‘বাংলাদেশ ডুববে না’ শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ এপ্রিল প্রথম আলোয় ‘বাংলাদেশ ডুববে না’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)।সংস্থাটির উপনির্বাহী পরিচালক মমিনুল হক সরকার ব্যাখ্যায় বলেছেন, ‘বাংলাদেশ ডুববে না’ শিরোনামটি আমরা যা বলিনি এবং গবেষণা থেকে পাইনি এমন একটি বার্তা দিতে পারে। আমরা মনে করি, জলবায়ুর পরিবর্তন হলে আগামীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। এ ক্ষতি কতটুকু এবং কোন মাত্রায় হবে, তা এখনো গবেষণার বিষয়। এই প্রথম আমরা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও বর্ষা মৌসুমে নদীর প্রবাহ বৃদ্ধির সঙ্গে মেঘনা নদীর মোহনা ছাড়াও যমুনা ও পদ্মা নদীর গঠনশৈলীর অভিযোজন-প্রক্রিয়া নিরূপণের চেষ্টা করেছি। গবেষণায় দেখা গেছে, আমাদের বড় নদীগুলো দিয়ে এদের অববাহিকা থেকে যে পলি আসে তা এ অভিযোজন-প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং রাখবে।ব্যাখ্যায় আরও বলা হয়েছে, গবেষণা থেকে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে মেঘনা নদীর মোহনার অভিযোজন দ্রুত হবে। অর্থাৎ আগামী ১০০ বছরে যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার পর্যন্ত বৃদ্ধি পায়, তাহলে পদ্মা-যমুনা-মেঘনা দ্বারা বাহিত বিপুল পলি ক্রমান্বয়ে জমে মেঘনা মোহনার ভূমির উচ্চতা ১ মিটারের কাছাকাছি পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সঙ্গে সঙ্গে পলির পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে উপকূলীয় বাঁধগুলোর ভেতরের ভূমির উচ্চতা বৃদ্ধি করাও সম্ভব হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে এ অঞ্চলের ভূমির উচ্চতা বৃদ্ধি অনেক কম হবে, ফলে এ অঞ্চলের একটি বড় অংশ পানিতে ডুবে যাবে। উপযুক্ত পলি সঞ্চালন ও ব্যবস্থাপনার মাধ্যমে এ ক্ষতি কিছুটা লাঘব করা যেতে পারে।ব্যাখ্যায় বলা হয়েছে, আগামী দিনে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যেসব প্রভাব পড়বে, যেমন—ডুবে যাওয়া, বন্যা, জলাবদ্ধতা, লবণাক্ততা, নদীভাঙন ইত্যাদি নিরূপণের সব গবেষণায় পলির ভূমিকাকে বিবেচনা করা প্রয়োজন। সঠিক গবেষণার মাধ্যমেই ভবিষ্যতে নির্ধারিত হবে জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যাগুলোর সৃষ্টি হবে, কীভাবে তা সফলভাবে মোকাবিলা করা হবে।