‘বসন্তের কোকিল’-এর জন্য পরীক্ষিত নেতারা কোণঠাসা: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, নব্য আওয়ামী লীগারদের দাপটে সত্যিকার আওয়ামী লীগাররা আজ কোণঠাসা। নব্য আওয়ামী লীগাররা নির্দিষ্ট উদ্দেশ্য ও কর্মসূচি নিয়ে মাঠে নামে, অবান্তর কথা ও খারাপ কাজ করে বিরোধী দলকে আন্দোলনের ইস্যু তৈরি করে দেয়। আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে, তখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়ে এদের খুঁজে পাওয়া যায় না। আজ বুধবার এশিয়ান জার্নালিস্ট সোসাইটি আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় ওবায়দুল কাদের এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দল ক্ষমতায় এলে এরা মায়ের চেয়ে মাসির মতো বেশি দরদ দেখায়। এরা প্রশাসন, সুশীল সমাজ, ব্যবসা, মিডিয়াসহ সব জায়গায় আছে। তিনি এদের ‘বসন্তের কোকিল’ হিসেবেও উল্লেখ করেন। ওবায়দুল কাদের নিজের বাড়ি রক্ষায় নয়, জনগণের স্বার্থে আন্দোলন করতে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকারি দল খারাপ কাজ করলে আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে।