‘বাঁশের বিরিজে আর কত দিন চলবি’
দীর্ঘ কয়েক বছর ধরে ঝুলে আছে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু নির্মাণ প্রকল্পের কাজ। এ কারণে তিনটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, কুষ্টিয়া শহরের গা ঘেঁষে বয়ে যাওয়া গড়াই নদী সদর উপজেলার বর্ধিষ্ণু হরিপুর গ্রামকে বিভক্ত করেছে। পদ্মা নদীর প্রধান শাখা গড়াইয়ের উত্তরে হরিপুর এবং পূর্বদিকে কুমারখালী উপজেলার শিলাইদহ ও কয়া ইউনিয়নের প্রায় দুই লাখ লোকের বসবাস। স্থানীয় লোকজন পানিশূন্য গড়াই নদীর মাঝে স্বেচ্ছাশ্রমে বাঁশের চটা দিয়ে প্রায় ৩০০ ফুট লম্বা সেতু নির্মাণ করেছে। এই সেতু দিয়ে মানুষের পাশাপাশি সাইকেল, রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে। জানা গেছে, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ ৪৫০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের জন্য ২০০৪ সালের ৬ এপ্রিল ২০ কোটি টাকা ব্যয়সংবলিত প্রকল্পের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠায়। এরপর ছয় বছর পার হলেও প্রকল্প বাস্তবায়নের আর কোনো অগ্রগতি হয়নি। সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি প্রকৌশলী আলিমুজ্জামান প্রথম আলোকে জানান, চলতি শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় পানির অভাবে নদীতে নৌকা চলতে না পারায় কুষ্টিয়া শহরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখার জন্য এবারও বাঁশ দিয়ে একটি সেতু তৈরি করা হয়েছে। হরিপুর সংযোগ সেতু নির্মাণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি পদ্মা ও গড়াই নদীর তীরবর্তী হরিপুর গ্রামে ছোট-বড় শিল্পকারখানা গড়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।হরিপুরের বাসিন্দা মিলন আলী বলেন, ‘বাঁশের বিরিজে আর কত দিন চলবি। এইখানে সেতুটা খুবই প্রয়োজন। বিশেষ করে এলাকার প্রসূতি মায়েদের হাসপাতালে নিতে খুবই সমস্যা হয়। সেতু নির্মিত হলে খুব কম সময়ে শহরে ব্যবসা-বাণিজ্য করাও সম্ভব।’হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাক হোসেন বলেন, ‘হরিপুরবাসীর প্রাণের দাবি সরকারের দৃষ্টিগোচর করার জন্য ১৫ বছর ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু সরকার সেতুটি নির্মাণে কোনো উদ্যোগ নিচ্ছে না।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুল মাজেদ বলেন, ‘এলজিইডির জনগুরুত্বপূর্ণ ও উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্পে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুটি অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই প্রকল্পের প্রকল্প পরিচালক হাবিবুর রহমান গত মাসে প্রস্তাবিত কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। এ জন্য অফিসে দুজন কর্মকর্তা ওই এলাকায় সার্ভে ও ডিজাইনের কাজ করছেন। কাজ শেষে মন্ত্রণালয়ে পাঠানো হবে। আশা করা যাচ্ছে, কয়েক মাসের মধ্যে একনেকে বিষয়টি পাস এবং নভেম্বর মাসের মধ্যে সেতুর দরপত্র আহ্বান করা হবে।’