একজন লাতিন দার্শনিক একবার বলেছিলেন, ‘আমাদের স্বপ্ন দেখতেই হবে, কেননা স্বপ্ন না দেখলে আমরা তো কখনো জেগে উঠতে পারব না।’বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমার স্বপ্ন, এটি মোটামুটি উচ্চ আয়ের দেশ হবে, বৈষম্য দূরীভূত হবে ও ন্যায়বিচার থাকবে, তীব্র দারিদ্র্য থাকবে না কারও। মোট জাতীয় উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার বেড়ে ১০ শতাংশে পৌঁছাবে আর মাথাপিছু আয় বাড়বে ৯ শতাংশ। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ শতাংশের বেশি হবে না। এভাবে আট-নয় বছরের মধ্যে মাথাপিছু আয় প্রায় দ্বিগুণ হবে। এর ফলে বাংলাদেশ মধ্য আয়ের দেশ বলে গণ্য হবে। জাতীয় বিনিয়োগের হার বর্তমানে জিডিপির ৩০ শতাংশ থেকে বেড়ে ৩৮-৪০ শতাংশে পৌঁছাবে। অভ্যন্তরীণ সঞ্চয় ও বাইরের রেমিট্যান্স বৃদ্ধি এবং সম্ভাব্য বিপুল পরিমাণ গ্যাস ও তেলসম্পদের আবিষ্কার থেকে অর্জিত আয় দিয়ে বর্ধিত বিনিয়োগের অর্থসংস্থান হবে। বৈদেশিক সাহায্য ছাড়াই আমরা চলতে পারব। প্রয়োজনীয় বর্ধিত সরকারি ব্যয়ের অর্থসংস্থান করা হবে ওপরে বর্ণিত জাতীয় সঞ্চয়ের বিভিন্ন সূত্রের মাধ্যমে।যদি এক দশকেরও কম সময়ের মধ্যে মাথাপিছু আয় দ্বিগুণ হতে হয়, তাহলে একই সঙ্গে বর্তমানের নিম্ন আয়ের/নিম্ন উৎপাদনশীল কৃষি খাতে বর্তমানে নিয়োজিত জনশক্তি কমে গিয়ে উচ্চতর উৎপাদনশীল আয়ের শিল্প ও সেবা খাতগুলোতে বর্ধিত হারে জনশক্তি নিয়োজিত হবে। বর্তমানে কৃষিতে দেশের ৪৮ শতাংশ শ্রমশক্তি নিয়োজিত থেকে জিডিপির প্রায় ২০ শতাংশ উৎপাদন করে। সেই তুলনায় শিল্প ও সেবা খাতগুলোতে যথাক্রমে ১৫ ও ৩৭ শতাংশ শ্রমশক্তি নিয়োজিত থেকে জিডিপির প্রায় ৩০ ও ৫০ শতাংশ উৎপাদন করছে। মাথাপিছু আয়ের দিক থেকে শিল্প ও সেবা খাতগুলো থেকে কৃষি খাত অনেক পেছনে রয়েছে। আমি যে ভবিষ্যতের কথা বলছি, তাতে জিডিপির ১০ ভাগ আসবে কৃষি খাত থেকে। আর এতে নিয়োজিত থাকবে ২৫ ভাগ জনশক্তি। অন্যদিকে শিল্প ও সেবা খাতগুলো যথাক্রমে জিডিপির ৪০ ও ৫০ ভাগ উৎপাদন করবে এবং এতে নিয়োজিত থাকবে ৩০ ও ৫০ শতাংশ জনশক্তি।জমির ওপর জনসংখ্যার চাপ হ্রাস পাবে এবং উৎকৃষ্ট মানের উৎপাদক ও যন্ত্রপাতি প্রয়োগশীল মধ্যম শ্রেণীর কৃষকের আবির্ভাবের ফলে চাষাবাদ থেকে মাথাপিছু আয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে এবং গ্রাম-শহরের আয়-বৈষম্য কমবে। একই সঙ্গে বাংলাদেশজুড়ে বিভিন্ন রকমের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের এক কর্মজাল বিস্তৃত হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে সস্তা শ্রমঘন শিল্পপণ্য থেকে ক্রমশ বেশি মজুরি দক্ষতা ও পুঁজিঘন শিল্পের দিকে এগোবে। এই প্রক্রিয়ায় একে অপরের বিকাশকে এগিয়ে নেবে। এশিয়া ও এশিয়ার বাইরের উচ্চ আয়ের রাষ্ট্রগুলোর প্রধান শিল্প ও সেবা খাতের সরবরাহ-ব্যবস্থার সঙ্গে পারস্পরিক নির্ভরশীলতা গভীর হবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসপিজেড) ও শিল্পগুচ্ছ গড়ে তুলে সেগুলোতে অবকাঠামো, জ্বালানি, ঋণ ইত্যাদির পর্যাপ্ত প্রাপ্তির ব্যবস্থা করা হলে শহুরে শিল্পের সঙ্গে গ্রামীণ/আধা শহুরে শিল্পের সম্পর্ক গড়ে উঠবে। বিশ্ববাজার পর্যন্ত বিস্তৃত হওয়ার ফলে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বর্ধিত উৎপাদনের সুবিধা পাবে। বিদেশি থেকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে এবং বাকি দুনিয়া থেকে পুঁজি, প্রযুক্তি ও নতুন উদ্ভাবনের আমদানি ঘটিয়ে অর্থনৈতিক দক্ষতা আরও বৃদ্ধি পাবে। ‘তথ্যপ্রযুক্তির’ দ্রুত বিস্তার এবং একে আয়ত্তে আনার সঙ্গে সঙ্গে বাংলাদেশে উচ্চ উৎপাদনশীল সেবা খাতটিতে তেজি ভাব দেখা যাবে, ‘কল সেন্টার’ পরিচালনা থেকে সফটওয়্যার তৈরিসহ ‘ব্যাক অফিস’ সেবা পর্যন্ত সবখানে। উচ্চ আয়ের শিল্পোন্নত রাষ্ট্রে দক্ষ শ্রমিক ও কারিগরি জনশক্তির মজুরি ব্যয় যখন বাড়বে, তখন তুলনামূলকভাবে এসব সেবাপ্রাপ্তির উৎস হয়ে উঠবে বাংলাদেশ।ওপরে যে ভবিষ্যতের চিত্র আঁকা হলো, তার পেছনের চালিকাশক্তি হলো বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণ শ্রমশক্তি। এটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাচুর্যময় সম্পদ। এই বিপুল সম্পদের জন্য দরকার দক্ষতা অর্জন ও এদের প্রশিক্ষিত করে তোলা। মাধ্যমিক ও উচ্চপর্যায়ের শিক্ষার মান অনেক উন্নত হতে হবে। বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণের প্রাসঙ্গিকতা ও প্রভাব বৃদ্ধি করার জন্য শিল্প ও উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা থাকবে। আমি আশা করি, অভিজাত (এলিট) ও নেতৃবর্গ খুব শিগগির উপলব্ধি করতে পারবেন যে বিপুলসংখ্যক ও ক্রমবর্ধমান চাকরির উপযোগী শিক্ষাবিহীন তরুণ, সামাজিক সংহতি ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি গুরুতর হুমকি। আরও আশা করি, উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে কতগুলো অত্যন্ত মানসম্পন্ন ‘উৎকর্ষ কেন্দ্র’ গড়ে উঠবে, যেগুলো বিজ্ঞান ও প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ও লোকপ্রশাসন বিষয়ে বিশেষ মনোনিবেশ করবে। এখান থেকে শিক্ষা নিয়ে যারা বেরিয়ে আসবে, তারা সরকারি ও বেসরকারি খাতে নেতৃত্ব দেবে। দেশের ভেতর সুযোগ বাড়ানো, পর্যাপ্ত আর্থিক ও অন্যান্য প্রণোদনা প্রদান করা হলে বিশ্বায়িত দুনিয়ার মোহ পাশ কাটিয়ে মেধা পাচার রোধ করা যাবে।সর্বত্র দুর্নীতির বিপুল উপস্থিতি বৈষম্য ও সম্পদের অপবণ্টনের জন্ম দেয়। আমার স্বপ্ন সব ধরনের দুর্নীতির অবসান ঘটবে—পৃষ্ঠপোষকতা হিসেবে সরকারি ঠিকাদারি দেওয়া, ধনী ও ঘনিষ্ঠ সম্পর্কযুক্তদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অসম অধিকার এবং বড় অঙ্কের ঋণখেলাপি হওয়া, উচ্চ আয় কিংবা পুঁজি অর্জনের ওপর কর না দেওয়া কিংবা রেয়াত পাওয়া—সব দুর্নীতিই শেষ হবে। আয় ও সম্পদের অসমতা সৃষ্টি ও তা তীব্রতর করার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ উপাদান। এসবই অতীত ইতিহাসে পরিণত হবে।যদি অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অধিকতর সুযোগ, শিক্ষা ও অন্যান্য প্রকার সম্পদ আহরণের বর্ধিত সুযোগ এবং উৎপাদনশীল খাতগুলোতে চাকরির প্রচুর বিস্তার হয়, তাহলে বৈষম্য যদি না-ও কমে, তবু অন্তত এর বৃদ্ধি সীমিত করা যাবে।বার্ষিক আয় বৃদ্ধি ১০ শতাংশ হলে আর অসমতা অপরিবর্তিত অথবা নিম্নমুখী হলে, দারিদ্র্যের হার যদি ৫ শতাংশে না-ও নেমে আসে, তবু তা কমে অন্তত ১০ শতাংশে দাঁড়াবে। পাঁচ বছরে (২০০০-২০০৫) যদি ৬ শতাংশ প্রবৃদ্ধির হারে বৈষম্য অপরিবর্তিত থাকার ফলে দারিদ্র্যের হার ৪০ থেকে ৩০ শতাংশে নামিয়ে আনতে পারে, তাহলে আগামী দশকের ব্যাপারে আমার প্রত্যাশা হয়তো উচ্চাভিলাষী হবে না, বরং সংযতই হবে।এই বিশাল অর্থনৈতিক স্বপ্নের বাস্তবায়ন কীভাবে ঘটবে? আমি শাসনব্যবস্থায়, আইনের শাসন, বিপুল অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির অনুরূপ অগ্রগতি ঘটার ব্যাপারে আশাবাদী। এমন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো জাতীয় লক্ষ্য ও আশা-আকাঙ্ক্ষার ব্যাপারে মোটামুটি মতৈক্যে পৌঁছাতে প্রয়াসী হবে। তবে তাদের দৃষ্টিভঙ্গি, নীতি ও কৌশলগত পার্থক্যের প্রশ্নে জনসমর্থন অর্জন করার জন্য প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকবে। কার্যকর স্থানীয় সরকার, যার হাতে পর্যাপ্ত সম্পদ এবং গ্রামীণ উন্নয়নের বহুমুখী কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধতা থাকবে। এতে করে শুধু অর্থনৈতিক সুযোগেরই বিস্তার ঘটবে না, বরং জনগণের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্র প্রসারিত করবে এবং ক্ষমতার বহুবিধ ও প্রতিদ্বন্দ্বী উৎস তৈরি হবে।আমি অত্যন্ত আশা করে আছি এক ‘বাংলাদেশ বসন্তের’ জন্য—মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ‘বসন্ত আন্দোলনের’ অনুপ্রেরণায়। এই বসন্ত জাগিয়ে তুলবে সিভিল সমাজ, চিন্তাশালা, গণমাধ্যম ইত্যাদিতে সক্রিয় শিক্ষিত মধ্যশ্রেণীকে, যারা আশু কিছু খোয়ানোর ভয়ে কায়েমি স্বার্থগোষ্ঠী ও ক্ষমতাশীলদের সঙ্গে মানিয়ে নেওয়ার আরামদায়ক পথটি ত্যাগ করবে এবং অর্থনৈতিক বৈষম্য ও ত্রুটিপূর্ণ রাজনৈতিক ব্যবস্থার অবসান ঘটিয়ে দীর্ঘ মেয়াদে সুফল পাওয়ার জন্য সচেষ্ট হবে।অধ্যাপক নুরুল ইসলাম: বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সাবেক ডেপুটি চেয়ারম্যান (১৯৭২-৭৫)। বর্তমানে রিসার্চ ফেলো ইমেরিটাস, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই)।