থেকে আড়াই হাজার টাকা আসে। তা দিয়েই দুঃখে-কষ্টে চলে স্বামী-স্ত্রী দুজনের সংসার।বশির উদ্দিন সরকারের বাঁচিব কেমনে, এ ভবের বাজারে, জালালিয়া বাগানের ফুল, কোন রূপসী কন্যা লো এবং রূপের মাধুরী শিরোনামের পাঁচটি অডিও ক্যাসেট বাজারে রয়েছে। তাঁর নিজের লেখা ১২৬টি গান নিয়ে প্রেমের তরী নামে একটি গ্রন্থ গত একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে।