‘বাঁশ-বালুতে মেঘনা ভরাট’ বন্ধ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীর ভরাট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁ থানা পুলিশ সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেয়।এর আগে সন্ধ্যায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. শামসুর রহমান এ-সংক্রান্ত নির্দেশনামূলক চিঠি নারায়ণগঞ্জের পুলিশ সুপার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সোনারগাঁ থানার ওসির কাছে পাঠান।সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ ও গজারিয়া উপজেলার চর রমজানবেগ মৌজায় প্রায় ৫০ একর বিস্তীর্ণ এলাকাজুড়ে মেরিটিমাস লিমিটেড নামের প্রতিষ্ঠান জাহাজ নির্মাণ কারখানা তৈরির জন্য মাটিভরাটের কাজ শুরু করে। এ নিয়ে আজ প্রথম আলোতে ‘বাঁশ-বালুতে মেঘনা ভরাট’ শিরোনামে বিষয়টি প্রধান খবর হিসেবে প্রকাশের পর কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিল।নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাতে জানান, ‘প্রথম আলোর সংবাদটি আমি দেখেছি। অত্যন্ত ভালো প্রতিবেদন হয়েছে। আমরা যেকোনো নদীই দখলদারের হাত থেকে রক্ষা করতে বদ্ধপরিকর। তাই তাদের (মেরিটিমাসের) নদীভরাট কার্যক্রম বন্ধ করার জন্য চিঠি দেওয়ার পাশাপাশি মৌখিকভাবেও সোনারগাঁ উপজেলার ইউএনও, এসিল্যান্ড ও থানার ওসিকে নির্দেশ দিয়েছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভরাট কাজ বন্ধ রাখতে বলেছি।’ জেলা প্রশাসক বিস্ময় প্রকাশ করে বলেন, ‘কীভাবে এরা এখানে কাজ শুরু করল, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এমন একটি তদন্ত প্রতিবেদন সোনারগাঁ এসিল্যান্ডকে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আমরা এর বিরুদ্ধে শক্তহাতে ব্যবস্থা নেব।’সোনারগাঁয়ের এসিল্যান্ড মো. শরিফুল ইসলাম জানান, একজন তহসিলদার ও একজন সার্ভেয়ারকে পাঠানো হয়েছে। তাঁরা দাগ-খতিয়ান দেখে একটি প্রতিবেদন দেবে। এই প্রতিবেদন আবার জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। জেলা প্রশাসক এ-সংক্রান্তে প্রতিবেদন চেয়েছেন।সোনারগাঁ থানার ওসি মো. ইউনুস আলী বলেন, ‘কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে ভরাটকাজ বন্ধ করে দেয়। আমাদের সোনারগাঁ উপজেলায় আগামী ১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন। তাই আমরা একটু ব্যস্ত। ১১ তারিখের পরে ১২ জুন আমরা বাঁশের খুঁটি ভেঙে দিয়ে আসব।’এ প্রসঙ্গে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম জানান, ‘আমরা আজ সারা দিন ইউনিয়ন পরিষদের নির্বাচনের কাজে ছিলাম। গজারিয়ার ইউএনও ও এসিল্যান্ড নির্বাচনী ডিউটিতে ছিল।’কাল বুধবারের মধ্যে এসিল্যান্ড ও ইউএনওকে পাঠিয়ে ব্যবস্থা নেব। আজ প্রথম আলোর এই প্রতিবেদন দেখে পরিবেশ আন্দোলনের সংগঠন বেলা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।