‘বাংলাদেশ দলকে নিয়ে আফসোস করতেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাভাষ্যকার হিসেবে নিজের অভিষেকেই ধারাভাষ্যকক্ষে পেয়েছিলেন তাঁকে। রোমাঞ্চকর সেই স্মৃতি তো আছেই, কিংবদন্তি ধারাভাষ্যকার টনি গ্রেগের সঙ্গে ধারাভাষ্যকক্ষে থাকার সুযোগ হয়েছিল আরও একটা সিরিজে। গ্রেগের মৃত্যুতে শোকাহত বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান ফিরে গেছেন সেই স্মৃতিতে টনি গ্রেগ আর নেই। নিশ্চয়ই খুব শোকাহত?আতহার আলী খান: শোকাহত তো বটেই। এটা অপ্রত্যাশিত একটা আঘাতও। আমরা জানতাম তিনি ক্যানসারে আক্রান্ত, কিন্তু মারা গেলেন হূদরোগে! আমার কাছে টনি গ্রেগকে বেশ ফিটই মনে হতো। যতটুকু দেখেছি, মনে হতো নিয়মানুবর্তী মানুষ। খাওয়াদাওয়ায়ও বেশি সংযমী ছিলেন। ধারাভাষ্যকারের জীবনে কতটা কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে তাঁকে?আতহার: খুব বেশি যে তাঁকে পেয়েছি, তা নয়। তবে বাংলাদেশ দলের অভিষেক টেস্টের ধারাভাষ্যকক্ষে টনি গ্রেগসহ আরও অনেকের সঙ্গে আমিও ছিলাম। ধারাভাষ্যকার হিসেবে ওটা আমারও প্রথম সিরিজ ছিল বলে খুব একটা কথা হয়নি কারও সঙ্গেই। তবে ২০০৭ সালে এ বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে ধারাভাষ্যকক্ষে গ্রেগকে পেয়েছি। শ্রীলঙ্কায় ওই সফরে নিশ্চয়ই অনেক কথা হয়েছে তাঁর সঙ্গে...আতহার: হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট নিয়ে। তিনি সব সময় বলতেন, আমি মনেপ্রাণে চাই বাংলাদেশ দল ভালো খেলুক। তোমাদের অনেক ভালো ভালো ক্রিকেটার আছে। তার পরও কেন পারে না বুঝি না। টনি গ্রেগের বিশ্বাস ছিল, বাংলাদেশ দল খুব দ্রুতই ভালো একটা টেস্ট দল হিসেবে দাঁড়িয়ে যাবে। সেটা না হওয়ায় বাংলাদেশ দলকে নিয়ে আফসোস করতেন। আর অভিষেক টেস্টের স্মৃতি?আতহার: টনি গ্রেগকে প্রথম দেখি হোটেলের লিফটে। ওনার সঙ্গে তখন মাইকেল হোল্ডিং ও ইয়ান চ্যাপেলও ছিলেন। এই তিনজনের সঙ্গে একই লিফটে আমি! কথা বলব কী, ভয়-সংকোচে নিজেকে গুটিয়েই নিয়েছিলাম। শুধু ‘হ্যালো’ বলেই দায়িত্ব সারার চেষ্টা করেছিলাম। মানুষ টনি গ্রেগের কোন বৈশিষ্ট্যটা চোখে পড়েছে বেশি?আতহার: শ্রীলঙ্কায় মাঠ থেকে একই সঙ্গে হোটেলে ফিরতাম। প্রতিদিনই ফিরতে ফিরতে বলতেন, আমার ছেলেটার জন্য কিছু কিনতে হবে। শেষে একদিন গাড়ি থামিয়ে একটা খেলনা গাড়ি কিনলেন ছেলের জন্য। সন্তানের প্রতি তাঁর স্নেহটা বুঝতে পেরেছিলাম সেদিন। আরেকটা বড় গুণ ছিল তাঁর। মানুষকে খুব সহজে কাছে টানতে পারতেন। ছোট-বড় সবার সঙ্গে একইভাবে মিশতেন, একইভাবে কথা বলতেন। সেজন্য নতুনদের পক্ষেও খুব সহজে তাঁর কাছে যাওয়া সম্ভব হতো। ধারাভাষ্যকার হিসেবে কোনো পরামর্শ কি পেয়েছেন তাঁর কাছ থেকে?আতহার: ওই যে বললাম, প্রথমবার ওনার সঙ্গে কথা বলারই সাহস হয়নি। তবে আমার মনের মধ্যে গ্রেগ-চ্যাপেলদের কাছে জানার মতো অনেক প্রশ্ন ঘুরত। একজন ব্যাটসম্যান এখন কী করতে পারে বা ওই বোলারটা এমন করল কেন। কিন্তু সংকোচের কারণে কিছুই জিজ্ঞেস করা হতো না। পরে শ্রীলঙ্কায় ওনার সঙ্গে অনেক সহজ হয়ে গিয়েছিলাম। তখন আমি যেমন তাঁর কাছে জানতে চাইতাম, তিনিও বাংলাদেশি ক্রিকেটারদের সম্পর্কে আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছেন। পেশাদার ধারাভাষ্যকার হিসেবে টনি গ্রেগের অবস্থান কোথায়?আতহার: অনেক উঁচুতে। আমার পছন্দের ধারাভাষ্যকার যাঁরা, তাঁদের মধ্যে টনি গ্রেগ অন্যতম। কোনো একটা বিশেষ মুহূর্তে খুব দ্রুত নিজের মতামত প্রকাশ করতে পারতেন তিনি। ম্যাচের কোনো একটা পরিস্থিতি সম্পর্কে তাঁর মূল্যায়ন, ম্যাচ নিয়ে ভাবনা ছিল খুব পরিষ্কার। এরপর কী হবে বা হওয়া উচিত, সেটা বলে দিতে পারতেন অকপটে। সাড়ে ৬ ফুট লম্বা ছিলেন টনি গ্রেগ। সে তুলনায় আমিও কম লম্বা নই। কিন্তু গ্রেগের ব্যক্তিত্বের সামনে নিজেকে সব সময়ই অনেক খাটো মনে হতো।