জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশে বারবার আঘাত হানছে ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের মতো প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগ। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। এই বিরূপ পরিস্থিতির সঙ্গে টক্কর দিয়ে টিকে থাকতে গিয়ে উপকূলীয় এলাকার বিপুল জনগোষ্ঠীকে প্রতিনিয়ত করতে হচ্ছে কঠোর সংগ্রাম। সেসব মানুষের জীবন নিয়ে সম্প্রতি দ্য গার্ডিয়ান পত্রিকার অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এখানে তার বাছাই করা অংশ তুলে ধরা হলো। ভাষান্তর করেছেন লিপি রানী সাহা। ২০০৭ সালে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেল প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘সিডর’। ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল দেশের দক্ষিণাঞ্চল। প্রাণ হারাল প্রায় ছয় হাজার মানুষ। ঘরবাড়ি হারাল কয়েক লাখ লোক।এ দুর্যোগ কাটিয়ে না উঠতেই ১৮ মাস পর আবার আঘাত হানল ঘূর্ণিঝড় ‘আইলা’। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এমন বৃষ্টি হলো। বেড়িবাঁধ ভেঙে উপকূলীয় এলাকায় ঢুকে পড়ল লোনা পানি। আবার বন্যা, আবারও মৃত্যু, গৃহহীন হওয়ার ঘটনা। প্রাকৃতিক দুর্যোগের ইতিহাস বিচার করলে বাংলাদেশে এ ধরনের প্রলয়ংকরী ঝড়ের আঘাত হানার ঘটনা ২০-৩০ বছরে একবার ঘটেছে। কিন্তু দুই বছরের মধ্যে এমন দুটি বড় ধরনের ঘূর্ণিঝড়ের আঘাত হানার ঘটনা বিরল। ঘটনা এখানেই শেষ নয়, শেষ ঘূর্ণিঝড়টি আঘাত হানার পরের বছর প্রতিবেশী দেশ মিয়ানমারে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘নার্গিস’। এতে প্রায় এক লাখ মানুষের প্রাণ ঝরে যায়। ঝড়টি সাঁই সাঁই করে বাংলাদেশের পাশ কেটে যাওয়ায় রক্ষা।অল্প সময়ের ব্যবধানে এসব প্রাকৃতিক দুর্যোগ তছনছ করে দিয়েছে উপকূলীয় হাজারো মানুষের জীবন। উপকূলীয় গ্রাম গাজীপাড়ার বাসিন্দা রেবেকা সুলতানা তাঁদেরই একজন। প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে এখন তাঁরা খুব সচেতন।বন্যার পানি থেকে রক্ষা পেতে রেবেকাসহ তাঁর গ্রামের ৩০ জন নারী তাঁদের ছোট ছোট ঘর মাটি থেকে উঁচু করেছেন। বাড়িয়েছেন শৌচাগারের উচ্চতাও। স্থানীয় লোকজন অন্য যাঁরা আছেন, তাঁরা এখন লোনা মাটির উপযোগী শস্য ও ফলফলাদির আবাদ করছেন। রেবেকা বলেন, ‘আমরা জানি আমাদের এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করে বাঁচতে হবে। তাই পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছি আমরা।’বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এমন শত শত সমাজ রয়েছে, যারা নিজ এলাকায় বেড়িবাঁধ মজবুত করছে, বৃক্ষরোপণের মাধ্যমে গড়ে তুলছে আত্মরক্ষামূলক আশ্রয় বলয়। নতুন নতুন পুকুর ও কূপ খনন করে করেছে, সংগ্রহ করছে সুপেয় পানি।জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইন লন্ডনের প্রধান বাংলাদেশি বিজ্ঞানী সালিমুল হক বলেন, ‘এসব এলাকার মানুষ কীভাবে জলবায়ু পরিবর্তনের বিষয়টির মোকাবিলা করছে, এর সঙ্গে খাপ খাপ খাইয়ে নিচ্ছে, তা দেখে আমি সত্যিই অবাক।’সালিমুল হক আরও বলেন, ‘বিশ্বে জলবায়ু পরিবর্তন নিয়ে সবচেয়ে সচেতন বাংলাদেশের ওই সমাজ। তারা তাদের শত্রুকে দেখেছে এবং এর মোকাবিলায় নিজেদের সবল করে তুলছে। তারা এখনো সব সমস্যা কাটিয়ে উঠতে না পারলেও খুব দৃঢ়ভাবে তা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। আমি বাংলাদেশকে বিশ্বে “পথ প্রদর্শক” হিসেবে দেখতে পাচ্ছি। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি মানিয়ে নিতে পেরেছে।’ বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের পরিচালক আতিক রহমান সর্বশেষ এক গবেষণার বরাত দিয়ে বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড খরা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে আগামী ৩০-৫০ বছরের মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তিন কোটি লোক বাস্তুহারা হবে। আতিক আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশে বড় ধরনের ঘূর্ণিঝড় ও খরা বৃদ্ধি পাবে। মানুষের জীবনে যেসব ঘটনা সবচেয়ে বেশি বিরূপ প্রভাব ফেলবে, তা হচ্ছে বাড়তি গরম বা ঠান্ডা এবং ঘূর্ণিঝড়ের তীব্রতা। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বনেতারা কে কী করেছেন বা করবেন, দরিদ্র জনগোষ্ঠী এ জন্য অপেক্ষা করে না। এখানে অপেক্ষার সুযোগ নেই। বরং তারা নিজেদের জীবন, সম্পদ ও সামর্থ্য দিয়ে নিজেরাই তা মোকাবিলা করে যাচ্ছে। সম্প্রতি ঢাকায় এক সম্মেলনে আতিক রহমান বলেন, কখন কীভাবে কোন শস্য উত্পাদন করতে হবে, সেই নিয়ম এসব উপকূলীয় দুর্গত এলাকায় খাটে না। সরকার বিষয়টিকে হুমকি হিসেবে চিহ্নিত করলেও ভবিষ্যতে কি হবে তা বলা যাচ্ছে না। এখানে তা বোঝার ক্ষেত্রে এটি নতুন চ্যালেঞ্জ। এ ব্যাপারে আমাদের নতুন প্রযুক্তি, তহবিল ও জ্ঞানের প্রয়োজন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত, তাদের বিপুল অর্থ নেই, সবাই গরিব মানুষ। আমাদের এই দুর্দশার দিকে কারও নজর নেই। এমন নয় যে ধনী রাষ্ট্রগুলোকে রাতারাতি কোটি কোটি ডলার দিতে হবে। এটা খুব লজ্জাকর, এর পরও আমরা সহায়তা পাওয়ার চেষ্টা করে যাচ্ছি।’