‘বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান’ প্রণীত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী বাংলা ভাষার বিবর্তনমূলক একটি অভিধান প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এই অভিধানে চর্যাপদ থেকে শুরু করে ২০০০ সাল পর্যন্ত মুদ্রিত শব্দাবলির অর্থান্তর ও রূপান্তরকে প্রয়োগকাল ও প্রয়োগবাক্যসহ সংকলন করা হচ্ছে। ইতিমধ্যে ৭০ হাজার শব্দ সংকলিত হয়েছে। অভিধানটি প্রতিনিধিত্বশীল ও আরও পূর্ণাঙ্গ করার লক্ষ্যে গতকাল বুধবার একাডেমীর সেমিনার কক্ষে সকাল ১০টা থেকে দিনব্যাপী সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। শুরুতে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান প্রণয়ন সম্পর্কে সবাইকে অবহিত করেন। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে অভিধান প্রণয়ন কর্মসূচির পরিকল্পনা ও অগ্রগতি তুলে ধরেন কর্মসূচির সম্পাদক গোলাম মুরশিদ। অভিধানের সংকলন পদ্ধতি সম্পর্কে ধারণা দেন কর্মসূচির সহযোগী সম্পাদক স্বরোচিষ সরকার। অভিধানের নানা বিষয়ে মতামত, প্রস্তাব ও সুপারিশ পেশ করেন মুহাম্মদ হাবিবুর রহমান, সৈয়দ শামসুল হক, কেতকী কুশারী ডাইসন, জামিল চৌধুরী, পবিত্র সরকার, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, হায়াৎ মামুদ, মাহবুবুল হক, শফি আহমেদ, ফিরোজ মাহমুদ, সিদ্দিকা মাহমুদা, হাকিম আরিফ ও গুলশান আরা বেগম। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: সেলিনা হোসেন, আবুল আহসান চৌধুরী, জাফর আহমদ রাশেদ, কর্মসূচির পরিচালক ও বাংলা একাডেমীর প্রাতিষ্ঠানিক-পরিকল্পনা ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাহিদা খাতুন প্রমুখ।শামসুজ্জামান খান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলা একাডেমী অভিধান চর্চাকে গুরুত্ব দিয়ে আসছে। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত আঞ্চলিক বাংলা ভাষার অভিধানসহ মধ্যযুগ, আরবি-উর্দু-পালি প্রভৃতি ভাষার অভিধান প্রণয়ন করে একাডেমী বাংলা ভাষার উৎকর্ষ সাধনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। গোলাম মুরশিদ বলেন, এর আগে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বাংলা ভাষার বিবর্তনমূলক কোনো অভিধান প্রণীত হয়নি। বাংলা একাডেমী বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান কর্মসূচি প্রণয়ন করে বাংলা অভিধানের এই অপূর্ণতা দূর করার উদ্যোগ নিয়েছে। দেড় লাখ শব্দ সংকলনের লক্ষ্যমাত্রা হাতে নিয়ে তিন বছর মেয়াদি এ কাজ শুরু করা হয়েছে। চর্যাপদ থেকে শুরু করে ২০০০ সাল পর্যন্ত সময়কে শব্দ সংগ্রহের কালসীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে মধ্য-উনিশ শতক সময়সীমার আওতায় ৭০ হাজার শব্দ সংগৃহীত হয়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলা ভাষার দুষপ্রাপ্য সূত্র সংগ্রহ করে অভিধান প্রণয়নের কাজটির সম্পন্নতা প্রদানের চেষ্টা করা হচ্ছে। আলোচকেরা সুপারিশ করেন, শুধু সাহিত্যিক উৎস নয়, এই অভিধানে ইতিহাস-রাজনীতি-সংস্কৃতি-অর্থনীতি-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন শাখায় ব্যবহূত শব্দের উৎসমূলের কাছেও যেতে হবে। শুধু মুদ্রিত নয়, অমুদ্রিত উৎস, শিলালিপি, তাম্রলিপি থেকেও শব্দ সংকলন করে অভিধানে অন্তর্ভুক্ত করতে হবে।