‘বাংলাদেশ ফান্ডের কার্যক্রম চোখে পড়ছে না’
২০১০-১১ সালে দেশের শেয়ারবাজারে ভয়াবহ ধসের পরিপ্রেক্ষিতে বাজার স্থিতিশীলকরণে ‘বাংলাদেশ ফান্ড’ নামে একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রায়ত্ত কয়েকটি প্রতিষ্ঠান পাঁচ হাজার কোটি টাকার এই তহবিল গঠনের উদ্যোগ নেয়। বর্তমানে এই ফান্ডের আকার দাঁড়িয়েছে এক হাজার ৬০৮ কোটি টাকা।দুই বছর পার হলেও তহবিলটির সার্বিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। কয়েকজন বিনিয়োগকারী অভিযোগ করে বলেন, বাজারের দুঃসময়ে সাপোর্ট দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ফান্ড গঠন করা হয়েছিল। কিন্তু বাস্তবে এর কার্যক্রম তেমন চোখে পড়ছে না। কেননা, বাজার কমতে শুরু করলে কমতেই থাকে। বাজারে সাপোর্ট দিলে এমন অবস্থা হতো না বলে মনে করছেন তাঁরা। এ ছাড়া পাঁচ হাজার কোটি টাকার লক্ষ্য নিয়ে ফান্ডটি গঠন করা হলেও কেবল উদ্যোক্তাদের অংশ নিয়েই এই তহবিল চলছে বলে অভিযোগ করেন বিনিয়োগকারীরা।এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বলেন, ‘বাংলাদেশ ফান্ডের কার্যক্রম আমাদের চোখে পড়ছে না। এই তহবিলের আকার পাঁচ হাজার কোটি টাকা ঘোষণা করা হলেও দুই বছরে মাত্র তিন ভাগের এক ভাগ অর্থ সংগ্রহ করা হয়েছে। এটা খুবই দুঃখজনক।’বাংলাদেশ ফান্ডের জন্য ঘোষিত পাঁচ হাজার কোটি টাকা সংগ্রহ করে তা বাজারের সাপোর্টের কাজে লাগানোর দাবি জানান বিনিয়োগকারীদের এই নেতা।বাংলাদেশ ফান্ডে মূল উদ্যোক্তা প্রতিষ্ঠান আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান বিনিয়োগকারীদের এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, বাংলাদেশ ফান্ড গঠনের লক্ষ্য ছিল দুঃসময়ে বাজারে সাপোর্ট দেওয়া। তাই লক্ষ্য অনুযায়ী এই তহবিল থেকে বাজারে সাপোর্ট অব্যাহত রয়েছে। এ ছাড়া ফান্ডের পোর্টফোলিও পুনর্বিন্যাস করা হচ্ছে। একই সঙ্গে ইউনিট বিক্রিও এগিয়ে চলছে। এ পর্যন্ত এই তহবিলে সংগৃহীত টাকার পরিমাণ এক হাজার ৬০৮ কোটি টাকা হয়েছে বলে জানান তিনি।ফায়েকুজ্জামান আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাজার-পরিস্থিতি ভালো হওয়ায় এই ফান্ডের অবস্থাও মোটামুটি ভালো। এই ফান্ডের বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ ফান্ড দীর্ঘমেয়াদি বিনিয়োগের একটি জায়গা। তাই এখানে বিনিয়োগ করলে দীর্ঘ মেয়াদে মুনাফার আশায় বিনিয়োগ করতে হবে। দীর্ঘ মেয়াদে এখান থেকে ভালো মুনাফা আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।এ ছাড়া অনাবাসী বিনিয়োগকারীদের জন্য এই তহবিলে বিনিয়োগ এবং বিনিয়োগকৃত অর্থ তুলে নেওয়ার বিষয়টি সহজ করা হয়েছে। অনাবাসীদের জন্য ক্রমবর্ধিঞ্চু বিনিয়োগ পরিকল্পনা (সিআইপি) নামে একটি সার্ভিস চালু করা হয়েছে। এখানে বিদেশি বিনিয়োগকারীরা তাঁদের ক্রয়কৃত ইউনিট এবং লভ্যাংশ রেখে দিতে পারবেন। এগুলো আবার পুনর্বিনিয়োগ করা হবে। সংশ্লিষ্ট ইউনিটধারী চাইলে যেকোনো সময় এখান থেকে টাকা তুলে নিতে পারবেন বলে জানান আইসিবির ব্যবস্থাপনা পরিচালক।বাংলাদেশ ফান্ডের মূল উদ্যোক্তা রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এ ছাড়া সহউদ্যোক্তা হিসেবে রয়েছে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক—সোনালী, অগ্রণী, রূপালী ও জনতা; বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল); জীবন বীমা করপোরেশন এবং সাধারণ বীমা করপোরেশন।আইসিবি সূত্রে জানা যায়, বর্তমানে উদ্যোক্তা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যক্তি বিনিয়োগকারী ও অনাবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত বাংলাদেশ ফান্ডের তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৬০৮ কোটি টাকা। এটি একটি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড। প্রতিদিনই এই মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয়-বিক্রয় হয়। তাই ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এগিয়ে এলে দিন দিন এর আকার বেড়ে যাবে।আইসিবি সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে বাংলাদেশ ফান্ডের যাত্রা শুরু হয়। শুরুতে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের সাড়া পাওয়া যায়। তবে পরবর্তী সময়ে বাজারে মন্দা অবস্থা দেখা দেওয়ায় এর ইউনিট বিক্রি কমে যায়। একই সঙ্গে বাজারের মন্দা পরিস্থিতির কারণে শেয়ারবাজারে বিনিয়োগ করে বেশ লোকসানে পড়ে তহবিলটি। তবে সাম্প্রতিক সময়ে বাজার-পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় লোকসানের পরিমাণ কমে এসেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে সংগৃহীত অর্থের তুলনায় তহবিলটির লোকসান দাঁড়িয়েছে প্রায় ২৫ কোটি টাকা।গত রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত বাংলাদেশ ফান্ডের প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ক্রয়মূল্যে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৬ টাকা। আর বর্তমান বাজারমূল্যে এক হাজার ৫৮৩ টাকা। এই হিসাবে শেয়ারবাজারে বিনিয়োগ করে বাংলাদেশ ফান্ডের লোকসান দাঁড়িয়েছে ১৮৩ কোটি টাকা। তবে ফান্ডের সংগৃহীত অর্থের তুলনায় লোকসান দাঁড়িয়েছে প্রায় ২৫ কোটি টাকা।ওই দিন ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের এনএভি দাঁড়ায় ৯৮ টাকা ৬২ পয়সা। এ ছাড়া প্রতি ইউনিটের বিক্রয়মূল্য ছিল ১০২ টাকা এবং পুনঃক্রয়মূল্য ছিল ৯৯ টাকা।প্রসঙ্গত, ২০১০-১১ সালে শেয়ারবাজরে ভয়াবহ ধসের পরিপ্রেক্ষিতে বাজারে স্থিতিশীলতা রক্ষায় পাঁচ হাজার কোটি টাকার একটি যৌথ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়। ২০১১ সালের ৬ মার্চ বাংলাদেশ ফান্ড নামে তহবিল গঠনের বিষয়টি চূড়ান্ত করা হয়। একই বছরের ১০ অক্টোবর থেকে বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রি শুরু হয়।